• সোমবার, ১৮ মে ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
Headline
র‍্যাবকে শক্তিশালী করতে হচ্ছে নতুন আইন : স্বরাষ্ট্রমন্ত্রী ৩ লাখ কোটি টাকার নতুন এডিপি পাস, শিক্ষা ও স্বাস্থ্যে বাড়তি বরাদ্দ নতুন নথি ফাঁস: ইমরান খানকে সরাতে কলকাঠি নেড়েছিল যুক্তরাষ্ট্র স্থানীয় সরকার নির্বাচনে দলগুলোর সহযোগিতা চান সিইসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ইতিহাসে নতুন এক অধ্যায় লিখলেন মুশফিক সিঙ্গাপুরে নির্মাণাধীন ভবনে দুর্ঘটনা: কালিয়াকৈরের যুবক নিহত চাঁদ দেখা গেছে, দেশে ঈদুল আজহা ২৮ মে ১১৯ কোটি টাকা আত্মসাৎ: দুদকের মামলায় নতুন করে মাসুদ উদ্দিন গ্রেফতার ৯৫ বার পেছাল রিজার্ভ চুরির মামলার প্রতিবেদন দুর্নীতি ও মানিলন্ডারিং: নুরুল মজিদ-পলক-এনামুলের স্ত্রীর আয়কর নথি জব্দের নির্দেশ

স্থানীয় সরকার নির্বাচনে দলগুলোর সহযোগিতা চান সিইসি

Reporter Name / ৪ Time View
Update : সোমবার, ১৮ মে, ২০২৬

প্রভাত রিপোর্ট: ‘রক্তপাতহীন’ স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের জন্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। স্থানীয় নির্বাচনে সহিংসতায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, অতীতে দেখা গেছে নির্বাচন ঘিরে অনেক মার্ডার হয়। একই পরিবারে প্রতিদ্বন্দ্বিতা হয়, খুব স্বল্প ব্যবধানের প্রতিদ্বন্দ্বিতা হয়।
সিইসি বলেন, স্থানীয় সরকার নির্বাচন সামনে আসছে। প্রয়োজনীয় আইন-বিধি সংস্কার করা হচ্ছে। এরই মধ্যে দুটি রাজনৈতিক দলের নেতা উদ্বেগ প্রকাশ করেছেন। রাজনৈতিক দলের সহযোগিতা ছাড়া যে কোনো নির্বাচন সুষ্ঠুভাবে সম্ভব হয় না।
‘আমরাও দলগুলোর সহযোগিতা চাই। প্রয়োজনে আপনারা নিজেরা নিজেরা বসুন। একটা ফয়সালায় আসুন। আমরা রক্তপাত দেখতে চাই না। রক্তপাতহীন স্থানীয় সরকার নির্বাচন চাই’—রাজনৈতিক দলগুলোর উদ্দেশে বলেন তিনি। একই সঙ্গে নির্দলীয় নির্বাচনে দলীয় প্রার্থী ঘোষণা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন সিইসি।
সোমবার (১৮ মে) আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) নবনির্বাচিত কমিটির অভিষেক ও বিদায়ী কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ত্রয়োদশ সংসদ নির্বাচন সুষ্ঠু করায় অন্তর্বর্তী সরকারের পূর্ণ সহায়তার কথা তুলে ধরে সিইসি বলেন, শুধু একটি নির্বাচন নয়, সব ধরনের নির্বাচনই ভালো করতে হবে। ভালো নির্বাচনের সংস্কৃতি গড়ে তুলতে হবে। তিনি বলেন, এক নির্বাচন ভালো হলো, এর মানে এই নয় যে বাংলাদেশের নির্বাচন সবসময় ভালো হবে। আমরা ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই। এজন্য দলগুলোকে নিজেদের মধ্যে বসতে হবে। আমরা চাই, সত্যিকার অর্থে শতভাগ ভালো একটি স্থানীয় নির্বাচন।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বর্শা নিয়ে মারামারির প্রসঙ্গ টেনে সিইসি বলেন, সেখানে টেঁটা নিয়ে দুই পাড়ায় মারামারি হয়। এখন দুই পাড়ায় যদি প্রতিদ্বন্দ্বী প্রার্থী থাকে তাহলে কী হবে, কারবালা হয়ে যাবে। এ ধরনের সিচুয়েশনে রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে বোঝাপড়া করা উচিত। স্থানীয় নির্বাচনে কোনো ধরনের ঝামেলায় যাবো না। তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে পার্টি সিম্বল (দলীয় প্রতীক) ব্যবহার না হলেও গণমাধ্যমে দেখছি বিভিন্ন দল থেকে অলরেডি মনোনয়ননের ঘোষণা দেওয়া হচ্ছে। এটা আমার জন্য চিন্তার, আমার কপালে ভাঁজ পড়েছে। যদি ইন্ডিপেডেন্ট হয়ে যেতো পার্টির মালিকানা থাকতো না, ওনারশিপ থাকতো না, দলে দলে গোলমাল হতো না। এজন্য মনে করি, দলগুলোর উচিত হবে নিজেরা বসে ফয়সালা করা; আমাদের সহায়তা থাকবে। এ বছরের শেষে স্থানীয় সরকার নির্বাচন করার বিষয়ে সরকারের মন্ত্রী, উপদেষ্টারা আভাস দিচ্ছেন।
এ বিষয়ে সিইসি বলেন, স্থানীয় নির্বাচন কবে হবে এখনো ফাইনাল হয়নি। নির্বাচন যেহেতু দলীয় প্রতীকে হবে না, আমাদের কিছু বিধিবিধান সংস্কার করতে হবে। এ নিয়ে কাজ শেষ করে আমরা সরকারের সঙ্গে বসবো। এজন্য সময় লাগবে।
এ অনুষ্ঠানে জাতীয় সংসদের সরকারদলীয় হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদ, এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারী, ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার-বিজেস চেয়ারম্যান ফাহিম আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন। আরএফইডি সভাপতি কাজী এমাদ উদ্দীন জেবেল ও সাধারণ সম্পাদক ইকরাম-উদ দৌলার নেতৃত্বাধীন ১ মার্চ নির্বাচিত কমিটি দায়িত্ব গ্রহণ করে এ অনুষ্ঠানে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category