মো. বাবুল শেখ, পিরোজপুর: পিরোজপুরের ভান্ডারিয়ায় নৈশকালীন পুলিশি টহলের সময় চারটি চোরাই মহিষ ও একটি পিকআপভ্যান উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় চোরচক্রের সদস্য মো. কামরুল হাওলাদার (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (৫ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার কানুয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় ঢাকা মেট্রো-ন-১৫-৮৫৬৪ নম্বরের একটি পিকআপভ্যানসহ চারটি মহিষ জব্দ করা হয়।
গ্রেফতারকৃত কামরুল হাওলাদার উপজেলার উত্তর ভিটাবাড়িয়া এলাকার (৭ নম্বর ওয়ার্ড) মৃত সুলতান হাওলাদারের ছেলে।
পুলিশ জানায়, ভান্ডারিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বাপ্পির নেতৃত্বে একদল পুলিশ নিয়মিত রাত্রীকালীন টহল দিচ্ছিল। এ সময় কানুয়া এলাকায় ত্রিপল দিয়ে ঢাকা একটি সন্দেহজনক পিকআপভ্যান থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে গাড়ির পেছনে চারটি মহিষ পাওয়া যায়। মহিষগুলোর মালিকানা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করলে কামরুল হাওলাদার কোনো বৈধ কাগজপত্র বা সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি।
গ্রেফতারকৃত কামরুল হাওলাদারের বিরুদ্ধে এর আগেও গরু চুরিসহ একাধিক অপরাধমূলক মামলা রয়েছে। উদ্ধার করা মহিষ ও জব্দকৃত পিকআপভ্যান বর্তমানে ভান্ডারিয়া থানা হেফাজতে রয়েছে। এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে কোর্টে সোপর্দ করা হয়েছে । উদ্ধার হওয়া মহিষগুলোর প্রকৃত মালিক শনাক্তের কাজও চলছে।