• রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
Headline
জরুরি যানবাহন ছাড়া পদ্মা সেতুতে বাস চলাচল প্রায় বন্ধ, ২১ জেলার সঙ্গে ঢাকার যোগাযোগ ব্যহত নির্বাচনে সহিংসতা বরদাশত করা হবে না : ইসি সানাউল্লাহ ভোটে কালোটাকা-পেশিশক্তি ঠেকাতে ইসির আশ্বাস, অনিয়মে প্রার্থিতা বাতিল নির্বাচনে বিচারকরা ঘুষ খেলে, পুলিশ ডাকাতি করলে কী করবেন: ইসি মাছউদ ১ ডিসেম্বরে ইউএনওদের সম্মেলন, প্রধান অতিথি প্রধানমন্ত্রী দেশে এ বছর ২২ শতাংশ এইডস রোগী বেড়েছে: স্বাস্থ্যমন্ত্রী পাঁচ বছরে ১ কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের: অর্থমন্ত্রী সেনাবাহিনী মোতায়েনের কোনও পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতির নামে সন্ত্রাস ও সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে : রাষ্ট্রপতি তিতাসে সারের সরকারি মূল্য নিশ্চিত করতে মোবাইল কোর্ট, চার প্রতিষ্ঠানকে ৪৩ হাজার টাকা জরিমানা

ভোটে কালোটাকা-পেশিশক্তি ঠেকাতে ইসির আশ্বাস, অনিয়মে প্রার্থিতা বাতিল

Reporter Name / ৫ Time View
Update : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

প্রভাত রিপোর্ট: ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে কালোটাকা ও পেশিশক্তির প্রভাব ঠেকাতে নির্বাচন কমিশনকে (ইসি) কঠোর ও নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন রাজনৈতিক দলের নেতারা। নির্বাচন কমিশন জানিয়েছে, নির্বাচনে কোনো ধরনের পক্ষপাত করা হবে না। গুরুতর অনিয়মের প্রমাণ পাওয়া গেলে প্রয়োজনে প্রার্থিতা বাতিল করা হবে। রবিবার (২৯ নভেম্বর) রাজধানীর নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে এসব দাবি ও আশ্বাস উঠে আসে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে সংলাপে অন্য চার নির্বাচন কমিশনার, ইসির সিনিয়র সচিব আখতার আহমেদসহ বিভিন্ন দলের নেতারা অংশ নেন।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন বলেন, স্থানীয় সরকারকে শক্তিশালী করার মধ্য দিয়ে তৃণমূলে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব। তবে সরকারি প্রভাবমুক্ত না হলে নির্বাচন সুষ্ঠু করা কঠিন। বর্তমান পরিস্থিতিতে শতভাগ সুষ্ঠু নির্বাচন হচ্ছে, এমনটা বলা যায় না।
তিনি বলেন, ইউপি নির্বাচনে জামানতের টাকা কমানো প্রয়োজন। কালোটাকার মালিকেরাই নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন। আর্থিক সংকটের কারণে অনেক ভালো মানুষ নির্বাচনে অংশ নিতে পারছেন না। এখন মেম্বার প্রার্থীরাও ৪০ থেকে ৫০ লাখ টাকা এবং চেয়ারম্যান প্রার্থীরা এক থেকে দুই কোটি টাকা পর্যন্ত ব্যয় করছেন বলে শোনা যায়। নির্বাচনে টাকার খেলা বন্ধ করতে হবে। ভোটের আগে ভোটারদের কাছে টাকা পৌঁছানো ঠেকাতে হবে। নির্বাচন কমিশন দলনিরপেক্ষভাবে দায়িত্ব পালন করলে সুষ্ঠু নির্বাচন সম্ভব।
জাতীয় পার্টি জেপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মো. রুবেল হাওলাদার বলেন, ভোটের দিন পোলিং এজেন্টদের শেষ পর্যন্ত কেন্দ্রে থাকার সুযোগ দিতে হবে। প্রচারণাকে কেন্দ্র করে অনেক সময় সহিংসতা ঘটে। এসব ঘটনার দ্রুত নিষ্পত্তি প্রয়োজন। তার দল সব সময় শান্তিপূর্ণ গণতান্ত্রিক চর্চায় বিশ্বাসী এবং ইউপি নির্বাচনে গঠনমূলক সহযোগিতা করবে।
গণতন্ত্রী পার্টির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক শহিদুল্লাহ শিকদার বলেন, স্থানীয় সরকার নির্বাচনকে কালোটাকার প্রভাবমুক্ত ও নিরপেক্ষ করতে হবে। দরিদ্র মানুষও যাতে নির্বাচিত হওয়ার সুযোগ পান, সেই পরিবেশ তৈরি করতে হবে। নির্বাচনকালীন প্রশাসন নির্বাচন কমিশনের অধীনে থাকে। তাই প্রশাসনকে দলনিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে এবং সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে।
বিকল্পধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব ফয়জুর রহমান মৃধা বলেন, নির্বাচনকালীন সময়ে কমিশনের দায়িত্ব অনেক বেশি। ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র চিহ্নিত করে সেখানে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করতে হবে। গুজব ও এআইয়ের অপব্যবহার ঠেকাতে মনিটরিং সেল গঠন, ভোটকেন্দ্র থেকে দ্রুত ফলাফল প্রকাশ এবং নিরপেক্ষ নির্বাচনী কর্মকর্তা নিয়োগের দাবি জানান তিনি। পাশাপাশি নির্বাচনের আগে পেশাজীবীদের সঙ্গে শান্তিপূর্ণ সংলাপের আয়োজন এবং কালোটাকা ও পেশিশক্তির প্রভাব বন্ধের আহ্বান জানান।
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, নির্বাচনে প্রার্থীদের জামানতের পরিমাণ অনেক বেশি। এমনকি জামানত এক হাজার টাকা হলেও তেমন কোনো ক্ষতি হতো না। বিষয়টি নির্বাচন কমিশনের বিবেচনা করা উচিত।
শিক্ষাগত যোগ্যতার বিষয়ে তিনি বলেন, শুধু বিএ বা এমএ পাস করলেই প্রকৃত জ্ঞান ও নৈতিকতা অর্জিত হয় না। গ্রামের স্বল্পশিক্ষিত কিংবা অশিক্ষিত মানুষের মধ্যেও অনেক সময় তথাকথিত শিক্ষিত ব্যক্তিদের চেয়ে বেশি জ্ঞান, নীতি, আদর্শ ও মানবিক গুণাবলি থাকতে পারে। নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশনের মেরুদণ্ড আরও শক্ত হওয়া প্রয়োজন।
রাজনৈতিক দলগুলোর জামানত কমানোর দাবির পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, জামানতের পরিমাণ বাড়ানোর সিদ্ধান্ত কোনো রাজনৈতিক দল বা সরকারের পক্ষ থেকে আসেনি। কমিশন নিজেই যুক্তি ও উদ্দেশ্য বিবেচনা করে এ সিদ্ধান্ত নিয়েছে।
তিনি বলেন, আগে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হতে কমপক্ষে ৫০০ ভোটারের সমর্থনসূচক স্বাক্ষর প্রয়োজন হতো। এর উদ্দেশ্য ছিল প্রার্থীর সংখ্যা সীমিত রাখা। নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর ব্যয়সীমা ১০ লাখ টাকা এবং সদস্য প্রার্থীর ব্যয়সীমা দুই লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে বাস্তবতার সঙ্গে অনেক সময় এসব ব্যয়ের হিসাবের মিল থাকে না। সে বিবেচনায় চেয়ারম্যান পদে জামানত ২৫ হাজার টাকা এবং সদস্য পদে পাঁচ হাজার টাকা করা হয়েছে। উপযুক্ত ও নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রস্তুত ব্যক্তিরাই যাতে প্রার্থী হন, সে লক্ষ্যেই জামানতের পরিমাণ নির্ধারণ করা হয়েছে বলে জানান তিনি।
ইসির ক্ষমতা প্রসঙ্গে এই নির্বাচন কমিশনার বলেন, আইন করে নির্বাচন কমিশনকে আরও ক্ষমতাবান করার চেষ্টা করা হয়েছে। কোনো কর্মকর্তা দায়িত্ব পালনে পক্ষপাতদুষ্ট আচরণ করলে কমিশন তাকে দুই মাসের জন্য সাময়িক বরখাস্ত করতে পারবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে আগাম পরামর্শের প্রয়োজন হবে না। সংশ্লিষ্ট বিভাগকে নির্দিষ্ট সময়ের মধ্যে কমিশনকে জানাতে হবে, অভিযোগের বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হয়েছে। ব্যবস্থা না নিলে কমিশনের আরও পদক্ষেপ নেওয়ার সুযোগ থাকবে। তিনি বলেন, পুলিশের দায়িত্ব পুলিশ পালন করবে, রিটার্নিং কর্মকর্তা তার দায়িত্ব পালন করবেন। কেউ দায়িত্ব পালনে ব্যর্থ হলে তা জাতির জন্য দুর্ভাগ্যজনক হবে। তবে নির্বাচন কমিশন থেকে কোনো পক্ষের প্রতি পক্ষপাতমূলক বার্তা যাবে না।
গুরুতর অনিয়মের বিষয়ে তিনি বলেন, নির্বাচনে গুরুতর অনিয়মের প্রমাণ পাওয়া গেলে কমিশন বিশেষ ক্ষমতা প্রয়োগ করতে পারবে। প্রয়োজনে ফলাফল স্থগিত কিংবা নির্বাচন বাতিল করার ক্ষমতাও রয়েছে। ইউনিয়ন পরিষদ নির্বাচনের আইনে নতুন করে প্রার্থিতা বাতিলের বিধান যুক্ত হয়েছে। কোনো চেয়ারম্যান প্রার্থী গুরুতর অনিয়মে জড়িত থাকলে কমিশন তার প্রার্থিতা বাতিল করতে পারবে। তবে প্রতিটি অভিযোগের ভিত্তিতে প্রার্থিতা বাতিল করা সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন কমিশনের দায়িত্ব নির্বাচন পরিচালনা করা, নির্বাচন বন্ধ করে দেওয়া নয়। তাই বিশেষ পরিস্থিতিতে এবং গ্রহণযোগ্য কারণ থাকলেই এসব ক্ষমতা সতর্কতার সঙ্গে প্রয়োগ করা হবে। তিনি আরও বলেন, নির্বাচন কমিশন কোনো প্রার্থীর ধর্মীয় পরিচয় বিবেচনা করবে না। প্রার্থী হিন্দু, মুসলমান, খ্রিষ্টান নাকি বৌদ্ধ, সেটি কমিশনের কাছে বিবেচ্য নয়। নির্বাচন আইন অনুযায়ী হয়েছে কি না, সেটিই দেখা হবে। সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতাও কামনা করেন তিনি।
নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে অপরাধে সহযোগীরাও সমান অপরাধী হিসেবে বিবেচিত হবেন। কোনো প্রার্থী সমর্থকদের নিয়ে নির্বাচনী সুবিধা নিতে গিয়ে আচরণবিধি লঙ্ঘন করলে কমিশন বিলম্ব না করে ব্যবস্থা নেবে। প্রার্থী যত বড় নেতা বা জনপ্রিয়ই হোন, এ ক্ষেত্রে তাকে ছাড় দেওয়া হবে না।
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ রাজনৈতিক নেতাদের উদ্দেশে বলেন, তাদের বক্তব্যের গুরুত্ব অনেক বেশি। কারণ অনুসারীরা তাদের কথা অনুসরণ করেন। কেন্দ্রীয়ভাবে নেতারা যদি ঘোষণা দেন যে সহিংস নির্বাচনের পথে আর হাঁটবেন না এবং ভোটের মাধ্যমেই জয়ী হতে হবে, তাহলে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বলেন, নির্বাচনে জয়ী হতে হবে ভোটের মাধ্যমে। অন্য কোনো বিকল্প থাকবে না। নির্বাচন কমিশনের পক্ষ থেকে অন্য কোনো পদ্ধতিতে নির্বাচনের চেষ্টা হলে তা প্রতিহত করা হবে।
সংলাপের সমাপনী বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেন, নির্বাচনের সময় বিভিন্ন ধরনের অভিযোগ আসে। এসব অভিযোগ নিষ্পত্তির জন্য মাঠপর্যায়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ভ্রাম্যমাণ আদালত ও নির্বাচনী অনুসন্ধান কমিটি রয়েছে। অনেকে অভিযোগ পাওয়ার পরই কমিশনের ব্যবস্থা নেওয়া বা শাস্তি দেওয়ার নির্দেশনা প্রত্যাশা করেন। তবে এ ক্ষেত্রে কমিশনের কিছু সীমাবদ্ধতা রয়েছে।
তিনি বলেন, নির্বাচনী অনুসন্ধান কমিটি বিচার বিভাগের অধীন। একজন বিচারককে কমিশন বলতে পারে না যে কাউকে পাঁচ বা ১০ বছরের সাজা দিতে হবে, জামিন দেওয়া যাবে না কিংবা নির্দিষ্ট কোনো ব্যবস্থা নিতে হবে। তারা বিচার বিভাগের অংশ, নির্বাহী বিভাগের নয়। ফলে তাদের বিচারিক কার্যক্রমে কমিশনের সরাসরি নির্দেশনা দেওয়ার সুযোগ নেই।
জরিমানার পরিমাণ কম হওয়া প্রসঙ্গে সিইসি বলেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নির্দিষ্ট আইনি ক্ষমতা রয়েছে। ইচ্ছা করলেই তাদের দিয়ে ৫০ হাজার বা এক লাখ টাকা জরিমানা করানো সম্ভব নয়। তাদের জরিমানা করার ক্ষমতা প্রচলিত অন্যান্য আইন দ্বারা নির্ধারিত। তাই সংশ্লিষ্ট আইনের সঙ্গে সামঞ্জস্য রেখেই বিধান তৈরি করতে হয়।
রাজনৈতিক দলগুলোর মতামতকে মূল্যবান উল্লেখ করে সিইসি বলেন, সংলাপে অনেক গুরুত্বপূর্ণ বিষয় জানা গেছে। ভবিষ্যতেও রাজনৈতিক দলগুলোর সহযোগিতা অব্যাহত থাকবে বলে কমিশন আশা করে। প্রয়োজন হলে তাদের আবারও আলোচনায় আমন্ত্রণ জানানো হবে।
বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫৯টি। এর বাইরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত রয়েছে। দলটিকে সংলাপে আমন্ত্রণ জানানো হয়নি। এ ছাড়া আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক ওয়ার্কার্স পার্টি, জাসদ, তরিকত ফেডারেশন ও সাম্যবাদী দলকেও আমন্ত্রণ জানানো হয়নি।
আজ ৩০ নভেম্বর বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলন বাংলাদেশসহ ১৮টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের সূচি রয়েছে। প্রথম দিনের সংলাপে অংশ না নিয়ে দ্বিতীয় দিন অর্থাৎ ৩০ নভেম্বর অংশ নেয়ার কথা জানিয়েছে বিএনপি।
১ ডিসেম্বর এনসিপি, গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন ও নাগরিক ঐক্যসহ ১৮টি দলকে সংলাপে আমন্ত্রণ জানানো হয়েছে। ওই দিন জামায়াতে ইসলামীরও অংশ নেওয়ার কথা রয়েছে।
ইসির ঘোষণা অনুযায়ী, ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট হবে ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে। প্রথম ধাপে ১ হাজার ৪২টি, দ্বিতীয় ধাপে ১ হাজার ৬৯টি, তৃতীয় ধাপে ১ হাজার ২৪টি, চতুর্থ ধাপে ৮১৩টি এবং পঞ্চম ধাপে ৩৮৪টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণের পরিকল্পনা রয়েছে।
প্রথম দিনের সংলাপে জাতীয় পার্টি জেপি, কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, গণতন্ত্রী পার্টি, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বিকল্পধারা বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত আন্দোলন, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি, জাকের পার্টি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ, বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি, বাংলাদেশ মুসলিম লীগ, ন্যাশনাল পিপলস পার্টি এনপিপি, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও গণফোরামের প্রতিনিধিরা অংশ নেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category