• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
Headline
দুই দশক পর সরকার প্রধান বাগেরহাটে, নেতাকর্মীদের মধ্যে নতুন করে আগ্রহ ও উচ্ছ্বাস পরীক্ষা দিতে বেরিয়ে নিখোঁজ যুথি, দুইদিন পর বাড়ির পাশেই মিলল মরদেহ মুন্সীগঞ্জে মাজারে ঢুকে ঘুমন্ত ভক্তকে কুপিয়ে হত্যা কুমিল্লাজুড়ে পুলিশের সাঁড়াশি অভিযান, আটক ২৯৯ জন রাজশাহীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ১৭৫ জয়পুরহাটে বাসের চাকায় পিষ্ট হয়ে তরুণ নিহত, বিক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল বাস মানিকগঞ্জে ট্রিপল মার্ডার মামলায় পাঁচ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন নারায়ণগঞ্জে সতর্ক পুলিশ, কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা দীর্ঘ বিরতি শেষে প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে, উচ্ছ্বসিত পর্যটকরা আন্দোলনের নামে পুলিশের ওপর হামলা করছে ফ্যাসিস্ট শক্তি : অতিরিক্ত পুলিশ কমিশনার

কংগ্রেসের নিয়ন্ত্রণ নিয়ে ডেমোক্র্যাটরা কী করতে পারবে, কী পারবে না

Reporter Name / ২২ Time View
Update : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

প্রভাত ডেস্ক: যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে এক বিশাল জয়ের পর ট্রাম্প প্রশাসনের টানা দুবছরের ক্ষমতার ভারসাম্য বদলে দিতে চলেছে ডেমোক্র্যাট পার্টি। মার্কিন প্রতিনিধি পরিষদ (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) ও সিনেট; কংগ্রেসের উভয় কক্ষেরই পূর্ণ নিয়ন্ত্রণ এখন ডেমোক্র্যাটদের হাতে। মঙ্গলবার রাতের ফলাফলে উল্লাসে মেতে ওঠা ডেমোক্র্যাটদের প্রতিনিধি পরিষদের দলীয় নেতা হাকিম জেফ্রিস ফুরফুরে মেজাজে ঘোষণা দেন, ‘আজ থেকেই শুরু হলো আমেরিকার ঐতিহাসিক প্রত্যাবর্তন।’
প্রচারণার সময় দেয়া অসংখ্য প্রতিশ্রুতি, যেমন সরকারের দুর্নীতি তদন্ত, চিকিৎসা, মুদিপণ্য ও পেট্রোলের দাম কমানো এবং মধ্যপ্রাচ্যে ইরান যুদ্ধ সংকুচিত করার পরিকল্পনা বাস্তবে রূপ দেয়ার কঠিন পরীক্ষা এখন শুরু হচ্ছে ডেমোক্র্যাটদের সামনে। কিন্তু ওয়াশিংটনের আইন প্রণয়ন প্রক্রিয়ার সমীকরণ বলছে, আইনসভার পূর্ণ নিয়ন্ত্রণ পেলেই ডেমোক্র্যাটরা চাইলেই সব প্রতিশ্রুতি সহজে বাস্তবায়ন করতে পারবেন না। কারণ প্রেসিডেন্ট হিসেবে রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের হাতে রয়ে গেছে আইন বাতিলের সুনির্দিষ্ট ‘ভেটো’ ক্ষমতা।
এই জয়কে কোনও একক ‘ম্যান্ডেট’ হিসেবে দেখা উচিত হবে না মন্তব্য করে ডেমোক্র্যাটিক সেনেটর ক্রিস কুনস সতর্ক করে বলেন, ‘আমাদের এখনও প্রমাণ করতে হবে যে আমরা কাজ করতে পারি। বিশেষ করে নিম্ন মজুরি ও জীবনযাত্রার ঊর্ধ্বমুখী ব্যয় নিয়ে জনগণের যে দুশ্চিন্তা ও প্রশ্ন রয়েছে, তার বাস্তব সমাধান দিতে হবে।’
ডেমোক্র্যাটরা কী করতে পারবে?: ক্যালেনিফোর্নিয়া থেকে নির্বাচিত ডেমোক্র্যাটিক প্রতিনিধি পরিষদ সদস্য রবার্ট গার্সিয়া খুব শিগগিরই প্রতিনিধি পরিষদের শক্তিশালী তদারকি কমিটির নেতৃত্বে আসছেন। বিজয়ের ফলাফল স্পষ্ট হতেই তিনি এক বিবৃতিতে ট্রাম্প শিবিরকে খোঁচা দিয়ে লিখেছেন, ‘আইনজীবী প্রস্তুত রাখুন।’
মার্কিন সিনেট ও প্রতিনিধি পরিষদ উভয় কক্ষেরই রয়েছে যেকোনও বিষয়ে শক্তিশালী তদন্ত চালানোর ক্ষমতা। প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার ঘনিষ্ঠদের নানা পদক্ষেপ ও স্বার্থসংঘাত নিয়ে তদন্ত শুরু করার পরিকল্পনা করছেন ডেমোক্র্যাটরা। গার্সিয়া ইতোমধ্যে ট্রাম্পের পরিবার, কর্পোরেট দুর্নীতি, ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি এবং আইসিই-এর অভ্যন্তরীণ অনিয়ম এবং এ সংক্রান্ত নথিপত্র (অ্যাপস্টিন ফাইল) নিয়ে তদন্তের প্রাথমিক তালিকার ইঙ্গিত দিয়েছেন।
তা ছাড়া সিনেটের ওপর অর্পিত ক্ষমতার বলে তারা প্রেসিডেন্টের ক্যাবিনেট সদস্য এবং বিচারিক পদে নিয়োগ বা বিচারক বাছাইয়ের প্রস্তাব আটকে দিতে বা প্রভাবিত করতে পারবেন। ট্রাম্পের বাকি মেয়াদে সুপ্রিম কোর্টের কোনও আসন শূন্য হলে, সিনেট ডেমোক্র্যাটরা তাদের নতুন ক্ষমতার জোরে ট্রাম্পের পছন্দের উগ্র প্রার্থী আটকে দিয়ে কোনও মধ্যপন্থি প্রার্থী নির্বাচনে বাধ্য করতে পারেন।
প্রতিনিধি পরিষদের মাধ্যমে প্রেসিডেন্টকে অভিশংসন করার ক্ষমতাও ডেমোক্র্যাটদের হাতে এলো। এর আগে প্রথম মেয়াদে ট্রাম্পকে দুবার অভিশংসিত করেছিল প্রতিনিধি পরিষদ, যদিও সিনেটের বিচারে প্রতিবারই খালাস পেয়েছিলেন তিনি। কোনও প্রেসিডেন্টকে পদচ্যুত করতে সিনেটের দুই-তৃতীয়াংশ বা ৬৭টি ভোটের প্রয়োজন হয়, যা এককভাবে ডেমোক্র্যাটদের পক্ষে জোগাড় করা প্রায় অসম্ভব।
অভিশংসন ইস্যুতে খোদ ডেমোক্র্যাটদের ভেতরেই বিতর্ক রয়েছে। ২০১৯ সালের প্রথম অভিশংসন রাজনৈতিক কাদা ছোড়াছুড়ির জন্ম দিয়েছিল, যা পরবর্তীতে ট্রাম্পকে রাজনৈতিক ভুক্তভোগী হিসেবে তুলে ধরে দ্বিতীয়বার হোয়াইট হাউসে ফেরার পথ সুগম করতে সাহায্য করেছিল। তাই হাকিম জেফ্রিস এ নিয়ে ভেবেচিন্তে এগোচ্ছেন। তিনি বলেন, ‘আমরা আমাদের কৌশল স্পষ্ট রেখেছি: কোনও কিছু আমরা এখনই চূড়ান্ত করে ফেলছি না, আবার কোনও সম্ভাবনা খারিজও করছি না।’
ডেমোক্র্যাটরা যেসব বাধার মুখে পড়বেন: নির্বাচনের আগেই মার্কিন আইনসভার ওপর সাধারণ মানুষের হতাশা ছিল স্পষ্ট। গত অক্টোবরের এক গ্যালাপ জরিপ অনুযায়ী মাত্র ১৪ শতাংশ নিবন্ধিত ভোটার আইনপ্রণেতাদের পারফরম্যান্সে সন্তুষ্ট ছিলেন। এখন রিপাবলিকান প্রেসিডেন্ট এবং ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত কংগ্রেসের মুখোমুখি অবস্থানের কারণে প্রশাসনিক এই জটিলতা ও অচলাবস্থা আরও বাড়তে পারে।
জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটির লেজিসলেটিভ অ্যাফেয়ার্স বিভাগের অধ্যাপক কেসি বারগাট বলেন, আগের কংগ্রেসে যেখানে রিপাবলিকানদের একক নিয়ন্ত্রণ ছিল, সেখানেই আইন পাস করা কঠিন ছিল। এবার সমীকরণ আরও অনেক বেশি জটিল হতে যাচ্ছে।
দুই কক্ষে সংখ্যাগরিষ্ঠতার কারণে ডেমোক্র্যাটরা সহজে বিল পাস করলেও তা আইনে পরিণত করাটা হবে চরম চ্যালেঞ্জের। মার্কিন শাসনব্যবস্থায় যেকোনও বিল চূড়ান্ত আইনে পরিণত হতে প্রেসিডেন্টের স্বাক্ষর লাগে। রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্প যেকোনও ডেমোক্র্যাট বিলে ভেটো দেওয়ার ক্ষমতা রাখেন। আর সেই ভেটো বাতিল করতে কংগ্রেসের দুই কক্ষেই দুই-তৃতীয়াংশ বা সুপার মেজরিটি ভোটের প্রয়োজন, যা ডেমোক্র্যাটদের একার শক্তিতে সম্ভব নয়।
নির্বাচনের রাতে একের পর এক সিনেট আসন হারানোর পর ট্রাম্প অবশ্য নিউ ইয়র্ক টাইমসের কাছে সমঝোতার সুরে বলেন, ‘আমরা ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করব এবং তাদের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছি। আমরা হয়তো একটি সমঝোতায় পৌঁছাতে পারব।’
কিন্তু এর কয়েক মিনিট পরেই ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে নিজের লাল রঙের প্রচার ক্যাপের একটি ছবি পোস্ট করেন, যার সামনে স্পষ্ট অক্ষরে লেখা ছিল, ‘ভিইটিও’ (ভেটো)। অর্থাৎ, ডেমোক্র্যাটদের বিলে ট্রাম্পের বাধা দেওয়া বা ভেটো প্রয়োগের এই দ্বিমুখী মনোভাবই হতে যাচ্ছে আগামী দুই বছরের মূল প্রেক্ষাপট।
ট্রাম্পের ভেটো হুমকির মুখেও ডেমোক্র্যাট নেতা জেফ্রিস জানিয়েছেন, রিপাবলিকানদের দেওয়া কম আয়ের মানুষের স্বাস্থ্যসেবা কর্মসূচি ‘মেডিকেড’ এবং ‘অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট’ বা ওবামাকেয়ারের কর ছাড় পুনর্বহাল করাই হবে তাদের অন্যতম প্রধান অগ্রাধিকার। তবে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ন্ত্রণ, ইসরায়েলে সামরিক অর্থায়ন এবং ইরান যুদ্ধ সীমিত করার মতো সর্বদলীয় ইস্যুগুলোতে মধ্যস্থতার আলোচনার সময় বড় ধরনের অচলাবস্থা তৈরি হতে পারে। ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে রিপাবলিকানরা কোনোভাবেই ডেমোক্র্যাটদের বড় কোনও রাজনৈতিক সাফল্য সহজেই অর্জিত হতে দেবে না।
অভ্যন্তরীণ বিভাজন ও পররাষ্ট্রনীতি সংস্কারের লড়াই: এমনকি খোদ ডেমোক্র্যাটদের নিজেদের ভেতরেও ইসরায়েল ইস্যুতে ফাটল দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। মধ্যবর্তী নির্বাচনের প্রচারাভিযানে ইসরায়েলে মার্কিন সামরিক সাহায্য নিয়ে ডেমোক্র্যাটিক পার্টির ভেতরে তীব্র মতবিরোধ সামনে এসেছে। মিশিগান থেকে বিজয়ী সিনেটর আবদুল এল-সাইয়েদের মতো নবনির্বাচিত বেশ কিছু প্রতিনিধি পরিষদের সদস্য ইসরায়েলে সামরিক সহায়তা কমানোর বিলে ভোট দেওয়ার অঙ্গীকার করেছেন, যা দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গেই তাদের মুখোমুখি অবস্থানে দাঁড় করাতে পারে।
অন্যদিকে ট্রাম্পের পররাষ্ট্রনীতি ও বিশেষ করে ইরান যুদ্ধ সীমিত করার ক্ষেত্রে ডেমোক্র্যাট সংখ্যাগরিষ্ঠতা থাকলেও তা থামানো কঠিন হতে পারে। নির্বাচনের আগেই ইরান সংঘাত বন্ধে কংগ্রেসে উভয় দলের যৌথ উদ্যোগে কিছু উদ্যোগ নেওয়া হয়েছিল। গত জুনে প্রতিনিধি পরিষদ ও সিনেট উভয় কক্ষেই ইরান সংঘাত থামানোর জন্য একটি প্রস্তাব পাস হলেও প্রেসিডেন্ট ট্রাম্প তা কার্যত উপেক্ষা করে চলেছেন।
হোয়াইট হাউসের দাবি, সংঘাত চালিয়ে যাওয়ার ক্ষেত্রে প্রেসিডেন্টের ব্যাপক সাংবিধানিক ক্ষমতা রয়েছে। ব্রুকিংস ইনস্টিটিউশনের গভর্ন্যান্স স্টাডিজের সিনিয়র ফেলো স্কট অ্যান্ডারসন বলেন, প্রেসিডেন্টকে বাধ্য করার বিষয়ে কংগ্রেসের আইনগত কর্তৃত্ব একটি বড় প্রশ্ন। কংগ্রেস বিষয়টি আদালতের ওপর ছেড়ে দিয়ে আইনি লড়াই চালিয়ে যেতে পারে।

সূত্র: বিবিসি


আপনার মতামত লিখুন :
More News Of This Category