• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন

ফেনীতে নিখোঁজের ৩ দিন পর ঝোপ থেকে উদ্ধার তাঁতী দল নেতা

Reporter Name / ৬ Time View
Update : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

প্রভাত সংবাদদাতা, ফেনী: ফেনীতে নিখোঁজের তিন দিন পর হাত-পা বাঁধা ও আহত অবস্থায় সোনাগাজী উপজেলা জাতীয়তাবাদী তাঁতী দলের সদস্যসচিব মো. আবদুল্লাহ আল আমিনকে (৩০) উদ্ধার করেছে পুলিশ। পরে তাকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়।শুক্রবার (২৩ অক্টোবর) রাত ১২টার দিকে ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের হাফেজিয়া ভাঙার তাকিয়া এলাকার একটি ঝোপ থেকে তাকে উদ্ধার করে পুলিশ।স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাতে ওই এলাকার একটি ঝোপ থেকে গোঙানির শব্দ শুনতে পান স্থানীয় লোকজন। পরে তারা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে ফেনী মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আল আমিনকে উদ্ধার করে। এ সময় তার শরীর ও হাত-পা রশি দিয়ে বাঁধা ছিল।এর আগে, আল আমিনের নিখোঁজের ঘটনায় শুক্রবার দুপুরে সোনাগাজী মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার চাচি কামরুন নাহার।পরিবারের সদস্যরা জানান, বুধবার (২১ অক্টোবর) বিকেলে সিএনজিচালিত অটোরিকশায় সোনাগাজীর উদ্দেশে বাড়ি থেকে বের হন আল আমিন। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। ওই দিন রাত ১০টার দিকে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে ব্যবহৃত দুটি মোবাইল ফোন নম্বরই বন্ধ পাওয়া যায়।আল আমিন সোনাগাজী উপজেলার উত্তর মঙ্গলকান্দি এলাকার লোকুর দোকানসংলগ্ন আলী আজ্জম মৃধা বাড়ির মৃত আবদুর রশিদের ছেলে।আল আমিনের চাচা আবদুল হক নোমান বলেন, ‘আল আমিনকে পাওয়া গেছে বলে পুলিশ আমাদের খবর দেয়। পরে তাকে জরুরিভাবে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শরীরে নির্যাতনের চিহ্ন রয়েছে। তিনি কথা বলতে পারছেন না। সুস্থ হওয়ার পর কারা এবং কেন তার সঙ্গে এমন ঘটনা ঘটিয়েছে, তা জানা যেতে পারে।’
পরিবারের দাবি, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আল আমিনের বিরুদ্ধে ২১টি মামলা হয়েছিল। এর মধ্যে একটি মামলায় তার আট বছরের কারাদণ্ড হয়। ওই সময় তার স্ত্রী এক সন্তানকে নিয়ে তাকে ছেড়ে চলে যান।উপজেলা তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক আবদুল হক নোমান বলেন, আল আমীনকে নিখোঁজের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার দাবি করছি।ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (সোনাগাজী সার্কেল) সৈয়ম মুমিদ রায়হান নিখোঁজ আল আমিনকে হাত-পা বাঁধা অবস্থায় পাওয়ার তথ্য নিশ্চিত করে বলেন, পুলিশ এ বিষয়ে কাজ করছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category