• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
Headline
রাজবাড়ীতে বিএসটিআইয়ের মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা গাজীপুরে শ্রমিক অসন্তোষ: ৩২ কারখানা বন্ধ, ৭০ কারখানায় ছুটি পিরোজপুরে বেকুটিয়া সেতুতে মোটরসাইকেল-ট্রলির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২ হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার : শামা ওবায়েদ শেখ হাসিনার এয়ারক্রাফট চাওয়া উন্মাদনা ছাড়া আর কিছুই নয় : চিফ প্রসিকিউটর শেখ হাসিনাকে হাতকড়া পরে আসতে হবে: হুমায়ূন কবির মারা গেছেন অভিনেতা সোহেল খান নারায়ণগঞ্জের ফতুল্লায় দৌড়ে প্রাণ বাঁচানো পুলিশ কর্মকর্তা ক্লোজড ঘুষের এক লাখ টাকাসহ হাতেনাতে ধরা আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী পাবনার ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে গুলি, ৫ জন গুলিবিদ্ধ

ছয় মাসে খুব একটা সন্তুষ্ট নই, কাজ দৃশ্যমান হতে সময় লাগবে: মীর শাহে আলম

Reporter Name / ৬৮ Time View
Update : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

প্রভাত রিপোর্ট: সরকারের ছয় মাসের কার্যক্রমে খুব একটা সন্তুষ্ট নন বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, এ সময়ে ঢাকা নগরীর বর্জ্য ব্যবস্থাপনা, খাল ও লেক সংস্কার এবং রাস্তাঘাটের উন্নয়নে কাজ শুরু হয়েছে। তবে এসব কাজের সুফল মাঠপর্যায়ে দৃশ্যমান হতে আরও কিছুটা সময় লাগবে। সোমবার (১৭ আগস্ট) স্থানীয় সরকার বিভাগ এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন দপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠানের সৌরবিদ্যুতের ব্যবহার সংক্রান্ত পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন।
সরকারের ছয় মাসের কার্যক্রমের মূল্যায়ন জানতে চাইলে মীর শাহে আলম বলেন, ‘ছয় মাস তো খুব কম সময়। আমরা এই সময় ঢাকা নগরীর ধরেন ময়লা, মানে ওয়েস্ট ম্যানেজমেন্ট (বর্জ্য ব্যবস্থাপনা) নিয়ে আমরা কাজ করছি। খালগুলো নিয়ে, লেকগুলো নিয়ে আমরা কাজ শুরু করেছি। রাস্তাঘাটের উন্নয়নের জন্য কাজ করেছি।’ বর্ষাকালে ঢাকার জলজট প্রসঙ্গে তিনি বলেন, ‘বর্ষাকালে এবার আমার মনে হয় যে পানি যেটি জলাবদ্ধতা ঠিক না, জলজট যেটা ছিল খুব কম সময় ছিল। এজন্য আমরা অবশ্য দুঃখ প্রকাশ করেছি। এখনো করছি, আমাদের সীমাবদ্ধতা আছে।’
ছয় মাসের কাজের সামগ্রিক মূল্যায়নে প্রতিমন্ত্রী বলেন, ‘সব মিলিয়ে আমি বলব যে খুব একটা সন্তুষ্ট আমরা না। তবে কাজ যেগুলো শুরু করেছি এগুলো মাঠপর্যায়ে যখন দৃশ্যমান হবে একটু সময় লাগবে।’ তিনি বলেন, কাজ শুরু করার আগে পরিস্থিতি বুঝতে সরকারের কিছুটা সময় লেগেছে। একই সঙ্গে নতুন সরকারের কাজের ধরন বুঝতে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা-কর্মচারীদেরও সময় লাগছে।
মীর শাহে আলম বলেন, ‘কারণ আমাদের তো শুরু করতে আমাদের বুঝতে কিছুদিন সময় লেগেছে, তারপরে আমাদের কাজের ধরনটা যারা আমাদের সঙ্গে কাজ করছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা তাদেরও একটু বুঝতে সময় লাগছে।’ ‘সরকারের বিভিন্ন প্রকল্প ও উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের প্রক্রিয়াও এগিয়ে চলছে। কিছু ডিপিপি (উন্নয়ন প্রকল্প প্রস্তাব) বা কিছু প্রকল্প আমরা অনুমোদনের জন্য প্ল্যানিংয়ে আছে, কিছু অর্থতে আছে’ বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ‘সব মিলিয়ে আমরা ছয় মাসে অনেক দূর এগিয়েছি। বিশেষ করে সারা বাংলাদেশেই স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে আমরা একটা পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছি।’ তবে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমে নির্বাচিত জনপ্রতিনিধি না থাকার বিষয়টিকে বড় সীমাবদ্ধতা হিসেবে দেখছেন তিনি। মীর শাহে আলম বলেন, ‘তবে এটাও ঠিক যে নির্বাচিত জনপ্রতিনিধি ছাড়া স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো এইভাবে রান করানো অসম্ভব।’তিনি বলেন, ‘এই নির্বাচিত জনপ্রতিনিধিরা যখন এই অর্থবছরের নির্বাচনের মাধ্যমে তারা চলে আসবে, তখন স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর কাজের গতি আরও বাড়বে, মানুষের সেবার মান আরও বাড়বে বলে আমি মনে করি।’
তিনি আরো বলেন, ব্যাটারিচালিত ই-রিকশা বা অটোরিকশা সৌরবিদ্যুৎ ছাড়া অন্য কোনো উৎস থেকে চার্জ দিলে জরিমানার বিধান করা হচ্ছে। পাশাপাশি সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ করলে এসব অটোরিকশার নিবন্ধন দেওয়া হবে না এবং নিবন্ধনের পর এমনটি করলে নবায়নও করা হবে না। এজন্য বিধিমালায় প্রয়োজনীয় বিধান রাখা হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ব্যাটারিচালিত ই-রিকশাগুলো আমরা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে সিটি করপোরেশন এবং পৌরসভার আওতায় রেজিস্ট্রেশনের আওতায় নিয়ে আসছি। সেখানেই কিছু শর্ত দেওয়া হবে যে, তারা যে চার্জ দেবে, সেটি অবশ্যই সৌরবিদ্যুতে হতে হবে।
তিনি বলেন, সৌরবিদ্যুতের বাহিরে রিচার্জ করলে এই ব্যাটারিচালিত বা ই রিকশাগুলোকে আমরা রেজিস্ট্রেশন দেবো না এবং নবায়ন করবো না।
সৌরবিদ্যুতের বাইরে অন্য বিদ্যুৎ দিয়ে চার্জ দিলে জরিমানার বিধানও থাকবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, তারা সৌরবিদ্যুতের বাইরে অন্য বিদ্যুৎ দিয়ে চার্জ দিতে গেলে তাদের যে জরিমানা হবে, সেটাও আইনে থাকবে।
এখন থেকে এসব ই-রিকশার নিবন্ধন বিআরটিএ দেবে না উল্লেখ করে তিনি বলেন, সিটি করপোরেশন ও পৌরসভা নিবন্ধন দেবে। জাতীয় সংসদে এ বিষয়ে আইন পাস হয়েছে এবং সেই আইনের আলোকে বিধিমালা তৈরি করা হচ্ছে। বিধিমালায় নিবন্ধন ফি, নবায়ন ফি এবং অন্যান্য শর্ত নির্ধারণ করা হবে।
ব্যাটারিচালিত রিকশার ফিটনেস সম্পর্কে তিনি বলেন, নিবন্ধন ও নবায়নের জন্য বুয়েট অথবা জেলা পর্যায়ের সরকারি পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের অটোমোবাইল শাখা থেকে ফিটনেস সার্টিফিকেট নেওয়া বাধ্যতামূলক করা হবে। ফিটনেস সার্টিফিকেটের পর ট্রাফিক পুলিশের প্রতিস্বাক্ষর নিয়ে সেটি সিটি করপোরেশন বা পৌরসভায় জমা দিতে হবে।
ঢাকা শহরের অটোরিকশাগুলোকে আটটি জোনে ভাগ করার পরিকল্পনার কথাও জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে চারটি এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে চারটি জোন থাকবে। প্রতিটি জোনের ই-রিকশায় আলাদা রং থাকবে। এক জোনের ই-রিকশা যেন অন্য জোনে যেতে না পারে, সেজন্য জিও ফেন্সিং প্রযুক্তিও ব্যবহার করা হবে।
কোন সড়কে ই-রিকশা চলতে পারবে এবং কোন সড়কে চলতে পারবে না, সেটিও বিধিমালায় নির্ধারণ করা হবে। জিও ফেন্সিং ও আইন অমান্যের ক্ষেত্রে জরিমানার বিষয়টি ট্রাফিক পুলিশের মাধ্যমে বাস্তবায়ন করা হবে বলেও জানিয়েছেন প্রতিমন্ত্রী।
তদারকি সংক্রান্ত এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, পুলিশের কাজ তো এটি। পুলিশের সঙ্গেই যৌথভাবে এটা করছি আমরা। পুলিশই কমিটিতে আছে। জিও ফেন্সিংও ট্রাফিক পুলিশই করবে এবং তারাই মনিটরিং করবে।
নিবন্ধনের সময় ই-রিকশায় কিউআর কোড দেওয়ার পরিকল্পনার কথাও জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, বিধিমালা প্রণয়নের প্রাথমিক বৈঠক এরইমধ্যে শেষ হয়েছে। এতে বুয়েটের বিশেষজ্ঞ, ঢাকা ট্রাফিক পুলিশ এবং দুই সিটি করপোরেশনের প্রতিনিধিরা অংশ নিয়েছেন।
কবে নাগাদ এসব সিদ্ধান্ত বাস্তবায়ন হবে জানতে চাইলে মীর শাহে আলম বলেন, প্রধানমন্ত্রী এবং আইন মন্ত্রণালয়ের কাছ থেকে আমরা ভেটিং করে নিয়ে বিধিমালাতে দেওয়ার সঙ্গে সঙ্গে এটা কার্যকরিতা শুরু হবে ইনশাল্লাহ। তিনি জানান, এ কার্যক্রম শুধু ঢাকায় নয়, সারাদেশে একযোগে বাস্তবায়ন করা হবে। ১৩টি সিটি করপোরেশন, ৩৩০টি পৌরসভা এবং দেশের সব উপজেলায় ই রিকশাকে নিবন্ধন, আইন ও নবায়নের আওতায় আনা হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category