প্রভাত সংবাদদাতা, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী বাজার থেকে অলিপুরা বাজার হয়ে সাদিপুর ইউনিয়নের কাজহরদী বিষ্ণাপুরা ব্রিজ পর্যন্ত সড়কটি দীর্ঘ দিন ধরে সংস্কার না হওয়ায় বেহাল হয়ে পড়েছে। প্রায় ৯ কিলোমিটার দীর্ঘ এই সড়কটি এখন চলাচলের জন্য খুবই অনুপযোগী। খানাখন্দ, উঁচু-নিচু ঢিবি ও গর্তের কারণে প্রতিদিনই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। এ কারণে যানজটও এখন এই সড়কের নিত্যদিনের চিত্র।
এই সড়ক দিয়েই দেশের অন্যতম সনাতন ধর্মীয় তীর্থস্থান বারদীর শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আশ্রমে প্রতিদিন শত শত ভক্ত ও দর্শনার্থী যাতায়াত করেন। কিন্তু সড়কের বেহাল অবস্থার কারণে তাদেরও চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে বর্ষাকালে বিভিন্ন স্থানে পানি জমে যাওয়ায় যান চলাচল আরও ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।
সরেজমিনে দেখা যায়, সোনারগাঁ অংশের প্রায় ৯ কিলোমিটার সড়কের সাদিপুর ইউনিয়নের কাজহরদী বেলপাড়া উঁচু-নিচু ঢিবি ও খানাখন্দে ভরা, সনমান্দী ইউনিয়নের অলিপুরা বাজার, ফতেপুর দড়িকান্দী, চকবাজার অবস্থাও বেহাল এবং বারদী ইউনিয়নের বারদী বাজার এলাকায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও কার্পেটিং উঠে গিয়ে সড়কটি খানাখন্দে পরিণত হয়েছে। বৃষ্টির পর এসব গর্তে পানি জমে থাকে।ফলে গাড়ি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে। সড়কটি বন্দর উপজেলার কাজীপাড়া শ্রীরামপুর হয়ে সরাসরি কেওঢালা ঢাকা চট্টগ্রাম মহাসড়কে সংযুক্ত। প্রতিদিন হাজার হাজার যানবাহন এই পথে চলাচল করে। কিন্তু রাস্তার বেহাল অবস্থায় দুর্ভোগের শেষ থাকে না। বিশেষ করে ইজিবাইক, মোটরসাইকেল, রিকশা ও সিএনজিচালিত যানবাহন গর্তে পড়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আবার গর্তে বৃষ্টির পানি জমে থাকায় সতর্কতার সঙ্গে যানবাহন চলাচল করছে। এতে যানজট লেগে থাকে সড়কটিতে।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, উপজেলার জামপুর, সাদিপুর, সনমান্দী, বারদী ও নোয়াগাঁও ইউনিয়নের বাসিন্দারা ছাড়াও আড়াইহাজার উপজেলার উচিৎপুরা, খাগকান্দা ও কালাপাহাড়িয়া এবং কুমিল্লার মেঘনা উপজেলার একাংশের মানুষ প্রতিদিন যাতায়াত করেন। প্রায় ১ লক্ষাধিক লোক চলাচল করে এই রাস্তায় প্রতিদিন। সামান্য বৃষ্টি হলেই গর্তে পানি জমে যায়। এতে রিকশা, সিএনজিচালিত অটোরিকশাসহ ছোট যানবাহন চলাচল ব্যাহত হয়। রাতের বেলায় গর্তে পড়ে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। সড়কটি সংস্কারের দাবিতে একাধিকবার মানববন্ধন ও লিখিত আবেদন করা হলেও এখনো কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
সোনারগাঁ উপজেলা প্রকৌশলী সোহেল রানা বলেন, আমি সম্প্রতি সোনারগাঁ উপজেলায় যোগদান করেছি। সড়কটির বেহাল অবস্থার বিষয়টি জেনেছি। মানুষের দুর্ভোগ কমাতে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে যত দ্রুত সম্ভব জিওভি মেনটেনেন্সের মাধ্যমে সড়কটির সংস্কারকাজ শুরু করার চেষ্টা করছি।