প্রভাত সংবাদদাতা, খুলনা : খুলনায় প্রায় ২০ ঘণ্টার ব্যবধানে ককটেল নিক্ষেপ, বিএনপি কার্যালয়ের ব্যানারে আগুন এবং স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় কেউ হতাহত হননি। তবে ঘটনাগুলো ঘিরে এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে।
খুলনা রেলস্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা নকশীকাঁথা ট্রেনের একটি বগির আসনে আগুন লাগে মঙ্গলবার রাত ৩টা ৪০ মিনিটের দিকে। আগুনে একটি আসন ক্ষতিগ্রস্ত হয়।
স্টেশন মাস্টার জাকির হোসেন জানান, ঢাকা থেকে আসা ট্রেনটি রাত ১২টার দিকে স্টেশনে পৌঁছায়। আগুন লাগার পরপরই তা নিভিয়ে ফেলা হয়।
স্টেশন মাস্টারের ধারণা, বগিতে ঘুমানোর জন্য জ্বালানো মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তার ভাষ্য, নাশকতার উদ্দেশ্যে আগুন দেয়া হলে তা পুরো বগিতে ছড়িয়ে পড়তে পারত।
রেলওয়ে খুলনার ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী শামীম হোসেন বলেন, আগুনে ক্ষতিগ্রস্ত আসনটি মেরামতের জন্য সকালে বগিটি সরিয়ে ওয়ার্কশপে নেওয়া হয়েছে। পরে বেলা ১১টার দিকে বগি পরিবর্তন করে ট্রেনটি মহানন্দা নামে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশে ছেড়ে যায়। এর আগে সোমবার (৯ নভেম্বর) রাত ৮টার দিকে খুলনার দৌলতপুরে কৃষক দলের নেতাকর্মীদের একটি ঘরোয়া আলোচনা সভা লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে। সেভ অ্যান্ড সেভের সামনে একটি টিনশেড কক্ষে এ সভা চলছিল। তবে নিক্ষিপ্ত বস্তুটি বিস্ফোরিত না হওয়ায় কেউ হতাহত হননি, কোনও ক্ষয়ক্ষতিও হয়নি।
মহানগর কৃষক দলের আহ্বায়ক সজিব তালুকদার জানান, ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে ওই কক্ষে আলোচনা সভা চলছিল। এ সময় দুর্বৃত্তরা সভা লক্ষ্য করে একটি ককটেল ছোড়ে। ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে বিক্ষোভ মিছিল বের করেন নেতাকর্মীরা। তিনি বলেন, ঘটনার সময় তিনি সেখানে ছিলেন না; খবর পেয়ে পরে ঘটনাস্থলে যান। ওই কক্ষটি কোনো দলীয় কার্যালয় নয়, সেখানে নেতাকর্মীরা বসে আলোচনা করেন।
দৌলতপুর থানার ওসি আলিমুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে ককটেল সদৃশ একটি বস্তু উদ্ধার করা হয়েছে। কৃষক দলের নেতাকর্মীদের সভা চলাকালে সভাস্থলের সামনে এটি নিক্ষেপ করা হয়। বস্তুটি বিস্ফোরিত হয়নি।
এদিকে মঙ্গলবার ভোরে খুলনার বটিয়াঘাটা উপজেলার ১ নম্বর জলমা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দারোগার ভিটার সামনে উপজেলা বিএনপির কার্যালয়ের ব্যানারে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফজরের নামাজের সময় মোটরসাইকেলে করে দুই যুবক কার্যালয়ের সামনে আসেন। কিছুক্ষণ পর তারা কার্যালয়ের সামনে থাকা ব্যানারে আগুন দিয়ে দ্রুত চলে যান। তাদের মুখে মুখোশ থাকায় পরিচয় শনাক্ত করা যায়নি। স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
বটিয়াঘাটা থানার ওসি এস এম মিজানুর রহমান বলেন, দুই যুবক ব্যানারে আগুন দিয়ে চলে গেছেন। এ ঘটনায় তদন্ত চলছে। জড়িত ব্যক্তিদের শনাক্তে পুলিশ কাজ করছে।