• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
Headline
গোপালগঞ্জে মুঠোফোনে টাকা লেনদেন করতে পারছেন না অনেক গ্রাহক আল্পস পর্বতের নীচে তৈরি হচ্ছে বিশাল রেল প্রকল্প, কমবে যাত্রার সময় অনেকটাই কমতে চলেছে দিল্লি থেকে হরিয়ানার পানিপথ ও কর্নাল যাওয়ার সময় দীর্ঘ আট বছরের পথ পাড়ি দিয়ে অবশেষে বুধ গ্রহে পৌঁছাল বেপিকলম্বো মালয়েশিয়াগামী ১২২ জন কর্মীকে বিদায় জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, লাগেনি পাসপোর্টের টাকাও পীরগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন ফটিকছড়িতে অস্ত্র তৈরির সরঞ্জাম, দুটি আগ্নেয়াস্ত্র ও ৩৪ রাউন্ড গুলি জব্দ,৬জন গ্রেপ্তার ১০ হাজার চিকিৎসক নিয়োগ ও সুরক্ষা আইন হচ্ছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীদের হাতে শতভাগ নতুন পাঠ্যবই তুলে দেয়ার পরিকল্পনা সরকারের শনিবার থেকে সব কলকারখানা চালুর প্রত্যাশা শ্রমমন্ত্রীর

পোশাকশ্রমিকদের কাজে ফেরার আহ্বান বাবুল আখতারের, উসকানি বন্ধের তাগিদ

Reporter Name / ৯ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

প্রভাত রিপোর্ট: পোশাকশ্রমিকদের চলমান আন্দোলন কমে আসছে বলে জানিয়েছেন নিম্নতম মজুরি বোর্ডের শ্রমিকপক্ষের প্রতিনিধি ও শ্রমিক নেতা বাবুল আখতার। এখনো যারা আন্দোলন করছেন তাদের কাজে ফেরার আহ্বান জানিয়ে আন্দোলনে উসকানি বন্ধের তাগিদ দেন তিনি। বাবুল আখতার বলেন, আশুলিয়া এলাকায় আন্দোলন অনেকটাই কমে এসেছে। তবে যেসব কারখানায় এখনো শ্রম অসন্তোষ চলছে, সেখানে রাজনৈতিক বিবেচনা ও বাইরে থেকে উসকানির বিষয়টিও রয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. শামসুর রহমান শিমুল বিশ্বাস, নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী, মজুরি বোর্ডের মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম সামছুদ্দিন মাহমুদ, বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান, বিকেএমইএর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান প্রমুখ।
বাবুল আখতার বলেন, মজুরি বোর্ডের সভা আবার হবে, নতুন করে মজুরি নির্ধারণ করা হবে— এমন নানান গুজব ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে ছড়ানো হচ্ছে। এসব গুজবের কারণে কিছু কারখানায় এখনো আন্দোলন চলছে। তবে আজকের সবচেয়ে ভালো দিক হলো, আশুলিয়া এলাকায় আন্দোলন অনেকটাই কমে এসেছে।
তিনি বলেন, যেসব এলাকায় আন্দোলন এখনো কমছে না, সেখানে রাজনৈতিক বিবেচনা এবং বাইরে থেকে উসকানির বিষয়টি বিবেচনায় রয়েছে। পাশাপাশি অনেক কারখানায় মালিক-শ্রমিকের মধ্যে সুসম্পর্ক না থাকায় শ্রম অসন্তোষ দেখা দিচ্ছে। মালিকপক্ষের পক্ষ থেকে শ্রমিকদের কাছে প্রয়োজনীয় বার্তা না পৌঁছানো ও ব্যবস্থাপনার বিভিন্ন সমস্যাও এজন্য দায়ী।
শ্রমিকদের উদ্দেশে এ শ্রমিক নেতা বলেন, মজুরি বোর্ডের সিদ্ধান্ত সম্পর্কে এখনো অনেক শ্রমিক সঠিকভাবে জানতে পারেননি। এ কারণে তাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। ঘোষিত মজুরি সম্পর্কে শ্রমিকদের কাছে সঠিক তথ্য পৌঁছানো প্রয়োজন। তিনি আরও বলেন, নতুন মজুরি কাঠামোতে কোনো শ্রমিকের বেতন বৃদ্ধি দুই হাজার টাকার কম হবে না। কারও ক্ষেত্রে এর চেয়ে বেশি, এমনকি পাঁচ থেকে সাত হাজার টাকা পর্যন্ত বাড়তে পারে। পুরোনো শ্রমিকদের ইনক্রিমেন্টসহ বেতন সমন্বয়ের ক্ষেত্রেও বিষয়টি বিবেচনা করা হয়েছে। প্রতিটি গ্রেডেই ন্যূনতম দুই হাজার টাকা বেতন বৃদ্ধির বিষয়টি রাখা হয়েছে।
মজুরি নির্ধারণের প্রক্রিয়া তুলে ধরে বাবুল আখতার বলেন, শ্রমিকপক্ষের সব ফেডারেশনের সঙ্গে সমন্বয় করে প্রথমে ২২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দেওয়া হয়েছিল। পরে কয়েক দফা দরকষাকষির মাধ্যমে শ্রমিকপক্ষ ১৮ হাজার টাকার অবস্থানে ছিল। অন্যদিকে মালিকপক্ষ ১৬ হাজার টাকা প্রস্তাব করে। তিনি বলেন, শেষ পর্যন্ত মজুরি বোর্ডের ছয় সদস্যের মধ্যে ভোটাভুটিতে চারজন ১৭ হাজার টাকার পক্ষে এবং দুজন ১৮ হাজার টাকার পক্ষে মত দেন। সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সহকারী ও হেলপারের জন্য ১৭ হাজার টাকা ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়। বোর্ডের সিদ্ধান্ত হিসেবে শ্রমিকপক্ষও তা মেনে নিয়েছে।
বাবুল আখতার আরও বলেন, মজুরি বোর্ডের সিদ্ধান্ত নিয়ে কিছু শ্রমিক সংগঠন নেতিবাচক প্রতিক্রিয়া জানালেও দেশি-বিদেশি বিভিন্ন পক্ষ ও দূতাবাস থেকে এ সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়েছে। খসড়া গেজেট প্রকাশের পরও সংশ্লিষ্ট সবার কাছ থেকে সুপারিশ নেওয়ার সুযোগ থাকবে। প্রয়োজনে পরবর্তী বৈঠকে এসব বিষয় নিয়ে আবার আলোচনা করা যাবে। তিনি বলেন, আগে পাঁচ বছর পরপর মজুরি নির্ধারণ করা হলেও এবার তিন বছর পর তা করা হয়েছে। তবে প্রতিবছর মজুরি পর্যালোচনা ও নির্ধারণের জন্য বিকল্প কোনো ব্যবস্থা চালু করা যায় কি না, তা বিবেচনা করা প্রয়োজন।
এ সময় গ্রেড বৈষম্য দূর করার ওপর গুরুত্বারোপ করে বাবুল আখতার বলেন, পুরোনো শ্রমিকদের মধ্যে গ্রেড বৈষম্যের কারণে অসন্তোষ ও মনোমালিন্য তৈরি হচ্ছে। বিষয়টি সমাধানে উদ্যোগ নেওয়া প্রয়োজন। পাশাপাশি দেশের ৩০০টির বেশি গ্রিন ফ্যাক্টরি ও বড় কারখানাগুলোর জন্য আলাদা মজুরি কাঠামো নির্ধারণের বিষয়টিও বিবেচনা করা যেতে পারে।
শ্রমিক নেতা সংসদ সদস্য অ্যাডভোকেট শিমুল বিশ্বাসের বক্তব্য শেষে এনসিপির শ্রমিক শক্তির নেতারা পেছন থেকে তাদের বক্তব্য দেওয়ার অনুরোধ জানান। তখন বক্তব্য নেওয়ার জন্য মাইক দেওয়া হয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিনকে।
এসময় আয়োজকরা জানান, এটি সংবাদ সম্মেলন। বিপরীতে এনসিপির নেতারা বলেন, বক্তব্য দিতে না দিলে তাদের আমন্ত্রণ জানানো হয়েছে কেন? এসময় তারা ‘দুনিয়ার মজদুর এক হও’ স্লোগান দিতে শুরু করেন। তারা দাবি করেন- গাজীপুরে শ্রমিকদের ওপর পৈশাচিক নির্যাতন হচ্ছে। বিপরীতে এখানে শ্রমিক প্রতিনিধি সরকারের পক্ষে কাজ করছেন। বিএনপি নেতা শিমুল বিশ্বাস তাদের থামানোর চেষ্টা করলেও এনসিপির নেতারা বয়কট বয়কট বলে শ্রম ভবনের সম্মেলন কক্ষ ত্যাগ করেন। এসময় এনসিপির শ্রম শক্তির আহ্বায়ক মাজহারুল ইসলাম ফকির, সদস্য সচিব রিয়াজ মোর্শেদ, মুখ্য সংগঠক আরমান হোসেন, সিনিয়র যুগ্ম মুখ্য সংগঠক মামুন চাকলাদার বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category