প্রভাত রিপোর্ট: ভারী বৃষ্টিপাত ও বন্যায় ভাসছে দেশের বহু অঞ্চল। রাজধানীতেও টানা বৃষ্টি। চারদিকে থৈ থৈ পানি। তার মধ্যেও এইচএসসি ও সমমান পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয় ও বোর্ডগুলো।
সরকারের এমন সিদ্ধান্তের পর সোমবার (১৩ জুলাই) চরম ভোগান্তি পেরিয়ে কেন্দ্রে গিয়ে পরীক্ষায় বসতে হয়েছে ১২ লাখেরও বেশি পরীক্ষার্থীকে। এ নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ক্ষুব্ধ পরীক্ষার্থী-অভিভাবক ও নেটিজেনরা তার পদত্যাগ চাইছেন।
ফেসবুকে অনেকে পোস্ট করছেন। অনেকে শিক্ষামন্ত্রীর ফেসবুক পোস্টের নিচে মন্তব্য করে ক্ষোভ প্রকাশ করছেন। চট্টগ্রামের একজন এইচএসসি পরীক্ষার্থীও ক্ষোভ জানিয়ে মন্ত্রীর ফেসবুক পোস্টের নিচে মন্তব্য করেছেন। সেখানে তিনি প্রশ্ন করেন, ‘মিলন সাহেব এত অভিশাপ কই রাখবেন?’
ওই পরীক্ষার্থী আরও লেখেন, ‘আজ যত ছাত্র-ছাত্রী আর অভিভাবকের চোখের পানি জায়নামাজ ভিজিয়ে দেবে, সেই কান্নায় যেন আল্লাহর আরশও রহমতে সাড়া দেয়। আল্লাহ, সবার জন্য উত্তম ফয়সালা লিখে দিন। এত অভিশাপ কই রাখবেন মিলন সাহেব?’
কুমিল্লার নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল কলেজের এক শিক্ষার্থী লিখেছেন, আপনি আপনার পদত্যাগের মধ্যে দিয়ে আমাদের একটা সুন্দর জীবন উপহার দিন। সেটাই হবে শিক্ষার্থীদের জন্য সবচেয়ে উত্তম। আরেক পরীক্ষার্থী লেখেন, ‘হেলিকপ্টার থেকে নিচের দিকে তাকিয়ে দেখেন স্যার শিক্ষার্থীরা কীভাবে পরীক্ষা দিয়ে আসলো।’ ঢাকার এক পরীক্ষার্থী লিখেছেন, ‘সম্মানের সঙ্গে যদি কোনো গালি থাকতো, সবগুলো আপনাকে দিতাম।’ আরেক শিক্ষার্থী লিখেছেন, ‘হেলিকপ্টার আর এসির নিচে থাকেন তো সেজন্য দেশের অবস্থা চোখে পড়ে না।’
আরেকজন লেখেন, ‘কি অবস্থা সাঁতার জানো না তো? না জানলে কিন্তু হবে না, সাঁতারও জানতে হবে।’ আরেক পরীক্ষার্থী লেখেন, ‘সময় ফুরিয়ে আসছে আংকেল।’ আরেকজন লেখেন, ‘রোম যখন পুড়ছিল, নিরো তখন বাঁশি বাজাচ্ছিল।’