• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন

রাজস্থানে পঞ্চায়েত ভোটে বিজেপি ধরাশায়ী, কংগ্রেসের জয়জয়কার

Reporter Name / ২০ Time View
Update : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

প্রভাত ডেস্ক: ভারতের রাজস্থান রাজ্যে পঞ্চায়েত ভোটে বিজেপিকে ধরাশায়ী করে জয়ী হলো কংগ্রেস। মাত্র দেড় মাসের মধ্যে রাজ্য রাজনীতির এই রূপ বদল শাসক বিজেপিকে যেমন হতাশ করেছে, তেমনই উৎফুল্ল করে তুলেছে কংগ্রেসকে। গত সেপ্টেম্বরে রাজস্থানের শহরাঞ্চলের পৌরসভা ভোটে শাসক দল বিজেপি তাদের জয়ের ধারা অব্যাহত রেখেছিল। দেড় মাসের মধ্যে গ্রামাঞ্চল দখল করে কংগ্রেস চিন্তায় রাখল মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা ও তাঁর দলকে।
রাজ্যের ৪১টি জেলা পরিষদের মধ্যে ৩৭টির ফল পাওয়া গেছে। কংগ্রেস ২৫টি জেলা পরিষদ জিতেছে। সেখানে তারাই বোর্ড গঠন করবে। বিজেপি পেয়েছে মাত্র ৯টি। একটি জেলা পরিষদ যাবে স্বতন্ত্রের দখলে। বাকি দুটিতে কোনো দলই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ভোট হয়েছে ৪১৯টি পঞ্চায়েত সমিতির। তাতে ২৬৯টি জিতে কংগ্রেস বোর্ড গঠন করবে। বিজেপি জিতেছে মাত্র ৭৩টিতে। ৬৩টিতে গঠিত হবে মিলিজুলি বোর্ড, কেউই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায়। সার্বিক হিসেবে দেখা যাচ্ছে, ৩৭টি জেলা পরিষদের মোট আসনের মধ্যে কংগ্রেস জিতেছে ৭৯৪টিতে, বিজেপি জিতেছে ৩৫৭টি। অন্যদিকে পঞ্চায়েত সমিতিগুলোর মধ্যে কংগ্রেস জিতেছে ৩ হাজার ৭৫৮ আসন, বিজেপি ২ হাজার ২১৩টি।
শুক্রবার রাতে ফল প্রকাশের পরেই রাজস্থান রাজ্যের কংগ্রেস সভাপতি গোবিন্দ সিং দোতাসরা মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা সরকারের ইস্তফা দাবি করেন। জয়পুরে সংবাদ সম্মেলন করে তিনি বলেন, মুখ্যমন্ত্রী ও তাঁর মন্ত্রিসভা জনগণের আস্থা হারিয়েছেন।
গোবিন্দ সিং বলেন, এই ফলের বার্তা একটাই, তিন বছর বয়স হওয়ার আগেই সরকারের ওপর থেকে রাজ্যের মানুষের সব আশা–ভরসা চলে গেছে। জনগণ বুঝেছে, বিজেপিকে ভরসা করা ভুল হয়েছিল। শাসক দলের প্রতি মানুষের ক্ষোভ যে কী প্রবল, এই ফল তারই প্রমাণ।
কংগ্রেস রাজ্য সভাপতি আরও বলেন, শহরাঞ্চলে পৌরসভা ভোটে বিজেপি পুলিশ ও প্রশাসনের ওপর ভর দিয়ে জিতেছিল। কিন্তু গ্রামের মানুষ দেখিয়ে দিলেন, তাঁরা তাদের প্রত্যাখ্যান করেছে।
রাজনৈতিক বিশ্লেষণে দেখা যাচ্ছে, তফসিল জাতি, জাট ও গুর্জর সম্প্রদায়ের মধ্যে কংগ্রেস সমর্থন শুধু ধরেই রাখেনি, বাড়িয়েছে। পাশাপাশি বিজেপির রাজপুত ভোটে থাবা বসাতে পেরেছে। সবচেয়ে উল্লেখযোগ্য এটাই, মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মার নির্বাচনী এলাকা সাঙ্গানেরের পঞ্চায়েত সমিতি কংগ্রেস ছিনিয়ে নিয়েছে।
বিজেপি এই ভোটে জেতার জন্য চেষ্টার ত্রুটি রাখেনি। তিন কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত, অর্জুনলাল মেঘাওয়াল ও ভূপেন্দ্র যাদব তাঁদের নিজেদের জেলা যথাক্রমে জোধপুর, বিকানির ও আলওয়ারে ব্যাপক প্রচার করেছিলেন। তিনটি জেলাই কংগ্রেস দখল করেছে। হেরে গেছেন বিজেপির রাজ্যস্তরের অধিকাংশ হেভিওয়েট প্রার্থীরা। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে গতকাল রাতে ‘এক্স’ হ্যান্ডেলে এক বিবৃতিতে বলেন, বিজেপির ডাবল ইঞ্জিন সরকারের ব্যর্থতায় রাজস্থানের মানুষ তিক্তবিরক্ত। এই ভোটের ফল তারই প্রমাণ।
কংগ্রেস নেতা রাহুল গান্ধী রাজস্থানের গ্রামীণ জনতাকে ধন্যবাদ জানিয়ে বলেন, কংগ্রেস ১০০ দিনের কাজের প্রকল্প এনেছিল সাধারণ গরিব মানুষদের সুরাহার জন্য। বিজেপি সেটা তুলে দিয়ে তাদের মতো করে যে প্রকল্প এনেছে এবং তাতে যেসব শর্ত জুড়ে দিয়েছে, এই ভোট বুঝিয়ে দিল মানুষ তা প্রত্যাখ্যান করছে।
রাহুল বলেছেন, কৃষি খাতের অসহায় মানুষের দিকে বিজেপির নজর নেই। মূল্যবৃদ্ধি লাগামছাড়া। বেকারত্ব চূড়ান্ত। গ্রাম ছেড়ে মানুষ শহরাঞ্চলে চলে যাচ্ছে রোজগারের আশায়। কিন্তু সেখানেও পড়তে হচ্ছে বিপত্তিতে। এই ভোট শাসক বিজেপির প্রতি মানুষের অনাস্থার প্রকাশ।
ককরোচ জনতা পার্টির (সিজেপি) অন্যতম প্রধান নেতা আশুতোষ রাঙ্কা রাজস্থানের তরুণ। প্রশ্নপত্র ফাঁসের পর শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা আদায়ের পর শিক্ষা খাতের হাল ফেরানোর জন্য সিজেপি দেশজোড়া যে আন্দোলন শুরু করেছিল, যার স্লোগান ছিল ‘স্কুল ঠিক করো’, রাজস্থানে তার নেতৃত্ব দিয়েছিলেন আশুতোষ রাঙ্কা। সে সময় বিজেপি তাঁদের প্রবলভাবে বাধা দিয়েছিল। মারধরও করেছিল।
পঞ্চায়েত ভোটের ফল প্রকাশের পর আশুতোষ বলেন, সরকারের সাফল্য প্রচারের ঢক্কা নিনাদে রাজস্থানের মানুষ কতটা বিরক্ত, তা বোঝা গেল। মানুষের সমস্যা মিটছে না। উল্টে হিংসা বেড়ে যাচ্ছে। শিক্ষিতদের পাশাপাশি অল্প শিক্ষিত বেকারের সংখ্যা বেড়ে যাচ্ছে। তরুণ সমাজ ক্রমশ কোণঠাসা হয়ে পড়ছে। এই ভোটের ফলে তারই প্রতিফলন দেখা গেছে। এই ফলের পর রাজ্য বিজেপি নেতৃত্ব অবশ্য কংগ্রেসের সমালোচনা করতে ছাড়েনি। নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটচুরি, এসআইআর নিয়ে কংগ্রেসের অভিযোগ সামনে এনে বিজেপির রাজ্য সভাপতি মদন রাঠোর কংগ্রেসসহ বিরোধীদের সমালোচনা করেছেন।
রাহুল গান্ধীকে উদ্দেশ করে মদন জানতে চেয়েছেন, এবার তিনি কী বলবেন? এখনো কি ভোটচুরির অভিযোগ করবেন? ইভিএমকে দায় দেবেন? এসআইআরের সমালোচনা করবেন? তিনি বলেন, কংগ্রেসের মুশকিল এটাই। জিতলে সব ঠিক আছে, হারলে বলে নির্বাচন কমিশন ভোটচুরি করছে, ইভিএমে কারচুপি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category