• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
Headline
দু’দিনের সফরে কলকাতার ৫ জায়গায় থেকে ঘুরে আসুন সাবেক রাষ্ট্রদূতের স্ত্রী খুন: ছেলে কারাগারে, গৃহকর্মীর জবানবন্দি ছয় ঘণ্টা অচল ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, বিজিবি মোতায়েন স্মৃতিশক্তি বাড়ানোর ১০ সহজ ও আনন্দদায়ক উপায় আগামী গ্রীষ্মে কিছুটা হলেও লোডশেডিং কম দিতে পারবো: বিদ্যুৎমন্ত্রী দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত, আত্মসমর্পণের পর কারাগারে শওকত আজিজ রাসেল দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা: দায়রা আদালতেও জামিন পাননি এমপি নজরুল রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র : সাবেক সেনা কর্মকর্তা হাফিজ ৪ দিনের রিমান্ডে সাইবার নিরাপত্তা আইন গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করার জন্য নয় : আইসিটি মন্ত্রী মিরপুরে শ্রমিকদের সঙ্গে সরকারবিরোধী চক্র যুক্ত থাকতে পারে: পুলিশ

ছয় ঘণ্টা অচল ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, বিজিবি মোতায়েন

Reporter Name / ৮ Time View
Update : রবিবার, ১ নভেম্বর, ২০২৬

প্রভাত সংবাদদাতা, গাজীপুর : ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ, সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনায় দিনভর উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করেছে। এতে টানা ছয় ঘণ্টা অচল ছিল ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক।
রবিবার (১ নভেম্বর) সকাল ৯টা থেকে শুরু হওয়া শ্রমিকদের আন্দোলনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন স্থানে যান চলাচল বন্ধ হয়ে যায়। দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হন। শ্রমিকদের হামলায় আহত হয়েছেন তিন সংবাদকর্মীও। বিভিন্ন স্থানে পুলিশ বক্স, যানবাহন, পুলিশের গাড়ি ও একটি কারখানার ঝুটের গুদামে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। প্রায় ছয় ঘণ্টা পর বেলা তিনটা থেকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।
শিল্প পুলিশ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, সকাল থেকে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা, পল্লীবিদ্যুৎ, সফিপুর, মৌচাক এবং গাজীপুর মহানগরীর কোনাবাড়ী, ভোগড়া ও নাওজোড় এলাকায় শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে শত শত শ্রমিক ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেন। এতে মহাসড়কের বিভিন্ন অংশে যান চলাচল বন্ধ হয়ে যায়।
বিক্ষোভের মধ্যে কোনাবাড়ী এলাকায় মহাসড়কের পাশে থাকা একটি পুলিশ বক্সে আগুন দেওয়া হয়। বিভিন্ন স্থানে যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। দুপুরের দিকে কালিয়াকৈরের চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকার ট্রপিক্যাল লিমিটেড নামের একটি পোশাক কারখানার ঝুটের গুদামেও আগুন দেওয়া হয়। পুলিশের একটি গাড়িতেও অগ্নিসংযোগ করা হয়। এসব ঘটনায় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে থানা ও শিল্প পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়। পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে প্রায় ২৫ জন শ্রমিক আহত হন। তাদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।
পল্লীবিদ্যুৎ এলাকায় আন্দোলনের ছবি ও সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন তিন সংবাদকর্মী। তারা হলেন দীপ্ত টিভির গাজীপুর প্রতিনিধি জাহাঙ্গীর আলম, এনটিভির কালিয়াকৈর প্রতিনিধি আবু সাঈদ ও স্থানীয় ফটোসাংবাদিক রিয়াজুল ইসলাম।
বিক্ষোভ ছড়িয়ে পড়লে গাজীপুরের বিভিন্ন এলাকার অর্ধশতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়। সকালে কাজে যোগ দিতে আসা শ্রমিকদের অনেকেই পরে আন্দোলনে যোগ দেন। কারখানা ছুটি ঘোষণার পর শ্রমিকেরা সড়কে অবস্থান নিলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় বিভিন্ন এলাকায় অগ্নিসংযোগ, ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
স্থানীয় ডিভাইন টেক্সটাইল কারখানার শ্রমিক মো. খাইরুল বলেন, বাজারে জিনিসপত্রের যে দাম, তাতে বর্তমান বেতনে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। বাড়িভাড়া, খাবার ও চিকিৎসার খরচ মেটাতে হিমশিম খেতে হচ্ছে। বাধ্য হয়েই তারা রাস্তায় নেমেছেন। তারা কাজ করতে চান, বেঁচে থাকার মতো বেতন চান।
এর আগে শনিবারও একই দাবিতে কালিয়াকৈরের চন্দ্রা পল্লীবিদ্যুৎ ও আনসার একাডেমির আশপাশে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকেরা। সেদিন শ্রমিক-পুলিশ সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হন। ভাঙচুর করা হয় অন্তত ১৫টি যানবাহন। সেদিন অন্তত ২০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছিল।
গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূইয়া জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
এদিকে, দীর্ঘ সময় মহাসড়ক অবরোধ থাকায় ঢাকা-টাঙ্গাইল পথে চলাচলকারী দূরপাল্লার বাস, পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন যানবাহন আটকা পড়ে। এতে যাত্রী ও পরিবহনশ্রমিকদের চরম দুর্ভোগ পোহাতে হয়। অনেক যাত্রী বাস থেকে নেমে হেঁটে গন্তব্যের উদ্দেশে রওনা হন।
সফিপুর এলাকায় আকবর আলী নামের এক যাত্রী বলেন, ‘জরুরি কাজে ঢাকায় যাচ্ছিলাম। কিন্তু শ্রমিকদের আন্দোলনের কারণে গাড়ি একদম চলছিল না। পরে বাধ্য হয়ে বাস থেকে নেমে হেঁটে অনেকটা পথ যেতে হয়েছে। সাধারণ যাত্রীদের কথা কেউ ভাবছে না।’
গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন বলেন, শ্রমিকদের আন্দোলনের সময় পাঁচ থেকে ছয়টি যানবাহন ভাঙচুর করা হয়েছে। একটি কারখানার গুদামে অগ্নিসংযোগ করা হলেও আগুন শ্রমিকেরা দিয়েছেন, নাকি দুর্বৃত্তরা দিয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। একপর্যায়ে শ্রমিকেরা ইটপাটকেল ছুড়তে থাকলে টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়।
এদিকে দুপুরে পোশাকশ্রমিকদের মজুরি বাড়ানোর জন্য ছয় সদস্যের নতুন মজুরি বোর্ড গঠন করে সরকার। তবে শ্রমিকদের মধ্যে এ খবর পৌঁছায়নি বলে তারা আন্দোলন অব্যাহত রাখেন। পরে গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান প্রথমে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ভোগড়া ও নাওজোড় এলাকায়, পরে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এবং কালিয়াকৈরের সফিপুর ও চন্দ্রা এলাকায় শ্রমিকদের সঙ্গে কথা বলেন। তিনি তাদের সড়ক থেকে সরে যাওয়ার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :
More News Of This Category