প্রভাত রিপোর্ট: পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান মনিরুল ইসলামের স্ত্রী সায়লা ফারজানা ও তাঁর (ফারজানা) দুই ভাইকে আটক করেছে ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। রবিবার (২৯ নভেম্বর) সকালে রাজধানীর মিরপুর ডিওএইচএস এবং মিরপুরের রাকিন সিটি থেকে এই তিনজনকে আটক করা হয়। ডিবি প্রধান শফিকুল ইসলাম আজ সকালে প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) মো. আকতার হোসেন বলেন, নাশকতায় সংশ্লিষ্টতার অভিযোগে এই তিনজনকে আটক করা হয়েছে।
ফারজানা সাবেক অতিরিক্ত সচিব। ২০২৪ সালের সেপ্টেম্বরে তাঁকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে তাঁকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।
ফারজানা যে দুই ভাইকে আটক করা হয়েছে, তাঁদের মধ্যে একজনের নাম তাৎক্ষণিকভাবে জানা গেছে। তাঁর নাম রেজাউল আলম শাহীন।
মনিরুলকে ২০২৪ সালের ১৩ আগস্ট চাকরি থেকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়। তখন তিনি পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক পদমর্যাদার কর্মকর্তা ছিলেন। গত অক্টোবরে মনিরুল ও তাঁর পরিবারের সদস্যদের নামে থাকা ৮৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত এ আদেশ দেন। দুদক বলছে, এসব ব্যাংক হিসাবে ১৯ কোটি ৪৭ লাখ টাকা রয়েছে।অন্য যাঁদের ব্যাংক হিসাব জব্দের আদেশ হয়, তাঁদের মধ্যে আছেন মনিরুলের স্ত্রী ফারজানা, মনিরুলের শ্যালক রেজাউল, শ্যালকের স্ত্রী সানজিদা খানম।