প্রভাত সংবাদদাতা, নারায়ণগঞ্জ: ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে গার্মেন্টস শ্রমিকদের চলমান আন্দোলনের চতুর্থ দিনে নারায়ণগঞ্জে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশসহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সেইসঙ্গে গার্মেন্টস শ্রমিকরা তাদের কর্মস্থলে যোগ দিয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল থেকেই ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের শিবু মার্কেট কাঠেরপুল এলাকায় এই পরিস্থিতি দেখা যায়। ফলে এদিন সকাল থেকেই পরিস্থিতি শান্ত রয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
এদিকে শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতে বিএনপি দলীয় নেতাকর্মীরাও সতর্ক অবস্থানে রয়েছেন। নারায়ণগঞ্জে বিভিন্ন পয়েন্টে বিএনপির নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। এর আগে বুধবার সকালেই শ্রমিকরা ঢাকা-নারায়ণগঞ্জ লিঙ্ক রোড অবরোধের জন্য শিবু মার্কেট কাঠেরপুল এলাকায় জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছিলো। শ্রমিকরা পাল্টা ইটপাটকেল মারলে পুলিশ সাউন্ড গ্রেনেড টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এদিন কয়েকজন শ্রমিককে আটক করা হয়।
নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলেন, সকাল থেকেই পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কোথাও যেন বিশৃঙ্খলার ঘটনা না ঘটে; সেজন্য সকাল থেকেই বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। আমরা কঠোর অবস্থানে আছি, কোনোভাবেই তাদের রাস্তায় আসতে দিব না।