• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
Headline
কুষ্টিয়ায় দৈনিক লালন বার্তা অনলাইন পত্রিকার উদ্বোধন মুক্ত হয়ে প্রধানমন্ত্রীর জন্য দোয়া করলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল বিশ্বের সবচেয়ে দীর্ঘ ট্রেনযাত্রা, কত দেশ পেরিয়ে কোথায় যায়? দীর্ঘদিনের অনিদ্রা মস্তিষ্কের জন্য কতটা ঝুঁকিপূর্ণ? গুপ্তচরদের ‘হানি ট্র্যাপ’? ফাঁস করলেন সাবেক রুশ এজেন্ট নিয়োগ পাচ্ছে এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী: ডা. জুবাইদা রহমান জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে ৩ কোটি মার্কিন ডলার পাবে বাংলাদেশ : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ইট মারলে পাটকেল খেতে হয় : জেড আই খান পান্না জমকালো আয়োজনে সম্পন্ন হলো খরগোশ লিও ও পিকুর বিয়ে! রাজধানীকে নিয়ে নতুন পরিকল্পনা, পুনরুদ্ধার হচ্ছে শতাধিক খাল-পুকুর

কুমার নদের ভাঙনে বিলীন হওয়ার শঙ্কায় মাগুরার শ্রীপুর বাসস্ট্যান্ড এলাকা

Reporter Name / ১৪ Time View
Update : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

প্রভাত সংবাদদাতা, মাগুরা: মাগুরার শ্রীপুরে বাসস্ট্যান্ড-সংলগ্ন প্রায় ১৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত পাবলিক টয়লেটটি কুমার নদের ভাঙনের হুমকিতে পড়েছে। গত বছর ও চলতি বছরের বর্ষা মৌসুমে নদে তীব্র ভাঙন দেখা দেওয়ায় এই শঙ্কা দেখা দিয়েছে। দ্রুত ভাঙন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে আগামী বর্ষা মৌসুমে সরকারি অর্থায়নে নির্মিত গুরুত্বপূর্ণ এই স্থাপনাটি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীপুর বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত এই পাবলিক টয়লেটটি উপজেলা সদরের একমাত্র গণশৌচাগার। প্রতিদিন বাসস্ট্যান্ডে আসা যাত্রী, বিভিন্ন এলাকা থেকে ঘুরতে আসা দর্শনার্থী, পরিবহন শ্রমিক ও যানবাহনের চালকেরা এটি ব্যবহার করেন। বিশেষ করে বাসস্ট্যান্ডে চলাচলকারী যাত্রী ও পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থাপনা।
শ্রীপুর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কার্যালয় সূত্রে জানা যায়, ২০২৩-২৪ অর্থবছরে ইউটিএমআইডিপি (উপজেলা টাউন মিউনিসিপ্যাল ডেভেলপমেন্ট) প্রকল্পের আওতায় ১৭ লাখ ৯৯ হাজার টাকা ব্যয়ে পাবলিক টয়লেটটি নির্মাণ করা হয়। রাজশাহীর ঘোড়ামারা বোয়ালিয়া এলাকার বরেন্দ্র কনস্ট্রাকশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান নির্মাণকাজ বাস্তবায়ন করে। কাজ শেষে ২০২৪ সালের ৯ এপ্রিল টয়লেটটি উপজেলা পরিষদের কাছে হস্তান্তর করা হয়। তবে নির্মাণের দুই বছরের মাথায় গুরুত্বপূর্ণ এই স্থাপনাটি এখন নদ ভাঙনের ঝুঁকিতে পড়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত বছর ও চলতি বছরের বর্ষায় কুমার নদের ভাঙন অব্যাহত থাকলেও স্থাপনাটি রক্ষায় এখনো কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এ অবস্থায় আগামী বর্ষা মৌসুমে টয়লেটটি নদের গর্ভে বিলীন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
স্থানীয় মাহিন্দ্রাচালক কাজী তকিবুল ইসলাম বলেন, আমরা প্রায় ৫০ জন চালক এই পাবলিক টয়লেটটি ব্যবহার করি। বিভিন্ন জায়গা থেকে আসা যাত্রীরাও এটি ব্যবহার করেন। কিন্তু কুমার নদ ভাঙতে ভাঙতে একেবারে টয়লেটের কাছে চলে এসেছে। যে কোনো সময় এটি ভেঙে যেতে পারে। তাই বড় ধরনের ক্ষতি হওয়ার আগেই দ্রুত নদ ভাঙন রোধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
স্থানীয় বাসিন্দা মিরুল ইসলাম বলেন, শ্রীপুরবাসীর সুবিধার জন্য সরকার অনেক টাকা বরাদ্দ দিয়ে একটি পাবলিক টয়লেট নির্মাণ করেছে। কিন্তু সঠিক তত্ত্বাবধানের অভাবে এটি এখন কুমার নদের ভাঙনের হুমকিতে রয়েছে। যে কোনো সময় টয়লেটটি নদের গর্ভে বিলীন হয়ে যেতে পারে। আমরা চাই, দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে সরকারি অর্থে নির্মিত এই স্থাপনাটি রক্ষা করা হোক।
বিদ্যুৎ নামে স্থানীয় এক ব্যবসায়ী বলেন,পাবলিক টয়লেটসহ সাত-আটটি দোকান ভাঙনের হুমকির মুখে রয়েছে। আমরা চাই আগামী বর্ষা আসার আগে দ্রুত সময়ের মধ্যে এই ভাঙনরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।
শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মালেক বলেন, শ্রীপুর বাসস্ট্যান্ড-সংলগ্ন পাবলিক টয়লেটটি কুমার নদের ভাঙনের কবলে রয়েছে। সরকারি অর্থে নির্মিত এই স্থাপনাটি রক্ষার বিষয়টি আমরা সদর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে উপজেলা পরিষদের মাসিক সভায় উত্থাপন করেছিলাম। তবে ওই সময়ের উপজেলা নির্বাহী কর্মকর্তা বদলি হয়ে চলে গেছেন। বর্তমানে নতুন ইউএনও যোগদান করেছেন। সদর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য তাকেও বিষয়টি অবগত করা হবে।
এ বিষয়ে শ্রীপুর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলী আবুল ফজেল বলেন, পাবলিক টয়লেটটি আমাদের দপ্তরের মাধ্যমে বাস্তবায়ন করা হয়েছে। নির্মাণকাজ শেষে এটি উপজেলা পরিষদের কাছে হস্তান্তর করা হয়েছে। নদীভাঙনের বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হবে এবং তাকে সঙ্গে নিয়ে দ্রুত সময়ের মধ্যে ভাঙনকবলিত স্থানটি পরিদর্শন করা হবে।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসমীয়া আক্তার রোজী বলেন, কুমার নদের ভাঙনকবলিত স্থানটি পরিদর্শন করে পাবলিক টয়লেটটি রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, কুমার নদের ভাঙন রোধে দ্রুত ঝুঁকিপূর্ণ স্থানটি মাটি দিয়ে ভরাটের পাশাপাশি প্রয়োজন অনুযায়ী জিও ব্যাগ অথবা ব্লক ফেলে কার্যকর প্রতিরোধব্যবস্থা গড়ে তুলতে হবে। একইসঙ্গে নদের পাড়ের ঝুঁকিপূর্ণ অংশ চিহ্নিত করে প্রয়োজনীয় সুরক্ষামূলক ব্যবস্থা নিতে হবে। তা না হলে একদিকে যেমন সরকারি অর্থে নির্মিত অবকাঠামো হারানোর আশঙ্কা রয়েছে, অন্যদিকে শ্রীপুরবাসী ও বাসস্ট্যান্ড ব্যবহারকারী যাত্রীরা একমাত্র পাবলিক টয়লেটের সুবিধা থেকেও বঞ্চিত হবেন। এ অবস্থায় আগামী বর্ষা মৌসুমের আগেই প্রয়োজনীয় উদ্যোগ নিয়ে পাবলিক টয়লেটটি রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন শ্রীপুর সর্বস্তরের মানুষ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category