• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:২১ অপরাহ্ন
Headline
পাইপলাইনে ৯০ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প: শাহে আলম গুমের মামলার তদন্ত শেষ পর্যায়ে : চিফ প্রসিকিউটর বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়তে মাস্টারপ্ল্যান হচ্ছে: বিমানমন্ত্রী স্বাস্থ্য খাতে পারস্পরিক সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ ও নেপাল ৬ মাসের মধ্যে চূড়ান্ত হবে নগর স্বাস্থ্য মডেল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রাথমিক স্তর থেকেই ‘স্টেম’ শিক্ষা: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বেসরকারি স্কুলে অতিরিক্ত ভর্তি ফি নিলে বাতিল হবে এমপিও, পুনঃভর্তি ফি নিষিদ্ধ: শিক্ষা মন্ত্রণালয় যে শিক্ষা হৃদয়ে আনন্দের প্রদীপ জ্বালায়, সেটাই প্রকৃত শিক্ষা: রিজভী নারীস্বাস্থ্য সুরক্ষায় বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক: শামা ওবায়েদ সাভার-আশুলিয়ায় শ্রমিক-পুলিশ পাল্টাপাল্টি ধাওয়া, ১৫ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রাথমিক স্তর থেকেই ‘স্টেম’ শিক্ষা: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

Reporter Name / ৯ Time View
Update : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

প্রভাত রিপোর্ট: প্রাথমিক শিক্ষাকে কেবল পাঠ্যবই ও পরীক্ষাকেন্দ্রিক না রেখে শিশুদের স্বাভাবিক কৌতূহল, সৃজনশীলতা, অনুসন্ধিৎসা ও বিশ্লেষণী চিন্তার বিকাশের উপযোগী করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা, সামাজিক যোগাযোগমাধ্যম ও ডিজিটাল ডিভাইসের ক্রমবর্ধমান প্রভাবের এই সময়ে শিশুদের স্বাভাবিক কৌতূহল, সমালোচনামূলক চিন্তাশক্তি এবং সামগ্রিক বুদ্ধিবৃত্তিক বিকাশ নিশ্চিত করা শিক্ষাব্যবস্থার অন্যতম প্রধান দায়িত্ব। প্রাথমিক স্তর থেকেই স্টেম (সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং এবং ম্যাথমেটিক্স) শিক্ষার সমন্বিত প্রয়োগ, হাতে-কলমে শেখা এবং আনন্দময় শিখনের পরিবেশ তৈরি করতে সরকার কাজ করছে। বুধবার (১১ নভেম্বর) গণসাক্ষরতা অভিযান ও নেটজ-বাংলাদেশের যৌথ আয়োজনে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ভবনে ‘প্রাথমিক স্তরে স্টেম শিক্ষা: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও আগামীর ভাবনা’ শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সময়ে অনেক শিশু অবসর ও সৃজনশীলতার সময় ডিজিটাল ডিভাইসে ব্যয় করছে। কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশের ফলে ভবিষ্যতের কর্মজগৎ ও দক্ষতার চাহিদায় বড় পরিবর্তন আসবে।
অনেক প্রচলিত কাজের ধরন পরিবর্তিত হবে কিংবা কিছু কাজের প্রয়োজনীয়তা কমে আসবে। ফলে আগামী প্রজন্মকে প্রস্তুত করতে হলে প্রাথমিক স্তর থেকেই তাদের সমস্যা সমাধানের দক্ষতা এবং নতুন কিছু শেখার সক্ষমতা গড়ে তুলতে হবে। শুধু তথ্য জানা নয়, তথ্য বিশ্লেষণ করে সঠিক সিদ্ধান্ত নেওয়ার যোগ্যতা তৈরি করাই হবে শিক্ষার অন্যতম লক্ষ্য। তিনি বলেন, প্রাথমিক শিক্ষার পরিমার্জিত কারিকুলামে শুরু থেকে শেষ পর্যন্ত স্টেম শিক্ষার বিষয়টি সমন্বিতভাবে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি পাঠ্যবইয়ের বিভিন্ন অধ্যায়ের সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষামূলক খেলনা ব্যবহারের পরিকল্পনা রয়েছে। যেমন প্রথম শ্রেণিতে যোগ-বিয়োগ শেখানো কিংবা তৃতীয় শ্রেণিতে পরিসীমা ও ক্ষেত্রফলের ধারণা দেওয়ার ক্ষেত্রে উপযুক্ত খেলনা ও উপকরণ ব্যবহার করা যেতে পারে। কোন শ্রেণির কোন অধ্যায়ে কী ধরনের খেলনা বা উপকরণ ব্যবহার করলে শিশুরা সহজে শিখতে পারবে, সে বিষয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) কাজ শুরু করেছে। এ ক্ষেত্রে দেশীয় উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গেও আলোচনা করা হবে, যাতে স্থানীয়ভাবে মানসম্মত ও পাঠ্যক্রম উপযোগী শিক্ষাসামগ্রী তৈরি করা যায়।
আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরির উদ্যোগ সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, শিশুরা যেন শুধু উপস্থিতি নিশ্চিত করার জন্য নয়, বরং বিদ্যালয়ে নতুন কিছু শেখার আনন্দ ও আগ্রহ নিয়ে আসে, সেই লক্ষ্যেই সরকার কাজ করছে। এ লক্ষ্যে ইতোমধ্যে পাঠ্যক্রমের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ৪২০টির বেশি শিক্ষামূলক খেলা ডিজাইনের কাজ শুরু হয়েছে। শ্রেণি ও পাঠভিত্তিক এসব খেলার মাধ্যমে বাংলা, গণিত, বিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ের পাঠকে শিশুদের কাছে আরও সহজ, আনন্দদায়ক ও আকর্ষণীয় করে তোলা হবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির (নেপ) মহাপরিচালক ফরিদ আহমদ, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সদস্য (প্রাথমিক) ও ঊর্ধ্বতন বিশেষজ্ঞ প্রফেসর মো. নুরুন্নবী আলম এবং নেট্জ-বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর শহিদুল ইসলাম। সভায় সভাপতিত্ব করেন গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে. চৌধুরী। সমাপনী বক্তব্যে তিনি উপস্থিত অতিথিবৃন্দ, গবেষক ও অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান। একই সঙ্গে প্রাথমিক শিক্ষায় বিদ্যমান বৈষম্য দূর করে সব শিশুর জন্য মানসম্মত, অন্তর্ভুক্তিমূলক ও যুগোপযোগী স্টেম শিক্ষা নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি সংস্থার মধ্যে সমন্বয় ও যৌথ অংশীদারিত্ব আরও জোরদার করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :
More News Of This Category