• শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
Headline
বাংলাদেশে এআইনির্ভর মেধা বিকাশে সহযোগিতা করছে জাইকা গুগল ফটোজে থাকা ভিডিও সম্পাদনা করে দেবে এআই কেন তুরস্ক থেকে ফেরার পথে কাতারের উপহারের বিমান ছাড়তে বাধ্য হলেন ট্রাম্প চকলেটের প্রলোভনে ৮ বছরের শিশুকে ধর্ষণ, যুবক কারাগারে চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ রাজনীতি জনগণের ভাগ্য পরিবর্তনের প্রক্রিয়া: তথ্যমন্ত্রী হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৭৫০ আগামী আগস্টে দুই দফায় দীর্ঘ অবকাশের সুযোগ পেতে যাচ্ছেন সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা ৩৪ ম্যাচ পর অবশেষে হারের তেঁতো স্বাদ পেল মরক্কো জন্মভূমি ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে হালান্ড

রাজনীতি জনগণের ভাগ্য পরিবর্তনের প্রক্রিয়া: তথ্যমন্ত্রী

Reporter Name / ১০ Time View
Update : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

প্রভাত রিপোর্ট: রাজনীতি কেবল ক্ষমতা উপভোগের মাধ্যম নয় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, রাজনীতি জনগণের ভাগ্য পরিবর্তনের একটি কার্যকর প্রক্রিয়া। গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে সরকারের পাশাপাশি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আজ শুক্রবার দুপুরে বরিশাল বিশ্ববিদ্যালয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে তথ্যমন্ত্রী প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
জিয়াউর রহমান ফাউন্ডেশনের অর্থায়নে এ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের প্রশংসা করে তথ্যমন্ত্রী জানান, রাজনৈতিক অস্থিরতা ও সংকটকালেও জিয়াউর রহমান ফাউন্ডেশন ধারাবাহিকভাবে মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ফাউন্ডেশনের চেয়ারম্যান তারেক রহমান ও কো-চেয়ারম্যান জোবাইদা রহমান গণতন্ত্র প্রতিষ্ঠা, রাষ্ট্র সংস্কার ও ভবিষ্যৎ বাংলাদেশ গঠনের লক্ষ্যে বিভিন্ন সামাজিক উদ্যোগ গ্রহণ অব্যাহত রেখেছেন।
অনুষ্ঠানের শুরুতে সকাল সাড়ে ১০টার দিকে বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৌঁছান তথ্যমন্ত্রী। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. মামুন আর রশিদ এবং ছাত্রদলের নেতারা। পরে দুপুর ১২টা ১০ মিনিটে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি গাছের চারা রোপণের মাধ্যমে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন মন্ত্রী।
বক্তব্যে জহির উদ্দিন স্বপন জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রচলিত ক্ষমতাকেন্দ্রিক রাজনীতির বাইরে উৎপাদনমুখী ও জনকল্যাণভিত্তিক রাজনীতির ধারণা প্রতিষ্ঠা করেছিলেন। কৃষি, খাল খনন, পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন এবং মানুষের দৈনন্দিন জীবন-জীবিকার সঙ্গে সম্পর্কিত বিষয়গুলোকে তিনি রাজনৈতিক কর্মসূচির গুরুত্বপূর্ণ অংশে পরিণত করেছিলেন। সেই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমানও সামাজিক কর্মসূচি, গণতান্ত্রিক আন্দোলন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সম্পৃক্ততার মাধ্যমে একটি আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছেন।
সরকারের পাশাপাশি এ ধরনের কার্যক্রমে সামাজিক সংগঠনের তৎপরতা অব্যাহত রাখার তাগিদ দেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, প্রমাণ করতে হবে যে রাজনীতি কেবল ক্ষমতা ভোগ করার প্রক্রিয়া নয়, রাজনীতি জনগণের ভাগ্য পরিবর্তনের প্রক্রিয়া। সেটা যে রাজনৈতিক দল ক্ষমতায় যায় বা যেতে চায়, তা তাদের কর্মকাণ্ডে প্রমাণ করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান সেটা প্রমাণ করেছেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ৪৫তম শাহাদাতবার্ষিকী উদ্‌যাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. লুৎফর রহমান। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. মামুন আর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক ও বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান (শিরীন) এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ফরহাদ হালিম (ডোনার)।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে জিয়াউর রহমানের জনকল্যাণমূলক রাজনৈতিক দর্শনের বিভিন্ন দিক স্মরণ করেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category