• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন

মহিলা সমিতির সামনে বৃষ্টিকে উপেক্ষা করে প্রতিবাদ সভা ও সংবাদ সম্মেলন প্রাঙ্গণেমোর থিয়েটারের

Reporter Name / ২১ Time View
Update : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

প্রভাত বিনোদন : বৃষ্টির মধ্যেও থেমে থাকেনি প্রাঙ্গণেমোর থিয়েটারের প্রতিবাদ কর্মসূচি। রাজধানীর মহিলা সমিতির সামনে বৃষ্টিকে উপেক্ষা করে প্রতিবাদ সভা ও সংবাদ সম্মেলন করেছে প্রাঙ্গণেমোর থিয়েটার। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বৃষ্টির মধ্যেই নিজেদের প্রতিবাদ ও দাবি তুলে ধরেন। ‘প্রাঙ্গণেমোর’ থিয়েটারের ‘দেওয়ান গাজীর কিসসা’ নতুন নাটকের উদ্বোধনী প্রদর্শনীর হল বরাদ্দ বাতিল করায় এই প্রতিবাদ ও কর্মসূচির আয়োজন করেন তারা।
প্রতিকূল আবহাওয়ার মধ্যেও কর্মসূচিতে উপস্থিত থেকে প্রতিবাদের প্রতি নিজেদের অবস্থান জানান দেন আয়োজক ও অংশগ্রহণকারীরা। সেখানেই তারা মঞ্চস্থ করেন নাটকটি।
‘প্রাঙ্গণেমোর’ থিয়েটারের প্রধান অনন্ত হিরা বলেন, ‘আমরা যথাযথ নিয়ম মেনে মহিলা সমিতিতে ‘দেওয়ান গাজীর কিসসা’ নাটকটির প্রদর্শনীর জন্য হল বরাদ্দ নিয়েছিলাম। কিন্তু প্রদর্শনীর একদিন আগেই সেটি তারা বাতিল করেন। যেটি একটি দলের জন্য কখনও উচিৎ নয়।’ তিনি আরও বলেন, ‘এভাবে আকস্মিকভাবে মিলনায়তনের বরাদ্দ বাতিল এবং প্রদর্শনী বন্ধ হলে যে কোনও দল আর্থিকভাবে ক্ষতির মুখে পড়ে।’
কেন মহিলা সমিতি হল বরাদ্দ বাতিল করেছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের সঠিক কোনও কারণ জানায়নি। এ নাটকটি আসাদুজ্জামান নূর ভাইয়ের লেখা। হয়তো এ সময়ে তিনি যেহেতু কারাগারে আছেন, তাই তার প্রতিপক্ষের কারও দ্বারা মহিলা সমিতি হয়তো প্রভাবিত হয়েছে। আমরা এমনটি কখনও আশা করিনি। সেই প্রতিবাদেই প্রতিকূল আবহাওয়ার মধ্যেও আমাদের কর্মসূচি বাদ দিইনি।’
জানা যায়, মহিলা সমিতি কর্তৃপক্ষ গত সোমবার (১৬ নভেম্বর) মিলনায়তন বরাদ্দ বাতিল করে যে চিঠি দিয়েছে, তাতে কারণ হিসেবে বলেছে, অনুমতি ছাড়া নাটকটির মঞ্চায়নে নাগরিক নাট্য সম্প্রদায়ের আপত্তি রয়েছে।
তবে অনন্ত হিরা এই দাবি নাকচ করে দিয়েছেন। তিনি বলেন, ‘আমরা এই নাটকটির জন্য নূর ভাইয়ের অনুমতি নিয়েছিলাম। এখন যেহেতু তিনি জেলে আছেন তাই তার স্ত্রীর কাছ থেকেও লিখিত অনুমতি নিয়েছি। দেশ-বিদেশে অনেক দল এই নাটকটি অনুমতি ছাড়াই করছে। সেখানে আমার নূর ভাইয়ের অনুমতির পাশাপাশি তার পরিবারের কাছ থেকে লিখিত নিয়েছে। এরপরে তো কারও আপত্তি থাকার কথা নয়।’


আপনার মতামত লিখুন :
More News Of This Category