প্রভাত সংবাদদাতা, ত্রিশাল: ময়মনসিংহের ত্রিশালের আলোচিত সেই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত সিদ্দিকীকে বদলি করেছে সরকার। তাকে সিনিয়র সহকারী সচিব (সংযুক্ত), জনপ্রশাসন মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকালে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনটি সিনিয়র সহকারী সচিব ড. গোলাম মোর্শেদ স্বাক্ষর করেন।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, আরাফাত সিদ্দিকী (পরিচিতি নম্বর-১৮৮৫১), উপজেলা নির্বাহী কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব), ত্রিশাল, ময়মনসিংহকে জনস্বার্থে বর্তমান কর্মস্থল থেকে বদলি করে সিনিয়র সহকারী সচিব (সংযুক্ত), জনপ্রশাসন মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে। একই সঙ্গে প্রজ্ঞাপনে বলা হয়েছে, জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
পরবর্তীতে স্থানীয় সংসদ সদস্য মো. মাহবুবুর রহমান লিটনের মধ্যস্থতায় ত্রিশাল পৌর শহরের টিএমসি হাসপাতালে বিষয়টি মীমাংসা করা হয়। সেখানে ইউএনও আরাফাত সিদ্দিকী নিজের ভুল স্বীকার করে দুঃখপ্রকাশ ও ‘সরি’ বলেন।
বুধবার (১২ আগস্ট) ত্রিশালের একটি বালু মহালে মোবাইল কোর্ট পরিচালনার সময় সৃস্টি এন্টারপ্রাইজ নামক এক প্রতিষ্ঠানের কর্মচারিকে প্রথমে দুটি থাপ্পর এরপর বেত দিয়ে ৩/৪ টা বাড়ি দেন। এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়লে তা মুহুর্তেই ভাইরাল হয়ে যায়।
ত্রিশালে সাম্প্রতিক ঘটনাবলির পর এই বদলির আদেশ স্থানীয় ভাবে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। তবে সরকারি প্রজ্ঞাপনে বদলির কোনো কারণ উল্লেখ করা হয়নি।