• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
Headline
মির্জা আজমকে আত্মসমর্পণ করতে সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ ট্রাইব্যুনালের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েসহ চার স্থানে দুদকের অভিযান দল হিসেবে আওয়ামী লীগের তদন্ত এগোচ্ছে : প্রসিকিউটর তামিম মৎস্য খাতের রপ্তানি আয় বাড়ছে না কেন, পর্যালোচনার তাগিদ মৎস্য প্রতিমন্ত্রীর জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির থাইল্যান্ডে মেডিক্যাল ভিসায় মাল্টিপল-এন্ট্রি সুবিধা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ‘দল করবেন বিএনপি, কথা বলবেন আওয়ামী লীগের মতো, এদের চিনে রাখুন’ মানবিকতা নির্ভর ও জনকল্যাণমুখী দেশ গড়তে চায় সরকার : ডা. জুবাইদা সরকারি ভবনের ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদনে বেসরকারি বিনিয়োগের সুযোগ দিচ্ছে সরকার এত কিছুর পরও সরকার শান্তভাবে পরিস্থিতি সামাল দিচ্ছে: রিজভী

শীতের সবজি বাজারে আসতে শুরু করলেও কমেনি দাম

Reporter Name / ২০ Time View
Update : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

প্রভাত অর্থনীতি: শীতের সবজি বাজারে আসতে শুরু করলেও এখনো কমেনি দাম। রাজধানীর কাঁচাবাজারে ফুলকপি, বাঁধাকপি, শিম, গাজর, টমেটোসহ বিভিন্ন শীতকালীন সবজি পাওয়া যাচ্ছে। তবে নতুন মৌসুমের এসব সবজির দাম এখনো চড়া। বিশেষ করে নতুন আলুর কেজি বিক্রি হচ্ছে ১২০ টাকা, গাজর ও পুরোনো দেশি টমেটো ১৪০ টাকা এবং নতুন দেশি টমেটো ১৩০ টাকায়। ফলে বাজারে সবজির সরবরাহ বাড়তে শুরু করলেও স্বস্তি পাচ্ছেন না ক্রেতারা। শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর উত্তরার সমবায় বাজার ঘুরে এ চিত্র দেখা যায়।
সরজমিনে দেখা যায়, প্রতি কেজি ফুলকপি ও বাঁধাকপি বিক্রি হচ্ছে ৪০ টাকায়। শিমের দাম ৬০-৮০ টাকা, মুলা ৫০-৬০ টাকা, গাজর ১৪০ টাকা এবং নতুন দেশি টমেটো ১৩০ টাকা। পুরোনো দেশি টমেটো বিক্রি হচ্ছে ১৪০ টাকা কেজি দরে। নতুন আলুর কেজি ১২০ টাকা হলেও পুরোনো আলু পাওয়া যাচ্ছে ২০ থেকে ২৫ টাকায়। এ ছাড়া শালগম ৮০ টাকা এবং ব্রকলি ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
অন্যান্য সবজির মধ্যে লম্বা বেগুন ৫০ টাকা এবং গোল বেগুন ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। করলা ৭০ থেকে ৮০ টাকা, বরবটি ৯০ টাকা এবং ঢ্যাঁড়স, চিচিঙ্গা ও পটোল ৬০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে। কাঁচা মরিচের দাম ৮০ থেকে ১০০ টাকা। এদিকে পেঁপে ২০ টাকা, লাউ ৫০ থেকে ৬০ টাকা এবং মিষ্টিকুমড়া ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
শসার ক্ষেত্রেও রয়েছে দামের পার্থক্য। দেশি শসা ৮০ টাকা এবং হাইব্রিড শসা ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মধ্যে পেঁয়াজের দাম ৫০ টাকা কেজি। দেশি রসুন ৯০ টাকা এবং বড় আকারের রসুন ১৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আদা ১৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আকারভেদে প্রতি হালি কাঁচা কলা বিক্রি হচ্ছে ৪০ থেকে ৬০ টাকায়। তবে সবজির তুলনায় শাকের দাম কিছুটা কম। বাজারে লালশাক, পালংশাক, পুঁইশাক, ডাঁটাশাক, কলমিশাক, মুলাশাক, সরিষাশাক ও লাউশাক বিক্রি হচ্ছে আঁটিপ্রতি ১৫ থেকে ৫০ টাকায়। শাকের ধরন ও আকার অনুযায়ী দামের এমন পার্থক্য দেখা গেছে।
বিক্রেতারা বলছেন, শীতকালীন সবজির সরবরাহ এখনো পর্যাপ্ত নয়। নতুন মৌসুমের সবজি বাজারে আসতে শুরু করলেও চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় দাম বেশি। পাশাপাশি পরিবহন খরচ বেড়ে যাওয়াও সবজির দামে প্রভাব ফেলছে। তবে ডিসেম্বরের দিকে বাজারে সরবরাহ বাড়লে দাম কমতে পারে বলে আশা করছেন তারা।
বাজারের বিক্রেতা ইসরাফিল আলম বলেন, শীতের প্রায় সব ধরনের সবজি বাজারে আসতে শুরু করেছে। তবে টমেটো, গাজর ও শিমের মতো আগাম সবজির দাম তুলনামূলক বেশি। মৌসুমের শুরুতে এসব সবজির দাম সাধারণত বেশি থাকে। সরবরাহ বাড়লে ধীরে ধীরে দাম কমতে পারে।
আরেক বিক্রেতা ফিরোজ মিয়া বলেন, এখন শীতকালীন সবজির মৌসুম শুরু হচ্ছে। তাই দাম কিছুটা বেশি। ডিসেম্বরের দিকে বাজারে সবজির সরবরাহ বাড়লে তখন তুলনামূলক কম দামে বিক্রি করা সম্ভব হবে।
এদিকে সবজির দাম নিয়ে ক্রেতাদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ নতুন সবজির আগমনে খুশি হলেও দাম বেশি হওয়ায় প্রয়োজন অনুযায়ী কিনতে পারছেন না। বিশেষ করে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের ক্রেতাদের বাজার করতে হিমশিম খেতে হচ্ছে।
সাপ্তাহিক বাজার করতে আসা ক্রেতা মাহমুদা খানম বলেন, বাজারে নতুন নতুন সবজি উঠেছে। দেখতে ভালো লাগছে, কিনতেও ইচ্ছা করছে। কিন্তু দাম শুনলে আর কেনার আগ্রহ থাকে না। অনেক সবজির দামই এখন বেশি মনে হচ্ছে।
আরেক ক্রেতা আবদুস সোবহান বলেন, বাজারে তেমন কোনো পণ্যের দামই কম নেই। বাড়তি দামের কারণে প্রয়োজন অনুযায়ী কেনাকাটা করা যাচ্ছে না। যতটুকু সম্ভব অল্প অল্প করে কিনতে হচ্ছে। বিক্রেতারা বলছেন, ডিসেম্বরে দাম কমবে, তখন আবার জানুয়ারির কথা বলবেন। কিন্তু সাধারণ মানুষের তো প্রতিদিনই বাজার করতে হয়। আয় যেমনই হোক, খাবার কিনে খেতে হবে।
অন্যদিকে, সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহের ব্যবধানে বাজারে মোটা চাল ও চিনির দাম বেড়েছে। বিপরীতে পেঁয়াজ, আমদানি করা রসুন, দেশি ও আমদানি করা আদা, কাঁচা মরিচ এবং শসার দাম কমেছে। এ ছাড়া অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অপরিবর্তিত রয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category