প্রভাত বিনোদন : নাটকের শুটিং শেষ করে ঢাকায় ফেরার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা। রবিবার (৩০ আগস্ট) মধ্যরাতে নিজের ফেসবুক আইডি থেকে লাইভে এসে দুর্ঘটনাকবলিত হওয়ার কথা জানান তিনি।
তাসনুভা তিশা জানান, শ্রীমঙ্গলে একটি প্রজেক্টের চিত্রধারণ শেষ করে প্রাইভেট কারযোগে ঢাকার উদ্দেশে রওনা হয়েছিলেন অভিনেত্রীসহ তার টিমের সদস্যরা।
পথিমধ্যে ভৈরব ব্রিজ ও টোল প্লাজা পার হওয়ার পর একটি মোড়ে দ্রুতগামী একটি পিকআপ ভ্যান তাদের গাড়িটিকে সজোরে ধাক্কা দেয়। এতে তাদের বহনকারী গাড়িটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ঘটনার পরপরই পিকআপটি চালকসহ পালিয়ে যায়। তবে মারাত্মক এই দুর্ঘটনায় বড় ধরনের কোনো ক্ষতি ছাড়াই রক্ষা পেয়েছেন তারা।
দুর্ঘটনার পর তাদের গাড়ির চালক একটি মোটরসাইকেল নিয়ে ধাওয়া করে কিছুটা দূরে গিয়ে পিকআপটিকে আটক করতে সক্ষম হন। তবে চালক পিকআপটি রাস্তায় ফেলে রেখে চাবি নিয়ে সটকে পড়ে। খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি তদারকি শুরু করে।
ফেসবুক লাইভে দুর্ঘটনার অভিজ্ঞতা জানিয়ে তিশা বলেন, ধাক্কাটি বেশ মারাত্মক ছিল। তবে আল্লাহর রহমতে গাড়িতে থাকা তিনি, তার ফটোগ্রাফার ও সহকারীসহ সবাই বড় ধরনের বিপদের হাত থেকে অলৌকিকভাবে রক্ষা পেয়েছেন।