• শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
Headline
আধুনিক জীবনের ব্যস্ততা ও মানসিক চাপ সামলাতে একা ভ্রমণেই প্রশান্তি: বাঁধা নিয়ম ভেঙে নিজেকে খুঁজে পাওয়া অপরাধস্থলের প্রতিটি চিহ্নের পেছনে যে গল্প ব্রিটিশরা ভারতীয়দের বহু কৃতিত্ব ও সম্পদ নিজেদের পকেটে পুরেছে প্রকাশনা সংস্থায় গোপনে বাড়ছে এআইয়ের ব্যবহার: ক্ষুব্ধ কর্মীরা নবীনগরে সাংবাদিকদের গাড়ি আটকে ইজারার নামে চাঁদা দাবি , সংসদ সদস্যের দুঃখ প্রকাশ পুলিশের জন্য ৫৮৩০টি যানবাহন কেনার প্রস্তাব, ব্যয় হবে সাড়ে ৬ হাজার কোটি টাকা ফ্রান্সে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ, অনুষ্ঠানে নিষেধাজ্ঞা মেসিনা প্রণালি পার হতে ইতালির এই ট্রেনকে ফেরিতে তোলা হয় একই খাবারে বারবার চুবিয়ে খাওয়া কি অস্বাস্থ্যকর? বারবার পপ-আপ বিজ্ঞাপনে বিরক্ত? বন্ধ করবেন যেভাবে

আধুনিক জীবনের ব্যস্ততা ও মানসিক চাপ সামলাতে একা ভ্রমণেই প্রশান্তি: বাঁধা নিয়ম ভেঙে নিজেকে খুঁজে পাওয়া

Reporter Name / ৬ Time View
Update : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
ছবি : এ আই জেনারেটেড

রকমারি ডেস্ক: আধুনিক জীবনের ব্যস্ততা ও মানসিক চাপ দলবদ্ধভাবে অবসর কাটানোর সুযোগ কমিয়ে দিয়েছে। ফলে বাংলাদেশে একাকী ভ্রমণ ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে। নাগরিক জীবনের চাহিদা ও ব্যস্ততা থেকে মুক্তি পেতে, মানসিক প্রশান্তি অর্জন করতে, অচেনা জায়গা ঘুরে দেখতে এবং দৈনন্দিন জীবনের বাইরে নিজেকে নতুন করে আবিষ্কারের উদ্দেশ্যে আগের চেয়ে আরও বেশি মানুষ এখন এই পথ বেছে নিচ্ছেন।
গত দুই মাসে ‘গুগল ট্রেন্ডস’-এ “সোলো ট্রাভেল” বা একাকী ভ্রমণ সম্পর্কিত অনুসন্ধানের আগ্রহ সর্বোচ্চ অবস্থানে পৌঁছতে দেখা গেছে, যা একা ভ্রমণের প্রতি মানুষের ক্রমবর্ধমান কৌতূহলের প্রতিফলন।
এই নতুন প্রবণতার একটি নতুন নামও দেওয়া হয়েছে: “মি-মুনিং”—হানিমুন বা মধুচন্দ্রিমা শব্দ থেকে অনুপ্রাণিত এই পরিভাষাটি মূলত নিজের সাথে একা কাটানো ছুটিকে নির্দেশ করে। মিলেনিয়াল এবং জেন-জি প্রজন্মের তরুণ-তরুণীদের কাছে একা ভ্রমণ মানে হলো নিজের মতো করে সময় কাটানোর স্বাধীনতা, নতুন মানুষের সাথে পরিচিত হওয়ার সুযোগ এবং কর্মজীবনের ব্যস্ততা থেকে দূরে নিজেকে একটু ছুটি দেওয়া।
নিজের স্বাধীনতা ও ব্যক্তিগত গোপনীয়তা অক্ষুণ্ন রেখে প্রয়োজনীয় ভ্রমণসেবা পাওয়ার জন্য অনেক একাকী ভ্রমণকারীই অচেনা মানুষদের নিয়ে আয়োজিত বিভিন্ন ট্যুর গ্রুপে যোগ দেন।
মেঘদূত ট্যুরিজমের প্রধান নির্বাহী খন্দকার জহিরুল আলম বলেন, ‘বাংলাদেশে একা একা ভ্রমণের এই প্রবণতা বহু বছর ধরেই বিদ্যমান, তবে সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ার প্রভাবে এটি আরও বেশি দৃশ্যমান হয়ে উঠেছে।’ তিনি আরও বলেন, ‘অনেক একাকী ভ্রমণকারীই বিভিন্ন পেশায় কর্মরত চাকরিজীবী, যারা পরিবার বা বন্ধুদের সাথে সময়সূচি না মেলার কারণে একাই ভ্রমণ করেন। তাদের অনেকেই সংগঠিত গ্রুপ ট্যুরে যোগ দেন, তবে নিজের ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখার জন্য আলাদা রুম পছন্দ করেন এবং এর জন্য একক আবাসন-এর অতিরিক্ত খরচও বহন করেন।’ তার গ্রাহকদের মধ্যে রয়েছে বিভিন্ন বহুজাতিক প্রতিষ্ঠান, আর্থিক সংস্থা এবং ফার্মাসিউটিক্যাল কোম্পানির পেশাজীবীরা, যারা মূলতঃ মানসিক প্রশান্তি পেতে, কোনো অ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে কিংবা সাইক্লিংয়ের মতো বাইরের বিভিন্ন কর্মকাণ্ডে অংশ নিতে ভ্রমণ করেন।
জনপ্রিয় রুটগুলোর মধ্যে রয়েছে কক্সবাজারের মেরিন ড্রাইভ, খাগড়াছড়ি-রাঙ্গামাটি এবং রাঙ্গামাটি-বান্দরবান। একটি সাইক্লিং দল বছরে তিন থেকে চারবার ভ্রমণ করে থাকে।
যদিও তার প্রধান গ্রাহক মূলত পেশাজীবীরা, তবুও জহিরুল বিশ্বাস করেন যে শিক্ষার্থীদের মধ্যেও একাকী ভ্রমণের এই প্রবণতা ক্রমশ জনপ্রিয়তা পাচ্ছে।
ব্র্যাক আইটি-র বিজনেস সিস্টেম অ্যানালিস্ট শামসুন্নাহার লিপির জন্য একাকী ভ্রমণের সূচনা হয়েছিল তখন, যখন তার একজন ভ্রমণসঙ্গী পূর্বপরিকল্পিত একটি ট্রিপ বাতিল করে দেন। তিনি সিদ্ধান্ত নেন যে তিনি একাই যাবেন এবং এই যাত্রার মাধ্যমেই তিনি নতুন আত্মবিশ্বাস পান ও পরবর্তীতে আরও অভিযানে যাওয়ার আগ্রহ খুঁজে পান। তিনি বলেন, ‘গ্রুপে ভ্রমণ করার সময় যা সম্ভব হয় না, একা ভ্রমণের সময় নতুন মানুষ এবং অচেনা জায়গার প্রতি উন্মুক্ত মনোভাব পোষণ করাটা আমি বেশ উপভোগ করি। একটি বড় ও রোমাঞ্চকর একা ভ্রমণের পর আপনি আর আগের মতো থাকবেন না। আপনি আগের চেয়ে অনেক বেশি সাহস নিয়ে ফিরে আসবেন। এটাই এর সৌন্দর্য।’ আকস্মিক পরিবর্তনগুলো সামলানোর জন্য সঠিক তথ্যানুসন্ধান এবং নমনীয় মনোভাবকে তিনি অপরিহার্য বলে মনে করেন।
মেটলাইফ বাংলাদেশের ব্যাংকঅ্যাসুরেন্স সেলস সাপোর্ট অফিসার শিফাত রহমান সুস্ময় বিভিন্ন সমাজ ও সম্প্রদায়কে জানার জন্য ভ্রমণ করেন। তিনি জানান, ‘পরিচিত গণ্ডির বাইরে গিয়ে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ কীভাবে বসবাস করে তা বোঝার তাগিদ থেকেই একা ভ্রমণের সূচনা। আমি এটাকে এক ধরনের নৃবিজ্ঞানসংক্রান্ত কৌতূহল বলবো।’ দুর্গম এলাকাগুলোতে নিরাপত্তার চিন্তা থাকা সত্ত্বেও এই অভিজ্ঞতা তাকে আরও সচেতন ও যেকোনো পরিস্থিতির সাথে মানিয়ে নিতে সক্ষম করে তুলেছে।
যুক্তরাজ্যপ্রবাসী ভিডিও এডিটর সুমিত মজুমদারের কাছে একাকী ভ্রমণ হলো একঘেয়ে নিয়মকানুনের মধ্য থেকে একটু মুক্তি পাওয়া। তিনি বলেন, ‘আমি প্রতিদিনের একই চক্র—কাজ, ঘুম এবং তার পুনরাবৃত্তিতে ক্লান্ত হয়ে পড়েছিলাম, তাই ভিন্ন কিছু চেয়েছিলাম।’
একবার একটি ট্রেন মিস করার পর তাকে নিজের চেষ্টায় গন্তব্যে পৌঁছাতে হয়েছিল, যা তাকে যেকোনো অপ্রত্যাশিত পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে শিখিয়েছে। কোনো রকম বিভ্রান্তি ছাড়া নিজের মতো করে পরিকল্পনা করার স্বাধীনতা এবং চলার পথে সমস্যাগুলোর নিজে নিজে সমাধান করাকে তিনি অত্যন্ত মূল্যায়ন করেন।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুয়াজ আব্দুর রহিম, যিনি ইতিমধ্যেই ১৩টি দেশ এবং বাংলাদেশের সবকটি (৬৪টি) জেলা ভ্রমণ করেছেন, জানান একাকী ভ্রমণের জন্য সাহস ও সহনশীলতার প্রয়োজন। যদিও একা ভ্রমণ করাটা কিছুটা ব্যয়বহুল—কারণ এতে খরচ ভাগ করে নেওয়ার সুযোগ থাকে না—তবুও নিজের সময়সূচি নিজে নিয়ন্ত্রণ করার স্বাধীনতাকে তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দেন। তিনি বলেন, ‘এটি আমাকে মুক্ত অনুভব করায়, মনকে শান্ত ও চাঙ্গা করে তোলে এবং যেকোনো চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার জন্য নিজের ভেতরে সাহস যোগায়।’
‘গুগল ট্রেন্ডস’-এর তথ্য অনুযায়ী, “সোলো ট্রাভেল” বা একা ভ্রমণ সম্পর্কিত অনুসন্ধানের আগ্রহ সবচেয়ে বেশি দেখা গেছে খুলনা বিভাগে এবং সবচেয়ে কম ছিল রংপুর বিভাগে। অন্যদিকে ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহীতেও উল্লেখযোগ্য আগ্রহ লক্ষ্য করা গেছে। প্ল্যাটফর্মটির ০-১০০ স্কেল মূলত তুলনামূলক অনুসন্ধানের আগ্রহ পরিমাপ করে, ভ্রমণকারীদের প্রকৃত সংখ্যা নয়।
এই নতুন প্রবণতাটি ব্যবসা প্রতিষ্ঠানগুলো একক ভ্রমণকারীদের চাহিদা সঠিকভাবে মেটাতে পারছে কি না—সে বিষয়ে প্রশ্ন তুলেছে। হোটেলগুলোতে প্রায়শই দু’জনের থাকা উপযোগি রুমের হিসেবে নির্ধারণ করা হয়, অন্যদিকে রেস্তোরাঁ ও বিনোদন কেন্দ্রগুলো দম্পতি বা দলকে লক্ষ্য করে তাদের সেবা সাজায়। যার ফলে একাকী ভ্রমণকারীদের অনেক সময় একটু ব্যক্তিগত গোপনীয়তা পাওয়ার জন্য বাড়তি অর্থ গুনতে হয়।
যেহেতু আরও বেশি মানুষ নিজেদের মতো করে ভ্রমণ এবং খরচের স্বাধীনতা চাইছেন, তাই বিশ্বজুড়ে ব্যবসা প্রতিষ্ঠানগুলোও স্বাধীনভাবে বসবাস ও সিদ্ধান্ত গ্রহণকারী গ্রাহকদের চাহিদার সাথে মানিয়ে নিচ্ছে—এই রূপান্তরকে প্রায়শই “একলা অর্থনীতি” বা “সোলো ইকোনমি” বলা হয়ে থাকে।
হিলটন হোটেলস নমনীয় আসন ও খাবারের ব্যবস্থা নিয়ে গবেষণা করছে, অন্যদিকে দক্ষিণ কোরিয়ার “হনজোক” সংস্কৃতি একা থাকাকে সাধারণ বা স্বাভাবিক সামাজিক জীবনের অংশ হিসেবে গ্রহণ করতে সাহায্য করেছে। জাপানের ‘ইচিরান রামেন’ ফুড চেইন গ্রাহকদের একা বসে খাওয়ার জন্য প্রাইভেট বুথ সরবরাহ করে এবং যুক্তরাষ্ট্রের ডিজনি থিম পার্কগুলো ওয়েটিং টাইম বা অপেক্ষার সময় কমাতে একা আসা রাইডারদের জন্য আলাদা লাইনের ব্যবস্থা রেখেছে।
দ্য ওয়াশিংটন পোস্ট এবং ফোর্বস একক ভোক্তাদের ক্রমবর্ধমান বাণিজ্যিক গুরুত্বের কথা তুলে ধরেছে এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে দলকেন্দ্রিক বেঞ্চমার্কের ওপর নির্ভর না করে ব্যক্তিগত খরচের ধরনগুলো বিবেচনার আহ্বান জানিয়েছে।
‘রিসার্চ অ্যান্ড মার্কেটস’-এর অনুমান অনুযায়ী, বিশ্বব্যাপী একাকী ভ্রমণের বাজার ২০২৫ সালের ৪৮৯ বিলিয়ন ডলার থেকে বেড়ে ২০৩১ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারে রূপ নেবে।
বাংলাদেশে এই প্রবণতার দীর্ঘমেয়াদী সম্ভাবনা নির্ভর করবে ব্যবসা প্রতিষ্ঠানগুলো তাদের সেবাগুলোকে মানানসই করে ঢেলে সাজায় কি না এবং সামাজিক দৃষ্টিভঙ্গি এমনভাবে বিকশিত হয় কি না যাতে স্বাধীনতা ও নিজেকে খুঁজে পাওয়ার উদ্দেশ্যে বের হওয়া ভ্রমণকারীদের সহজভাবে গ্রহণ করা যায়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category