প্রভাত সংবাদদাতা, কক্সবাজার : পর্যটন মৌসুম শুরু হলেও কক্সবাজারে প্রত্যাশিত পর্যটকের দেখা মিলছে না। সৈকতের চেয়ার ভাড়া, বিচ বাইক ও জিপ চালানো থেকে শুরু করে হোটেল-রেস্তোরাঁ এবং বার্মিজ মার্কেট সবখানেই ব্যবসায়িক মন্দা। পর্যটকের অপেক্ষায় দিন কাটছে ব্যবসায়ী ও শ্রমজীবীদের। অনেকের আয় দিয়ে দৈনন্দিন খরচও মেটানো যাচ্ছে না। সবচেয়ে খারাপ অবস্থা আবাসন খাতে। শহরের হোটেল-মোটেলগুলোর প্রায় ৭০ শতাংশ কক্ষই অব্যবহৃত থাকছে।
ব্যবসায়ীরা বলছেন, অগ্রহায়ণের শুরুতে শীতের আমেজে পর্যটন মৌসুম জমে ওঠার কথা থাকলেও এবার পরিস্থিতি ভিন্ন। বৈরী আবহাওয়া, ঘূর্ণিঝড়ের প্রভাব, শিক্ষার্থীদের পরীক্ষা এবং রাজনৈতিক অস্থিরতার আশঙ্কায় ভ্রমণপ্রত্যাশীরা কক্সবাজারে আসছেন কম। ফলে পর্যটননির্ভর ১৩টি খাতে নেমে এসেছে স্থবিরতা। সংশ্লিষ্টদের হিসাবে, স্বাভাবিক পর্যটন মৌসুমে এসব খাতে প্রতিদিন প্রায় ৫০ কোটি টাকার লেনদেন হয়।
কক্সবাজারের লাবণী, সুগন্ধা ও কলাতলী পয়েন্ট এবং হোটেল-মোটেল এলাকায় ঘুরে দেখা যায়, পর্যটকের উপস্থিতি কম থাকায় অধিকাংশ ব্যবসাপ্রতিষ্ঠানেই বিক্রি কমেছে। কোথাও পর্যটকের অপেক্ষায় বসে আছেন কর্মীরা, কোথাও আবার ক্রেতার অভাবে দোকানে অলস সময় কাটাচ্ছেন মালিক ও কর্মচারীরা।
কক্সবাজার সৈকতে পর্যটকদের কাছে চেয়ার ভাড়া দিয়ে জীবিকা নির্বাহ করেন রায়হান। তার ১৮টি চেয়ার থাকলেও পর্যটক না থাকায় সেগুলো ভাড়া দিতে পারছেন না। রায়হান জানান, গত ১০ দিনে সব চেয়ার মিলিয়ে আয় হয়েছে মাত্র দেড় থেকে দুই হাজার টাকা। অথচ স্বাভাবিক সময়ে প্রতিটি চেয়ার থেকে প্রায় পাঁচ হাজার টাকা আয় হতো।
সৈকতের বিচ বাইকচালক লোকমান জুনায়েদের অভিজ্ঞতাও একই। আগে একটি বাইক দিনে ২০ বার পর্যন্ত ভাড়া দেওয়া সম্ভব হলেও এখন পাঁচবার ভাড়া পাওয়াই কঠিন। তার ভাষ্য, দৈনিক দেড় থেকে দুই হাজার টাকা আয় হলেও জ্বালানি বাবদ ব্যয় হয় প্রায় ৭০০ টাকা। বাকি অর্থ দিয়ে অন্যান্য খরচ চালানো কঠিন হয়ে পড়েছে।
একই পেশায় থাকা মোহাম্মদ আমির হোসেন বলেন, পর্যটকের চাপ থাকলে একটি বাইকে প্রতিদিন এক হাজার থেকে ১২০০ টাকার জ্বালানি খরচ করে চার থেকে পাঁচ হাজার টাকা ভাড়া পাওয়া যেতো। সেই আয়ের একটি অংশ কমিশন হিসেবে চালকেরা পেতেন। কিন্তু গত ১০ থেকে ১৫ দিন ধরে আয় কমে যাওয়ায় খরচ তোলাই কঠিন হয়ে গেছে।
সুগন্ধা পয়েন্টের জিপচালকদের অবস্থাও ভালো নয়। চালক আলী আহমদ বলেন, পর্যটক থাকলে দিনে পাঁচ থেকে ছয় হাজার টাকার ভাড়া পাওয়া যেত। অথচ গত পাঁচ দিনে কোনো ভাড়াই পাননি। আরেক চালক সিরাজুল ইসলাম জানান, প্রায় ১০ দিন ধরে গাড়ি চালানোর খরচ তুলতেই হিমশিম খেতে হচ্ছে।
সৈকতের লাইফগার্ডকর্মী রশিদ আহমদের মতে, গত দুই সপ্তাহে পর্যটকের উপস্থিতি স্বাভাবিক সময়ের তুলনায় অনেক কমেছে। বৈরী আবহাওয়া, শিক্ষার্থীদের পরীক্ষা এবং রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগের কারণে মানুষ ভ্রমণে আগ্রহ হারাচ্ছেন।
পর্যটক কমে যাওয়ায় সবচেয়ে বেশি চাপে রয়েছেন পর্যটননির্ভর বিপণিবিতানের দোকানিরা। কলাতলী পয়েন্টের টিএম বার্মিজ মার্কেটের ৪৫টি দোকানের অধিকাংশই পর্যটকদের কেনাকাটার ওপর নির্ভরশীল। মৌসুম সামনে রেখে ব্যবসায়ীরা বিপুল অর্থ বিনিয়োগ করে দোকানে পণ্য তুললেও এখন ক্রেতার অভাবে বিক্রি প্রায় বন্ধ হওয়ার উপক্রম।
মার্কেটের সুইট গ্যালারি আচার বিতানের মালিক মোহাম্মদ ইমরান বলেন, অন্যান্য বছর পর্যটন মৌসুমে টানা চার মাস ভালো ব্যবসা করা যেতো। এবার সেই সম্ভাবনা দেখছেন না। তার আশঙ্কা, দুই মাসের বেশি ভালো ব্যবসার সুযোগ নাও মিলতে পারে। এরপর রমজান শুরু হবে। দেশের পরিস্থিতি বিবেচনায় সামনের দিনগুলো নিয়েও উদ্বেগ রয়েছে। বর্তমানে তার দোকানে প্রতিদিন তিন থেকে পাঁচ হাজার টাকার পণ্য বিক্রি হচ্ছে। অথচ এই অর্থ দিয়ে দোকানের পরিচালন ব্যয় মেটানো যাচ্ছে না।
মার্কেটের অন্য ব্যবসায়ীদের অবস্থাও প্রায় একই। আবিদ বার্মিজ শপের মালিক মোহাম্মদ জামাল জানান, পর্যটক বেশি থাকলে তার দোকানে প্রতিদিন ১৫ থেকে ২০ হাজার টাকার পণ্য বিক্রি হতো। এখন ক্রেতা কমে যাওয়ায় লোকসান গুনতে হচ্ছে।
এসএফ পার্ল শপের মালিক জাহিদুল ইসলামের অভিযোগ, বিক্রির অর্থ দিয়ে দোকানভাড়া, বিদ্যুৎ বিল ও কর্মচারীদের বেতন দেওয়া কঠিন হয়ে পড়েছে। রিজন স্টোরের মালিক রিজন নাথ বলেন, তার দোকানের দৈনিক পরিচালন ব্যয় প্রায় চার হাজার টাকা। অথচ পণ্য বিক্রি হচ্ছে মাত্র দেড় থেকে দুই হাজার টাকার।
কক্সবাজার হোটেল-মোটেল মালিক সমিতির তথ্য অনুযায়ী, শহরে ছোট-বড় ও তারকামানের প্রায় সাড়ে ৫০০ হোটেল, মোটেল ও রিসোর্ট রয়েছে। এসব প্রতিষ্ঠানে প্রতিদিন এক লাখের বেশি মানুষের থাকার ব্যবস্থা থাকলেও বর্তমানে সেই সক্ষমতার বড় অংশ অব্যবহৃত থাকছে।
কলাতলী মোড়ের শাহজাদী রিসোর্টের হিসাবরক্ষক নুরুল হক মেহেদী জানান, নভেম্বর মাসে তাদের প্রতিষ্ঠানে প্রতিদিন মাত্র ২০ থেকে ৩০ শতাংশ কক্ষ বুকিং হচ্ছে। বাকি কক্ষগুলো ফাঁকা থাকছে। গ্রাহক আকৃষ্ট করতে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় দিয়েও কাঙ্ক্ষিত সাড়া মিলছে না। ফলে কর্মচারীদের বেতন, ভ্যাট ও বিদ্যুৎ বিল পরিশোধ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
হোটেল-মোটেল জোনের গ্যালাক্সি রিসোর্টের ৪০টি কক্ষের মধ্যে বর্তমানে প্রতিদিন গড়ে ১০ থেকে ১৫টি বুকিং হচ্ছে বলে জানান প্রতিষ্ঠানটির ফ্রন্ট ডেস্ক ম্যানেজার জয় গোস্বামী। তিনি বলেন, আগের বছরগুলোতে একই সময়ে ৬০ থেকে ৭০ শতাংশ কক্ষ বুকিং থাকত। এবার আয় কমে যাওয়ায় পরিচালন ব্যয় নির্বাহ করা কঠিন হয়ে পড়েছে।
তারকামানের হোটেল ওশান প্যারাডাইসেও একই চিত্র। প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা সায়ীদ আলমগীর বলেন, সন্তানদের পরীক্ষা থাকায় অনেক অভিভাবক পরিবার নিয়ে ভ্রমণে বের হচ্ছেন না। এতে নভেম্বর মাসে হোটেলটির কক্ষ বুকিং ২০ থেকে ৩০ শতাংশে নেমে এসেছে। তিনি জানান, হোটেলের কর্মচারীদের বেতন ও বিদ্যুৎ বিলসহ প্রতিদিন পরিচালন ব্যয় প্রায় সাড়ে আট লাখ টাকা। কিন্তু বর্তমান ব্যবসায় সেই ব্যয় নির্বাহ করা যাচ্ছে না। ডিসেম্বরের শুরুতে পরিস্থিতির উন্নতি হতে পারে বলে আশা করলেও রাজনৈতিক অস্থিরতা বাড়লে সংকট আরও তীব্র হওয়ার আশঙ্কা করছেন তিনি।
কক্সবাজার হোটেল-মোটেল মালিক সমিতির সভাপতি আবুল কাশেম সিকদার বলেন, অন্যান্য বছরের তুলনায় এবার নভেম্বরে পর্যটকের সংখ্যা অনেক কম। বর্তমানে শহরের হোটেলগুলোতে প্রতিদিন ২০ হাজার মানুষও অবস্থান করছেন না। অথচ পর্যটন মৌসুম সামনে রেখে ব্যবসায়ীরা আগাম প্রস্তুতি নিয়েছেন এবং বিভিন্ন খাতে ব্যয়ও বেড়েছে। এ অবস্থায় হোটেলগুলোকে প্রতিদিন ২০ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত লোকসান গুনতে হচ্ছে। তার মতে, পর্যটনশিল্পকে রাজনৈতিক কর্মসূচি, আন্দোলন ও ধর্মঘটের প্রভাব থেকে দূরে রাখা জরুরি। অতীতে এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য ছিল। ভবিষ্যতেও পর্যটন খাতের স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে দলগুলোর সহযোগিতা প্রয়োজন।
কক্সবাজার চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি আবু মোরশেদ চৌধুরী খোকার মতে, পর্যটন মৌসুমে হোটেল-রেস্তোরাঁসহ সংশ্লিষ্ট ১৩টি খাতে প্রতিদিন অন্তত ৫০ কোটি টাকার ব্যবসা হয়। দেশের রাজনৈতিক বা সামাজিক অস্থিরতার প্রভাব পড়লে এই বিপুল অর্থনৈতিক কর্মকাণ্ড বাধাগ্রস্ত হয়। তিনি বলেন, পর্যটকের সংখ্যা কমে গেলে শুধু বড় হোটেল বা পরিবহন ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হন না। সৈকতের ফটোগ্রাফার, ক্ষুদ্র দোকানি, বিচ বাইকচালকসহ পর্যটননির্ভর অসংখ্য শ্রমজীবী মানুষের আয়ও বন্ধ হয়ে যায়। তাই এই শিল্পকে সচল রাখতে রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা নিশ্চিত করা প্রয়োজন।