• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
Headline
পিরোজপুরে শ্রমিক দলের নতুন কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল কচুয়ায় সংবাদকর্মীকে হুমকি দেয়ার অভিযোগ হোমনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের মিছিল-সমাবেশ ফটিকছড়িতে কৃষকের স্বপ্ন পুড়ে ছাই, আগুনে ভস্মীভূত ৬০ শতক জমির ধান সিদ্ধিরগঞ্জে গভীর রাতে ভেকু দিয়ে বসতবাড়ি গুড়িয়ে দেয়ার অভিযোগ বেনাপোলে শ্রমিক নেতার ওপর বোমা হামলা ব্রাহ্মণবাড়িয়ায় নতুন উপজেলার প্রস্তাব বাতিলের দাবিতে রেলপথ অবরোধ ফেনীর বিলোনিয়া সীমান্তে বিজিবির বাড়তি নিরাপত্তা, মুহুরীর চরে সিসি ক্যামেরা পর্যটন মৌসুমেও কক্সবাজারে মন্দা, ৭০ শতাংশ হোটেল কক্ষ খালি সেন্টমার্টিনে একটি রিসোর্টকে ৩ লাখ টাকা জরিমানা
সংসদীয় কমিটিকে পররাষ্ট্রমন্ত্রী

অবৈধ অভিবাসন, ভুয়া কাগজপত্র ও দালালচক্রে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন

Reporter Name / ৪৬ Time View
Update : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

প্রভাত রিপোর্ট: অবৈধ অভিবাসন, ভুয়া কাগজপত্র ও দালালচক্রের কারণে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। একই সঙ্গে জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে পরিচালিত বর্তমান পররাষ্ট্রনীতির প্রতি ৮০ শতাংশের বেশি মানুষের সমর্থন রয়েছে বলে দাবি করেছেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে প্রতারণা ও অবৈধভাবে যাওয়ার প্রবণতা বন্ধে দালালচক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের সুরক্ষা নিশ্চিত করতে হবে।
পরিবর্তিত বৈশ্বিক পরিস্থিতিতে অর্থনৈতিক কূটনীতি জোরদার, নতুন শ্রমবাজার ও বাণিজ্যিক সুযোগ তৈরি এবং বিদেশে বাংলাদেশি নারী শ্রমিক ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করাকেও পররাষ্ট্রনীতির গুরুত্বপূর্ণ অগ্রাধিকার হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সামনে তুলে ধরেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি একে অপরের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। দেশের জাতীয় স্বার্থ ও নিরাপত্তা রক্ষায় পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সমন্বিতভাবে কাজ করছে। বড় জাতীয় ও আন্তর্জাতিক ইস্যুতে সংসদীয় স্থায়ী কমিটির সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার ওপরও গুরুত্ব দেন তিনি।
বৈঠকে পররাষ্ট্রনীতির সামগ্রিক দিক, জাতীয় নিরাপত্তা, অর্থনৈতিক কূটনীতি, অবৈধ অভিবাসন, প্রবাসী শ্রমিকদের সুরক্ষা, বিদেশে বাংলাদেশি শিক্ষার্থীদের নিরাপত্তা, রোহিঙ্গা সংকট এবং বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
ড. খলিলুর রহমান জানান, জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি একে অপরের সঙ্গে অবিচ্ছেদ্য। সৌদি আরবের নেতৃত্বাধীন বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোটে বাংলাদেশের যুক্ত হওয়ার বিষয়েও আলোচনা চলছে। এ ধরনের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সমন্বয় করে কাজ করছে। সংসদীয় স্থায়ী কমিটি পররাষ্ট্রনীতির বিষয়ে সরকারের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়ার একটি মাধ্যম। জাতীয় গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে প্রয়োজন হলে কমিটির সভাপতির মাধ্যমে বিশেষ বৈঠকের আয়োজন করা যেতে পারে। প্রতিরক্ষা ও পররাষ্ট্রনীতির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সংশ্লিষ্ট সংসদীয় কমিটিগুলোর মধ্যেও সমন্বয় বাড়ানোর প্রয়োজন রয়েছে। এছাড়া সাম্প্রতিক একটি জরিপে দেখা গেছে, ৮০ শতাংশের বেশি মানুষ বর্তমান পররাষ্ট্রনীতির প্রতি সন্তুষ্ট। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে সরকারের পাশাপাশি বিভিন্ন প্রাতিষ্ঠানিক অংশীজনের সহযোগিতাও প্রয়োজন বলে জানান ড. খলিলুর রহমান।
বৈঠকে অর্থনৈতিক কূটনীতিকে পররাষ্ট্রনীতির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তুলে ধরেন মন্ত্রী। তিনি বলেন, স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের পর বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থকে আরও বেশি গুরুত্ব দিতে হবে। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাণিজ্যিক চুক্তি এবং জাপান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর উদ্যোগ রয়েছে। নতুন শ্রমবাজার ও বিনিয়োগের সুযোগ তৈরিতেও কাজ করছে সরকার।
অবৈধ অভিবাসন ও দালালচক্রের কারণে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান / ফাইল ছবি
ভারতের সঙ্গে সম্পর্কের প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর একটি সংবেদনশীল বিষয়। ভারতের পক্ষ থেকে শেখ হাসিনাকে গণমাধ্যমে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ায় বিষয়টি আরও জটিল হয়েছে। তবে পারস্পরিক সম্মান ও অনুকূল পরিবেশ তৈরি হলে ভারতের সঙ্গে ইতিবাচক আলোচনা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
রোহিঙ্গা সংকটের বিষয়ে তিনি বলেন, আন্তর্জাতিক অঙ্গনে বিষয়টি আরও জোরালোভাবে তুলে ধরতে হবে। মিয়ানমারের রাখাইন অঞ্চলের সঙ্গে যোগাযোগের বিষয়েও উদ্যোগ নেওয়া হচ্ছে। চীন, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের সঙ্গে রোহিঙ্গা ইস্যুতে আলোচনা চলছে। অবৈধ অভিবাসন ও মানব পাচার নিয়েও বৈঠকে আলোচনা হয়। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভুয়া কাগজপত্র তৈরি করে বিদেশে যাওয়ার প্রবণতা বাংলাদেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করছে। দালাল ও প্রতারক চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি বিদেশগামী কর্মীদের সংশ্লিষ্ট দেশের আইন সম্পর্কে সচেতন করতে হবে।
বৈঠকে সদস্য সাঈদ আল নোমান বিদেশে বাংলাদেশি শ্রমিক ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন। বিশেষ করে নারী শ্রমিক ও শিক্ষার্থীরা বিদেশে বিভিন্ন ধরনের সহিংসতা ও সমস্যার মুখোমুখি হওয়ায় তাদের জন্য আলাদা সেবা প্ল্যাটফর্ম ও জরুরি সহায়তার ব্যবস্থা করার প্রস্তাব দেন তিনি। একই সঙ্গে দূতাবাস ও কনস্যুলেটগুলোর সক্ষমতা প্রবাসী বাংলাদেশির সংখ্যা ও প্রয়োজনের ভিত্তিতে পুনর্মূল্যায়নের কথা বলেন। পাশাপাশি বিদেশে থাকা বাংলাদেশি নারী শ্রমিক ও শিক্ষার্থীদের জন্য জরুরি হটলাইন এবং সমস্যার দ্রুত সমাধানের ব্যবস্থা থাকা প্রয়োজন।তাদের অভিযোগ ও মামলাগুলো অনুসরণের জন্য ডিজিটাল প্ল্যাটফর্ম চালুর বিষয়েও গুরুত্ব দেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী এ প্রস্তাবকে গুরুত্বপূর্ণ ও বাস্তবসম্মত বলে উল্লেখ করে তিনি বলেন, ঐতিহ্যগতভাবে শিক্ষার্থী, গবেষক ও শ্রমিকদের একই কাঠামোর মাধ্যমে সেবা দেওয়া হলেও ভবিষ্যতে শিক্ষাবিষয়ক কূটনীতির জন্য আলাদা সেল গঠনের পরিকল্পনা রয়েছে। বিদেশে অবস্থানরত বাংলাদেশি নারী শ্রমিক ও শিক্ষার্থীদের জরুরি সহায়তার জন্য মিশনগুলোতে দ্রুত হটলাইন চালুর উদ্যোগ নেওয়া হবে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানান, বর্তমান সরকারের পররাষ্ট্রনীতির মূল ভিত্তি ‘বাংলাদেশ ফার্স্ট’। জিয়াউর রহমানের পররাষ্ট্রনীতির ধারাবাহিকতায় ওআইসি ও সার্ককে পুনরুজ্জীবিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে অর্থনৈতিক কূটনীতি ও নতুন বাজার অনুসন্ধানে আফ্রিকার বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি বলেন, নারীর ক্ষমতায়ন সরকারের অন্যতম অগ্রাধিকার। বিদেশে থাকা নারী শ্রমিকদের পাশাপাশি দেশের সৃজনশীল অর্থনীতির সঙ্গে যুক্ত নারীদের জন্যও আন্তর্জাতিক পর্যায়ে নতুন সুযোগ তৈরি করা যেতে পারে। এ ক্ষেত্রে সংস্কৃতি ও ক্রীড়া মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বিতভাবে কাজ করতে হবে। এছাড়া পাসপোর্টের বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান সংক্রান্ত বিষয় প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সঙ্গে যুক্ত। তাই বিদেশে নাগরিক সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় প্রয়োজন।
বৈঠকে সদস্য আতিকুর রহমান মোজাহিদ পররাষ্ট্রনীতির প্রচলিত কাঠামো নতুন করে মূল্যায়নের প্রস্তাব দেন। তিনি বলেন, আন্তর্জাতিক পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের জন্য নতুন পররাষ্ট্রনীতি বা কূটনৈতিক মতাদর্শ নিয়ে আলোচনা প্রয়োজন। এ ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য থাকা জরুরি। তিনি প্রধানমন্ত্রীকে পররাষ্ট্রনীতির বিষয়ে পরামর্শ দেওয়ার জন্য ১১ থেকে ১৫ সদস্যের একটি বহুদলীয় কমিটি গঠনের প্রস্তাব দেন। একই সঙ্গে পররাষ্ট্র ও জাতীয় নিরাপত্তা ইস্যুতে সমন্বিত কাঠামো তৈরির জন্য পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধান ও সংসদ সদস্যদের নিয়ে বৈঠকের প্রস্তাব দেন তিনি।
সদস্য সানজিদা ইসলাম চীন, ভারত, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সঙ্গে বাংলাদেশের কৌশলগত ভারসাম্য বজায় রাখার ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, ভবিষ্যৎ পররাষ্ট্রনীতিতে এসব দেশের সঙ্গে সম্পর্কের বিষয়ে বিস্তারিত পরিকল্পনা প্রয়োজন।ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে দেশটির একতরফা কোনো কৌশল যাতে ভবিষ্যতে বাংলাদেশের জন্য প্রতিকূল পরিস্থিতি তৈরি না করে, সে বিষয়েও সতর্ক থাকতে হবে। তিনি খাদ্যনিরাপত্তার বিষয়টিও পররাষ্ট্রনীতির সঙ্গে যুক্ত করার প্রস্তাব দেন। আফ্রিকার বিভিন্ন দেশে কৃষিজমি লিজ নিয়ে যৌথ উদ্যোগ, চুক্তিভিত্তিক কৃষি ও বিনিয়োগের সম্ভাবনা খতিয়ে দেখার কথা বলেন তিনি। রোহিঙ্গা সংকটসহ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়েও ভবিষ্যৎ বৈঠকে বিস্তারিত বিশ্লেষণের প্রস্তাব দেন।
এর জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের শান্তিরক্ষা কার্যক্রমের আন্তর্জাতিক সুনাম রয়েছে। কঙ্গো, গিনি, ওমান ও জাম্বিয়াসহ বিভিন্ন দেশের সঙ্গে কৃষি ও বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। বেসরকারি খাত ইতোমধ্যে সুদান ও উগান্ডার মতো দেশে কিছু উদ্যোগ নিয়েছে। তবে সরকারি পর্যায়ে সমন্বিত উদ্যোগ আরও জোরদার করা প্রয়োজন। দেশের আবাদযোগ্য জমি কমে যাচ্ছে এবং বিভিন্ন এলাকায় সীসা দূষণের মতো সমস্যাও রয়েছে।তাই বিদেশে চুক্তিভিত্তিক কৃষি ও কৃষি বিনিয়োগের ক্ষেত্রে আইনি কাঠামো, বিনিয়োগ ও প্রাতিষ্ঠানিক সক্ষমতার বিষয়গুলো গুরুত্ব দিয়ে দেখতে হবে।
বৈঠকে পররাষ্ট্র সচিব গত পাঁচ মাসের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যক্রম তুলে ধরেন বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে অনেক বাংলাদেশি সেখানে আটকা পড়েছিলেন। ইরান থেকে প্রায় ২০০ বাংলাদেশিকে সরিয়ে আনা হয়েছে। একই সঙ্গে ইরানে ওষুধ এবং কুয়েতে খাদ্য সহায়তা পাঠানো হয়েছে। তিনি বলেন, মার্চে বাংলাদেশের জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে প্রার্থিতা এবং জুনে নির্বাচন ছিল পররাষ্ট্র মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ কার্যক্রম। রোহিঙ্গা সংকটেও বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক তৎপরতা চালানো হয়েছে। চীন, মালয়েশিয়া, কাতার ও সৌদি আরবের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে অগ্রগতি হয়েছে বলে তিনি জানান।
বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংগঠনিক কাঠামো নিয়েও আলোচনা হয়। পররাষ্ট্র সচিব জানান, বর্তমানে বাংলাদেশের ৬৩টি দূতাবাস ও মিশন এবং ২৩টি সাব-অফিস রয়েছে। সব মিলিয়ে ৮৬টি স্টেশনে বাংলাদেশ প্রতিনিধিত্ব করছে। আরও ১৯টি মিশন খোলার প্রস্তাব রয়েছে। এসব মিশনে ৪২৮ জন ক্যাডার কর্মকর্তা ও ৫৮২ জন কর্মচারী কাজ করছেন। মোট জনবলের প্রায় ২০ শতাংশ নারী। বিশ্বব্যাপী বাংলাদেশের কূটনৈতিক উপস্থিতি আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে পররাষ্ট্র সচিব বলেন, বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক বাড়ার সঙ্গে সঙ্গে মিশনগুলোর সক্ষমতাও বাড়াতে হবে।
বাংলাদেশ-সিলিকন ভ্যালি টেকনোলজি ডায়ালগ সংলাপে যা হ‌লো
বৈঠকে সাঈদ আল নোমান আরও বলেন, প্রবাসী বাংলাদেশির সংখ্যা ও রেমিট্যান্সের পরিমাণ বিবেচনায় নিয়ে বিভিন্ন দেশে দূতাবাস ও কনস্যুলেটের সক্ষমতা পুনর্মূল্যায়ন করা দরকার। প্রবাসীদের সুরক্ষা এবং বিশেষ করে নারী শ্রমিক ও শিক্ষার্থীদের জন্য গোপনীয় ও কার্যকর জরুরি যোগাযোগ ব্যবস্থা থাকা প্রয়োজন।
বিরোধীদলীয় উপনেতা বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যক্রম অত্যন্ত বিস্তৃত ও বৈশ্বিক। স্থায়ী কমিটির প্রথম বৈঠকে মন্ত্রণালয়ের উপস্থাপনাটি তথ্যবহুল ও গুরুত্বপূর্ণ হয়েছে। ভবিষ্যৎ বৈঠকে পররাষ্ট্রনীতির বিভিন্ন বিষয়ে আরও বিস্তারিত আলোচনা করা হবে।
বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন মিশনে সম্মানসূচক কনসাল ও কনসাল জেনারেল নিয়োগের বিষয়েও জানতে চান সাঈদ আল নোমান। তিনি তাদের নিয়োগ ও অনুমোদনের তারিখ, রাজনৈতিকভাবে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের তালিকা এবং বিভিন্ন মিশনের সেবা ও অবকাঠামোগত সক্ষমতার তথ্য চেয়েছেন। এ ছাড়া কাতার, ওমান, ইতালিসহ বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ও মিশনগুলোর কার্যক্রম, বাজেট এবং যোগাযোগ সংক্রান্ত তথ্য সংসদীয় কমিটিকে দেওয়ার অনুরোধ করা হয়।
বৈঠকে কলকাতায় সাত বাংলাদেশির মৃত্যুর বিষয়েও আলোচনা হয়। পররাষ্ট্রমন্ত্রী জানান, তাদের মধ্যে ছয়জনকে দেশে ফিরিয়ে আনা হয়েছে এবং একজনকে ভারতে দাহ করা হয়েছে। আইনি প্রক্রিয়া ও ডিএনএ পরীক্ষার কারণে কিছু ক্ষেত্রে সময় লেগেছে বলেও তিনি জানান। বিদেশে বাংলাদেশি মিশনগুলোর ভবন ও অবকাঠামো রক্ষণাবেক্ষণের জন্য আলাদা বাজেটের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান, তার দেশে ফেরানোর বিষয়ে সরকারের পদক্ষেপ, ওসমান হাদি হত্যাকাণ্ডের আসামির ভারতে অবস্থান এবং সংযুক্ত আরব আমিরাতে সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদের আটক ও জামিনের বিষয়েও বৈঠকে প্রশ্ন ওঠে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তি রয়েছে। অন্তর্বর্তী সরকার এবং বর্তমান সরকার দুই পর্যায়েই শেখ হাসিনাকে ফেরত চেয়ে আনুষ্ঠানিকভাবে আবেদন করা হয়েছে। আদালতে দণ্ডিত ব্যক্তির পক্ষ থেকে প্রকাশ্যে দেওয়া বিভিন্ন বক্তব্যকে তিনি বাংলাদেশের বিচারব্যবস্থা ও সার্বভৌমত্বের প্রতি অস্বীকৃতি হিসেবে উল্লেখ করেন এবং এ বিষয়ে কূটনৈতিক চাপ অব্যাহত রাখার কথা জানান। ওসমান হাদির মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলেও জানান তিনি। বেনজীর আহমেদের বিষয়ে সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে পাওয়া ব্যাখ্যা এবং আইনি প্রক্রিয়ার বিষয়েও কমিটিকে অবহিত করেন পররাষ্ট্রমন্ত্রী। এ জন্য একটি আইনি প্রতিষ্ঠান নিয়োগ এবং প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহের কথাও জানান তিনি।
কমিটির সভাপতি জহরত আদিব চৌধুরী এমপি বলেন, সংসদীয় বিধান অনুযায়ী কমিটির বৈঠকের গোপনীয়তা রক্ষা করতে হবে। কমিটি-সংশ্লিষ্ট নন এমন কাউকে সভাকক্ষে না থাকার অনুরোধ জানিয়ে তিনি প্রতি মাসে অন্তত একটি বৈঠক আয়োজনের নির্দেশনা দেন। জরুরি যোগাযোগে হোয়াটসঅ্যাপ গ্রুপ ও সচল ই-মেইল ব্যবহারের ওপর গুরুত্ব দিয়ে জাতীয় নিরাপত্তা ও গোপনীয় নথি ই-মেইল বা হোয়াটসঅ্যাপে নয়, কেবল হার্ড কপিতে সরবরাহের নির্দেশ দেন। বৈঠকের নোটিশ ১০ দিন আগে, কার্যপত্র তিন দিন আগে এবং কার্যবিবরণী সর্বোচ্চ পাঁচ কার্যদিবসের মধ্যে প্রস্তুতের নির্দেশনাও দেন তিনি। তিনি বলেন, সর্বোচ্চ ১০টি বৈঠকের পর কমিটির একটি সংকলিত প্রতিবেদন জাতীয় সংসদে উপস্থাপন করা হবে। প্রতিটি বৈঠকের শেষে গৃহীত সিদ্ধান্ত মৌখিকভাবে পুনর্ব্যক্ত করে তা লিপিবদ্ধ করতে হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যক্রমে সংসদীয় তদারকি নিশ্চিত করা, বিশেষ ইস্যুতে গঠনমূলক সুপারিশ দেওয়া এবং নবনিযুক্ত রাষ্ট্রদূতদের সঙ্গে পরিচিতি ও দ্বিপক্ষীয় যোগাযোগের ‘বেস্ট প্র্যাকটিস’ অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেন তিনি।
গত ছয় মাসে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সুনির্দিষ্ট ও কৌশলগত পদক্ষেপের প্রশংসা করে জহরত আদিব চৌধুরী বলেন, বাংলাদেশ শুধু নিজ স্বার্থ রক্ষাই নয়, ‘অনলাইন হ্যারাসমেন্ট’-এর মতো বৈশ্বিক সমস্যা নিয়েও আন্তর্জাতিক অঙ্গনে কথা বলছে।
জাতীয় নিরাপত্তাকে পররাষ্ট্রনীতির অবিচ্ছেদ্য অংশ উল্লেখ করে তিনি বলেন, এ দুটি বিষয়কে আলাদা করার সুযোগ নেই। জাতীয় নিরাপত্তার স্বার্থে স্বরাষ্ট্র বা প্রতিরক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সঙ্গে বৈঠকের প্রয়োজন হলে আন্তঃমন্ত্রণালয় সমন্বয় ও যৌথ সভার উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে স্থায়ী কমিটিগুলোর মধ্যে অভিজ্ঞতা ও ‘বেস্ট প্র্যাকটিস’ বিনিময়ের মাধ্যমে সংসদীয় তদারকি আরও জোরদার করার ওপর গুরুত্ব দেন তিনি।
সভাপতি বলেন, প্রথম বৈঠকেই অবৈধ অভিবাসন, রোহিঙ্গা ইস্যু, জাতীয় নিরাপত্তা, বৈদেশিক সম্পর্কের ভারসাম্য, প্রবাসীদের সুরক্ষা ও হটলাইন, অর্থনৈতিক ও খাদ্যনিরাপত্তা এবং শেখ হাসিনার ভারতে অবস্থানসহ গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। এসব বিষয়ে পরবর্তী বৈঠকগুলোতে বিস্তারিত আলোচনা হবে। দ্বিতীয় বৈঠকে অবৈধ অভিবাসন বিষয়ে বিস্তারিত তথ্য-উপাত্ত ও বিশ্লেষণ উপস্থাপনের পাশাপাশি এ বিষয়ে সরকারের পদক্ষেপে সংসদীয় কমিটি কীভাবে সহযোগিতা করতে পারে, সে বিষয়ে প্রস্তুতি নিয়ে আসতে পররাষ্ট্র মন্ত্রণালয় ও সদস্যদের নির্দেশনা দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category