• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:২১ অপরাহ্ন
Headline
পাইপলাইনে ৯০ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প: শাহে আলম গুমের মামলার তদন্ত শেষ পর্যায়ে : চিফ প্রসিকিউটর বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়তে মাস্টারপ্ল্যান হচ্ছে: বিমানমন্ত্রী স্বাস্থ্য খাতে পারস্পরিক সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ ও নেপাল ৬ মাসের মধ্যে চূড়ান্ত হবে নগর স্বাস্থ্য মডেল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রাথমিক স্তর থেকেই ‘স্টেম’ শিক্ষা: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বেসরকারি স্কুলে অতিরিক্ত ভর্তি ফি নিলে বাতিল হবে এমপিও, পুনঃভর্তি ফি নিষিদ্ধ: শিক্ষা মন্ত্রণালয় যে শিক্ষা হৃদয়ে আনন্দের প্রদীপ জ্বালায়, সেটাই প্রকৃত শিক্ষা: রিজভী নারীস্বাস্থ্য সুরক্ষায় বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক: শামা ওবায়েদ সাভার-আশুলিয়ায় শ্রমিক-পুলিশ পাল্টাপাল্টি ধাওয়া, ১৫ প্লাটুন বিজিবি মোতায়েন

সাভার-আশুলিয়ায় শ্রমিক-পুলিশ পাল্টাপাল্টি ধাওয়া, ১৫ প্লাটুন বিজিবি মোতায়েন

Reporter Name / ১০ Time View
Update : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

প্রভাত সংবাদদাতা, সাভার: তৈরি পোশাক খাতের শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, শ্রমিক ছাঁটাইয়ের তালিকা বন্ধ করাসহ বিভিন্ন দাবিতে সাভার ও আশুলিয়ায় বুধবার বিক্ষোভ হয়েছে। একপর্যায়ে বিক্ষোভকারীরা সড়ক অবরোধের চেষ্টা চালালে পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া, কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটে। এসব ঘটনায় বেলা তিনটা পর্যন্ত অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। সকালে সাভার ও আশুলিয়ার বিভিন্ন কারখানায় নির্ধারিত সময়ে শ্রমিকেরা উপস্থিত হন। তবে কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ করে কারখানায় বসে থাকেন। কেউ কেউ বের হয়ে কারখানার সামনে অবস্থান নেন। কাজ বন্ধ করে বসে থাকায় ওই সময় কিছু কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে আশুলিয়ার জামগড়া, নিশ্চিন্তপুর, নরসিংহপুর ও জিরাবো এলাকার কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজ না করে কারখানায় বসে থাকেন। একপর্যায়ে তাঁরা কারখানা থেকে বের হয়ে আবদুল্লাহপুর থেকে বাইপাইল সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করেন। এ সময় জামগড়া এলাকায় পুলিশের সঙ্গে শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পুলিশের সাঁজোয়াযান লক্ষ্য করে বিক্ষোভকারীরা ইটপাটকেল ছোড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। এমন পরিস্থিতিতে এসব এলাকার বেশ কিছু কারখানায় ছুটি ঘোষণা করা হয়।
এদিকে সকালে সাভারের হেমায়েতপুরে বিভিন্ন কারখানায় শ্রমিকেরা কাজের জন্য উপস্থিত হন। কয়েকটি কারখানার শ্রমিক কাজ না করে বের হয়ে আসেন। পরে তাঁরা বাগবাড়ী এলাকায় স্ট্যান্ডার্ড এমএইচ গ্রুপের একটি কারখানার সামনে অবস্থান নেন। পুলিশ তাঁদের সরে যেতে বলে। তবে শ্রমিকেরা সরে না গিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় পুলিশকে লক্ষ্য করে শ্রমিকেরা ইটপাটকেল ছোড়েন। একপর্যায়ে কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের সরিয়ে দেয় পুলিশ। এরপর ওই এলাকায় বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে কয়েক দফায় পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপসহ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটে। একপর্যায়ে বিক্ষোভকারীরা সরে যান।
সাভার ও আশুলিয়ায় এসব ঘটনার পরিপ্রেক্ষিতে ৫০ থেকে ৬০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন আশুলিয়া শিল্পাঞ্চল শিল্প পুলিশ–১–এর কর্মকর্তারা।
আশুলিয়া শিল্পাঞ্চল শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, সকালে অধিকাংশ কারখানায় শ্রমিকেরা কর্মমুখর ছিলেন। কয়েকটি কারখানার শ্রমিক সড়ক অবরোধের চেষ্টাসহ পুলিশ ও এপিসির গাড়ি লক্ষ্য করে ঢিল ছোড়েন। পরে কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের সরিয়ে দেওয়া হয়। এমন পরিস্থিতিতে সাভার ও আশুলিয়ায় ইতিমধ্যে ৫০ থেকে ৬০টি কারখানায় ছুটি ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ।
শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবির বিষয়টিকে ব্যবহার করে বহিরাগত ব্যক্তিরা উদ্দেশ্যমূলকভাবে শিল্পাঞ্চলে অশান্ত পরিবেশ তৈরির চেষ্টা চালাচ্ছেন বলে দাবি করেছে পুলিশ।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস ও ট্রাফিক উত্তর) মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘সকাল থেকে পরিস্থিতি ভালোই ছিল। মাঝখানে দুই–একটি গার্মেন্টসে বহিরাগত ব্যক্তিরা অশান্ত পরিবেশ তৈরির চেষ্টা করেন। প্রকৃতপক্ষে তাঁরা শ্রমিক কি না, সে বিষয়ে আমরা কোনো তথ্য পাইনি। বহিরাগত ব্যক্তিরা হেমায়েতপুরকেন্দ্রিক গার্মেন্টসগুলোয় অশান্ত পরিবেশ তৈরির চেষ্টা করেছিলেন। তবে আমরা খুব সহজেই তাঁদের ছত্রভঙ্গ করে দিয়েছি। এখন পরিবেশ–পরিস্থিতি খুবই ভালো আছে।’
অতিরিক্ত পুলিশ সুপার জানান, মূলত শ্রমিক আন্দোলনের যে বিষয়বস্তু ছিল, তা হলো মজুরি বোর্ড গঠন। ইতিমধ্যে মজুরি বোর্ড গঠন করা হয়েছে। শ্রমিকদের বলা হয়েছে, খুব শিগগির এ বিষয়ে একটি সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হবে। এ নিয়ে ইতিমধ্যে বৈঠকও হয়েছে। এর মধ্যে বাইরে থেকে তৃতীয় একটি পক্ষ পরিস্থিতি অস্থিতিশীল করে নিজেদের অন্য উদ্দেশ্য সাধনের চেষ্টা করছে।
এদিকে সাভার ও আশুলিয়ায় শিল্পকারখানার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে সাভার উপজেলা প্রশাসন।
সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম বলেন, সাভার ও আশুলিয়ায় শিল্পাঞ্চলের নিরাপত্তায় জেলা পুলিশ ও শিল্প পুলিশের পাশাপাশি ১৫ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। এ ছাড়া চার ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category