• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
Headline
পাইপলাইনে ৯০ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প: শাহে আলম গুমের মামলার তদন্ত শেষ পর্যায়ে : চিফ প্রসিকিউটর বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়তে মাস্টারপ্ল্যান হচ্ছে: বিমানমন্ত্রী স্বাস্থ্য খাতে পারস্পরিক সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ ও নেপাল ৬ মাসের মধ্যে চূড়ান্ত হবে নগর স্বাস্থ্য মডেল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রাথমিক স্তর থেকেই ‘স্টেম’ শিক্ষা: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বেসরকারি স্কুলে অতিরিক্ত ভর্তি ফি নিলে বাতিল হবে এমপিও, পুনঃভর্তি ফি নিষিদ্ধ: শিক্ষা মন্ত্রণালয় যে শিক্ষা হৃদয়ে আনন্দের প্রদীপ জ্বালায়, সেটাই প্রকৃত শিক্ষা: রিজভী নারীস্বাস্থ্য সুরক্ষায় বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক: শামা ওবায়েদ সাভার-আশুলিয়ায় শ্রমিক-পুলিশ পাল্টাপাল্টি ধাওয়া, ১৫ প্লাটুন বিজিবি মোতায়েন
ব্র্যাক ইউনিভার্সিটিতে প্রফেসর ফারজানা মুন্সীর বইয়ের মোড়ক উন্মোচন

শ্রমবাজারে মানসম্মত কর্মসংস্থান ও দক্ষ জনশক্তি গড়ে তোলার আহ্বান বিশেষজ্ঞদের

Reporter Name / ৬১ Time View
Update : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

প্রভাত ডেস্ক: বাংলাদেশের অর্থনীতি দ্রুত পরিবর্তিত হচ্ছে। তবে সেই পরিবর্তনের সঙ্গে শ্রমবাজারের রূপান্তর ঘটছে না একই গতিতে। এই ব্যবধান কমাতে মানসম্মত কর্মসংস্থান সৃষ্টি, কাজের সুযোগ বাড়ানো এবং প্রযুক্তিগত পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে সক্ষম দক্ষ জনশক্তি গড়ে তোলা জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মঙ্গলবার (১০ নভেম্বর) ব্র্যাক ইউনিভার্সিটিতে আয়োজিত এক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তারা এ কথা বলেন।
ব্র্যাক ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অব ইকোনমিকস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে বিভাগের প্রফেসর ফারজানা মুন্সীর লেখা “দ্য লেবার মার্কেট ইন বাংলাদেশ: ইমার্জিং চ্যালেঞ্জেস, ফিউচার অফ ওয়ার্ক অ্যান্ড পলিসি ডিরেকশন” শীর্ষক বইটির মোড়ক উন্মোচন করা হয়। বইটি প্রকাশ করেছে রাউটলেজ।
বইটিতে বাংলাদেশের শ্রমবাজারের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে অনানুষ্ঠানিক কাজে নিয়োজিত মানুষের আধিক্য, তরুণ ও উচ্চশিক্ষিতদের মধ্যে বেকারত্ব, চাকরির চাহিদার সঙ্গে দক্ষতার অমিল এবং নারী-পুরুষের কর্মসংস্থানে বৈষম্য। পাশাপাশি প্রযুক্তির পরিবর্তন, স্বয়ংক্রিয় ব্যবস্থা ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রভাবে ভবিষ্যতের কর্মজগতে যেসব নতুন চ্যালেঞ্জ তৈরি হচ্ছে, সেগুলোও বিশ্লেষণ করা হয়েছে।
বইটিতে গুরুত্ব দেওয়া হয়েছে, শ্রমবাজারের সমস্যা সমাধানে শুধু কর্মীদের দক্ষতা বাড়ানো যথেষ্ট নয়। দক্ষতা অনুযায়ী কাজের সুযোগ তৈরি করতে উৎপাদনশীল খাতে বিনিয়োগও বাড়াতে হবে। অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখা ও দারিদ্র্য কমাতে শুধু কর্মসংস্থান সৃষ্টি নয়, বরং ভালো ও নিরাপদ কাজের সুযোগ নিশ্চিত করাও জরুরি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা ও শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা প্রফেসর ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি সতর্ক করে বলেন, বাংলাদেশ মধ্যম আয়ের ফাঁদে পড়ার ঝুঁকিতে রয়েছে। এ অবস্থায় অনেক দেশ মধ্যম আয়ের স্তরে পৌঁছালেও শিল্পোন্নত ও উচ্চ আয়ের দেশে পরিণত হতে পারে না। তিনি বলেন, দেশে বড় বড় অবকাঠামো তৈরি হচ্ছে, কিন্তু সেগুলো পরিচালনা ও কাজে লাগানোর মতো দক্ষ লোকের অভাব রয়েছে। আবার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে যে ধরনের শিক্ষা ও দক্ষতা দেওয়া হচ্ছে, চাকরির বাজারে অনেক ক্ষেত্রে তার চাহিদা নেই। দীর্ঘমেয়াদে প্রবৃদ্ধি ধরে রাখতে স্বল্প মজুরির শ্রম ও জনশক্তি রপ্তানির ওপর নির্ভরশীলতা কমানোর পরামর্শ দেন তিনি।
তিনি আরও বলেন, দেশের মানুষের দক্ষতা বাড়াতে হবে, ভালো ও টেকসই কাজের সুযোগ তৈরি করতে হবে এবং অর্থনীতির চাহিদার সঙ্গে মানুষের দক্ষতার মিল রাখতে হবে।
সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো প্রফেসর মোস্তাফিজুর রহমান বলেন, দেশের অর্থনীতি এখন বেশি আয় ও মূল্য তৈরি করতে পারে এমন শিল্প ও সেবাখাতের দিকে এগোচ্ছে। কিন্তু কর্মসংস্থানের ক্ষেত্রে সেই পরিবর্তন ঘটছে না। ফলে অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সবার কাছে পৌঁছে দেওয়া এবং নতুন কাজের সুযোগ তৈরি করা কঠিন হয়ে পড়ছে।
সিপিডির আরেক সম্মাননীয় ফেলো ড. ফাহমিদা খাতুন বলেন, অর্থনৈতিক সুযোগ থেকে কিছু জনগোষ্ঠী বঞ্চিত হলে তাদের ব্যক্তিগত সম্ভাবনা যেমন সীমিত হয়, তেমনি দেশের উৎপাদনশীলতাও ক্ষতিগ্রস্ত হয়। তাই শুধু কর্মসংস্থানের সংখ্যা নয়, কাজের মানের দিকেও গুরুত্ব দিতে হবে।
বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের (বিআইডিএস) মহাপরিচালক প্রফেসর এ কে এনামুল হক বলেন, এআই ও স্বয়ংক্রিয় প্রযুক্তির কারণে অনেক কাজ এখন মানুষের বদলে যন্ত্রই করে দিচ্ছে। এতে কাজের ধরন বদলে যাচ্ছে। তবে মানুষের সৃজনশীলতা, গভীরভাবে পর্যবেক্ষণ করার ক্ষমতা এবং নতুন কিছু চিন্তা করার দক্ষতার বিকল্প নেই। পরিবর্তিত শ্রমবাজারের সঙ্গে তাল মেলাতে শিক্ষাব্যবস্থায় প্রয়োজনীয় পরিবর্তন আনার ওপরও তিনি গুরুত্ব দেন।
আলোচনাটি সঞ্চালনা করেন ব্র্যাক ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অব ইকোনমিকস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের চেয়ারপারসন প্রফেসর ওয়াসিকুর রহমান খান। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য, শিক্ষক এবং বিভিন্ন স্কুল ও বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এই আলোচনায় জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) মানসম্মত শিক্ষা (এসডিজি-৪), জেন্ডার সমতা (এসডিজি-৫) এবং শোভন কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি (এসডিজি-৮) গুরুত্ব পায়। গবেষণার মাধ্যমে দেশের নীতিনির্ধারণে ভূমিকা রাখা এবং শিক্ষার্থীদের ভবিষ্যতের কর্মজগতের জন্য প্রস্তুত করার বিষয়ে ব্র্যাক ইউনিভার্সিটির গুরুত্বও তুলে ধরা হয়।

সংবাদ বিজ্ঞপ্তি


আপনার মতামত লিখুন :
More News Of This Category