প্রভাত ডেস্ক: নেপালে নিখোঁজ এক নারীর মেয়ে জানিয়েছেন, প্রলয়ংকরী পাহাড়ি ঢল আঘাত হানার কয়েক ঘণ্টা আগে টিকটকে পোস্ট করা একটি ভিডিও দেখে তিনি তাঁর মায়ের সর্বশেষ অবস্থান শনাক্ত করেছেন। গত বুধবার নেপাল ও তিব্বতে আঘাত হানা ভয়াবহ পাহাড়ি ঢল উপত্যকাগুলো দিয়ে প্রবল বেগে নিচে নেমে এসে বহু গ্রাম ভাসিয়ে নিয়ে গেছে। প্রাকৃতিক এই দুর্যোগে এখন পর্যন্ত অন্তত ৬৭৫ জন নিহত হয়েছে। তিন হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছে। নিখোঁজ ব্যক্তিদের মধ্যে বহু বিদেশিও রয়েছে।
নিখোঁজ বিদেশিদের মধ্যে ৩৩ জন ব্রিটিশ নাগরিক রয়েছে, যাদের মধ্যে ১৩ বছর বয়সী এক কিশোর, যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবার একজন কর্মী এবং একজন ধর্মযাজকও রয়েছেন।
টিকটক ভিডিওর মাধ্যমে মায়ের সর্বশেষ অবস্থান শনাক্ত করা নারীর নাম তুলসী প্যাটেল। তাঁর মা হেমাঙ্গিনী জিতেন্দ্র প্যাটেল ও তাঁর খালা হেমা সুনীল আমিন তীর্থযাত্রায় বেরিয়েছিলেন। তাঁদের পরিকল্পনা ছিল তিব্বতে যাওয়ার। কিন্তু পাহাড়ি ঢল ও ভূমিধস আঘাত হানার পর তাঁদের সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি।
যুক্তরাজ্যের জনপ্রিয় রেডিও ও সংবাদমাধ্যম এলবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তুলসী বলেন, তাঁর মা ও খালা বছরের শুরু থেকেই এই ভ্রমণের পরিকল্পনা করেছেন। এ যাত্রাটি তাঁদের বহুদিনের কাঙ্ক্ষিত ইচ্ছার তালিকায় ছিল।
তুলসী আরও বলেন, গত সোমবার তিনি শেষবার মা ও খালার সঙ্গে কথা বলেছিলেন। পরদিন মঙ্গলবার তাঁদের কাছ থেকে একটি ছবি পেয়েছিলেন। এরপর তাঁদের সর্বশেষ জানা অবস্থানের তথ্য পাওয়া যায় ট্যুর গ্রুপের জিপিএস সংকেত থেকে। সেটি ছিল নেপাল-চীন সীমান্তের ‘ফ্রেন্ডশিপ ব্রিজ’ নামের একটি জায়গা।