• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

Reporter Name / ৭ Time View
Update : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

প্রভাত রিপোর্ট: রাজধানীর অন্যতম শীর্ষ সন্ত্রাসী শেখ মো. আসলাম ওরফে সুইডেন আসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২২ নভেম্বর) দিবাগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে তিনি বিমানবন্দরে গিয়েছিলেন। সোমবার (২৩ নভেম্বর) ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার দিবাগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।
জানা যায়, থাইল্যান্ড যাওয়ার জন্য বিমানবন্দরে পৌঁছে ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করতে গেলে তাকে গ্রেপ্তার করা হয়।
সুইডেন আসলাম ঢাকার নবাবগঞ্জ থানার ছাতিয়ার এলাকার শেখ জিন্নাত আলীর ছেলে। বিভিন্ন সময়ে তার নামে ২২টি মামলা হয়েছে, যার ৯টি হত্যা মামলা বলে জানা গেছে।
চারদলীয় জোট সরকারের আমলে ঘোষিত ২৩ শীর্ষ সন্ত্রাসীর একজন সুইডেন আসলাম। ১৯৮৬ সালে ফার্মগেটের পূর্ব রাজাবাজারে স্কুলের সামনে মায়ের হাত ধরে থাকা কিশোর শাকিলকে গুলি করার অভিযোগ ছিল তার বিরুদ্ধে। এরপর একের পর এক খুনের ঘটনায় জড়িয়ে পড়ার অভিযোগ উঠতে থাকে। এক পর্যায়ে কিছুদিন তিনি সুইডেনে অবস্থান করেন। সেখান থেকে ফিরে আসার পর তার নামের সঙ্গে ‘সুইডেন’ শব্দটি যোগ হয়।
২০০৫ সালের ৩১ জানুয়ারি গ্রেপ্তারের পর সুইডেন আসলামকে বিভিন্ন কারাগারে রাখা হয়। পরে ২০১৪ সাল থেকে তিনি কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। তার হাজতি নম্বর ছিল- ৬৬৩/২০।
২০২৪ সালের ৪ সেপ্টেম্বর জামিনে মুক্তি দেওয়া হয় নব্বইয়ের দশকের আলোচিত এ শীর্ষ সন্ত্রাসীকে।

নব্বইয়ের দশকের ত্রাস শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামের উত্থান-পতন

নব্বইয়ের দশকে রাজধানীর অপরাধজগতের আলোচিত নাম শেখ মোহাম্মদ আসলাম ওরফে ‌‘সুইডেন আসলাম’। ওই সময় পত্রিকায় পাতায় প্রতিদিন ঢাকায় যে হত্যাকাণ্ডগুলো হতো তার অধিকাংশই সুইডেন আসলামের বাহিনী করতো।
রাজধানীর কারওয়ান বাজার, ফার্মগেট, রাজাবাজার, তেজগাঁও ও শেরেবাংলানগর এলাকায় আধিপত্য বিস্তার, হত্যাকাণ্ড, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে আলোচনায় ছিলেন তিনি। ছদ্মবেশে চলাফেরা, বুলেটপ্রুফ জ্যাকেট ব্যবহার এবং আড়ালে থেকে অপরাধজগৎ নিয়ন্ত্রণের নানা গল্প ঘিরে তাকে নিয়ে তৈরি হয়েছিল রহস্য।
দীর্ঘদিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারির পর ১৯৯৭ সালের ২৬ মে গ্রেফতার হন সুইডেন আসলাম। এরপর দীর্ঘ ২৭ বছর কারাগারে কাটিয়ে ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর জামিনে মুক্তি পান তিনি। তবে কারামুক্তির পর ফের ঢাকার অপরাধজগতে তার নাম আলোচনায় আসে। বিশেষ করে কারওয়ান বাজার ও তেজগাঁও এলাকায় চাঁদাবাজির নিয়ন্ত্রণ এবং স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আজিজুর রহমান মুসাব্বির হত্যাকাণ্ড ঘিরে নতুন করে সামনে এসেছে তার নাম।

যেভাবে উত্থান সুইডেন আসলামের

বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, ১৯৮৬-৮৭ সালের দিকে অপরাধজগতে উত্থান ঘটে সুইডেন আসলামের। শুরুতে রাজধানীর রাজাবাজার ও ইন্দিরা রোড এলাকায় আধিপত্য বিস্তার করেন তিনি। ১৯৮৭ সালে পূর্ব রাজাবাজারের নাজনীন স্কুলের ভেতরে মায়ের সামনে কিশোর শাকিলকে হত্যার অভিযোগে ব্যাপক আলোচনায় আসেন আসলাম।
সে সময় কারওয়ান বাজার ও আশপাশের এলাকার অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করত জাতীয় তরুণ পার্টির রানা গ্রুপ। ওই গ্রুপের একজন ক্যাডার ছিলেন পিচ্চি হান্নান। এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ১৯৯০ সালের পর রানা গ্রুপের সঙ্গে সুইডেন আসলামের বিরোধ বাড়তে থাকে। দুই পক্ষের মধ্যে নিয়মিত হামলা-পাল্টা হামলা, ককটেল বিস্ফোরণ ও গোলাগুলির ঘটনা ঘটত। এতে হতাহত হন অনেকে।

পিচ্চি হান্নানকে দলে ভেড়ানো, রানাকে হত্যা

একপর্যায়ে ১৯৯৬ সালে রানা গ্রুপের অন্যতম ক্যাডার পিচ্চি হান্নানকে নিজের দলে ভেড়ান সুইডেন আসলাম। একই বছর কাজী নজরুল ইসলাম এভিনিউয়ের সুপারস্টার হোটেলের সামনে হান্নানকে দিয়ে রানাকে হত্যা করানোর অভিযোগ ওঠে আসলামের বিরুদ্ধে।
এ ঘটনার পর কারওয়ান বাজার, তেজতুরি বাজার, তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল ও শেরেবাংলানগর এলাকার অপরাধজগতের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন আসলাম। কারওয়ান বাজার ও তেজতুরি বাজার এলাকার দায়িত্ব দেওয়া হয় পিচ্চি হান্নানকে। এসব এলাকায় হান্নান কার্যক্রম পরিচালনা করলেও তার পেছনে ছিল সুইডেন আসলামের নাম ও প্রভাব।

গ্রেফতার, তবু থামেনি অপরাধজগতের নিয়ন্ত্রণ

যুবলীগ নেতা গালিব হত্যাকাণ্ডের পর ১৯৯৭ সালের ২৬ মে গ্রেফতার হন সুইডেন আসলাম। সে সময় তার কাছ থেকে একটি বুলেটপ্রুফ জ্যাকেট উদ্ধার করা হয় বলেও জানা যায়।
গ্রেফতারের পর কারাগারে থেকেও অপরাধজগতের নিয়ন্ত্রণ ধরে রাখার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এক্ষেত্রে ঘনিষ্ঠ সহযোগী পিচ্চি হান্নান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন। কারওয়ান বাজার ও তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় আড়ৎমালিক, গার্মেন্টস ব্যবসায়ী, জমি কেনাবেচার সঙ্গে যুক্ত ব্যক্তি ও অন্যান্য ব্যবসায়ীর কাছ থেকে আসলামের নাম ব্যবহার করে চাঁদা আদায় করা হতো বলে বিভিন্ন সূত্রে জানা যায়। সেই অর্থের ভাগ কারাগারে বসেই পেতেন আসলাম। এছাড়া মাদক চোরাচালান, কন্ট্রাক্ট কিলিং ও অর্থের বিনিময়ে জমি দখলসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে তার জড়িত থাকার অভিযোগও রয়েছে।
কারাগারের ভেতরেও একাধিকবার মারামারির ঘটনায় আলোচনায় আসেন তিনি। তার সেল থেকে দুটি মোবাইল ফোন উদ্ধারের তথ্যও জানা যায়। এসব ফোনের মাধ্যমে কারাগারের বাইরে থাকা সহযোগীদের সঙ্গে যোগাযোগ রাখতেন বলে অভিযোগ রয়েছে। এমনকি তার বিরুদ্ধে মামলা করা ব্যক্তি ও মামলার সাক্ষীদের হুমকি দিতেন মোবাইল ফোনে। এসব কারণে বিভিন্ন সময়ে তাকে একাধিক কারাগারে স্থানান্তর করা হয়েছিল।

পিচ্চি হান্নানের উত্থান ও আলাদা আধিপত্য

২০০০ সালের পর অপরাধজগতে পিচ্চি হান্নানের নামও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। একপর্যায়ে নিজের শক্তিশালী বাহিনী গড়ে তোলেন তিনি। সুইডেন আসলামের নামের ওপর নির্ভরতা কমিয়ে নিজস্ব আধিপত্য প্রতিষ্ঠায় মনোযোগী হন হান্নান। পরে নিজের নামেই অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করতে শুরু করেন তিনি।

যেভাবে নামের আগে ‘সুইডেন’

আসলামের নামের আগে ‘সুইডেন’ যুক্ত হওয়ার পেছনেও রয়েছে একটি ব্যক্তিগত ইতিহাস। জানা যায়, তার প্রথম স্ত্রী ইতি ছিলেন সুইডেনপ্রবাসী। বিয়ের পর আসলামও স্ত্রীর সঙ্গে সুইডেনে গিয়ে কয়েক বছর অবস্থান করেন। সেই সূত্রেই তার নামের আগে ‘সুইডেন’ শব্দটি যুক্ত হয়। পরবর্তী সময়ে তাদের বিচ্ছেদ ঘটে।

ক্রসফরের ভয়ে জামিন নেননি সুইডেন আসলাম

আসলামের ঘনিষ্ঠদের কারও কারও দাবি, ২০১০ সালের পর জামিনে মুক্তি পাওয়ার সুযোগ থাকলেও ক্রসফায়ারের আশঙ্কায় তিনি সেভাবে মুক্তির চেষ্টা করেননি।

২২ মামলার আসামি, নয়টি হত্যা মামলা

বিভিন্ন সময়ে সুইডেন আসলামের বিরুদ্ধে মোট ২২টি মামলা হয়েছিল বলে জানা যায়। এর মধ্যে নয়টি হত্যা মামলা। অস্ত্র মামলায় ১৭ বছরসহ কয়েকটি মামলায় সাজাও হয়েছিল তার। দীর্ঘ ২৭ বছর কারাগারে থাকার পর আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান তিনি।

কারামুক্তির পর ফের অপরাধজগতে সক্রিয়

কারামুক্তির পর ফের পুরোনো এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করেন সুইডেন আসলাম। কারওয়ান বাজার ও তেজগাঁও এলাকায় চাঁদাবাজির নিয়ন্ত্রণ নিয়ে বিভিন্ন অপরাধী চক্রের তৎপরতার মধ্যে তার নাম আলোচনায় আসে। তার অনুসারীদের তৎপরতা নিয়েও বিভিন্ন সময়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়।
বিশেষ করে কারামুক্তির পর পুরোনো নেটওয়ার্ক সক্রিয় হওয়ার অভিযোগ স্থানীয় ব্যবসায়ী ও সংশ্লিষ্ট মহলে উদ্বেগ তৈরি করে। এ সময় সুইডেন আসলামের নাম করে অনেক সন্ত্রাসীরাও বিভিন্ন অপকর্ম করে।

স্বেচ্ছাসেবক দলের নেতা মুসাব্বির হত্যাকাণ্ডেও সুইডেন আসলামের নাম

২০২৬ সালের ৭ জানুয়ারি রাজধানীর তেজগাঁওয়ে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যা করা হয়। চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের পর আলোচনায় আসে সুইডেন আসলামের নাম।
তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, কারওয়ান বাজার এলাকায় চাঁদাবাজির নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জেরে মুসাব্বিরকে হত্যা করা হয়। এ ঘটনায় হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে দিলীপ ওরফে বিনাশের নাম উঠে আসে বলে জানিয়েছিল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। দিলীপের সঙ্গে সুইডেন আসলামের অপরাধজগতের যোগাযোগ থাকার অভিযোগও বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে।

অবশেষে দেশ ছাড়তে গিয়ে যেভাবে গ্রেফতার

রোববার (২২ নভেম্বর) দিবাগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার হন সুইডেন আসলাম। সোমবার (২৩ নভেম্বর) সকালে গ্রেফতারের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন ডিএমপির ডিবিপ্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।
জানা যায়, সুইডেন আসলাম থাই এয়ারওয়েজে করে থাইল্যান্ড যাওয়ার জন্য বিমানবন্দরে আসেন। এরপর তিনি ইমিগ্রেশনে আসলে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে ডিবিতে হস্তান্তর করা হয়।

ইন্দিরা রোডে বেড়ে ওঠা

ঢাকার নবাবগঞ্জ উপজেলার ছাতিয়া এলাকার মৃত শেখ জিন্নাত আলীর ছেলে সুইডেন আসলাম। পরিবারসহ তারা রাজধানীর ইন্দিরা রোডে বসবাস করতেন। তেজগাঁও পলিটেকনিক স্কুল (বর্তমানে তেজগাঁও সরকারি বিদ্যালয়) থেকে এসএসসি পাস করেন তিনি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category