মো. দরাজ আলী, মুক্তাগাছা : ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার ৮নং দাওগাঁও ইউনিয়নে জন্ম নিবন্ধন করলেই মিলছে উপহার। জন্ম নিবন্ধন করতে উৎসাহ দিতে নেওয়া হয়েছে একটি ব্যতিক্রমী উদ্যোগ। গত সোমবার (১৭ আগস্ট) ইউনিয়ন পরিষদ চত্তরে জন্ম নিবন্ধনকরীদের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ করা হয়। ইউনিয়নে জন্মের পর ০ থেকে ৪৫ দিনের মধ্যে শিশুর জন্ম নিবন্ধন সম্পন্ন করলেই পরিবারে হাতে তুলে দেওয়া হচ্ছে বিভিন্ন উপহার সামগ্রী।
জানা যায়, জন্ম নিবন্ধন সম্পন্নকারীর নবজাতকের পরিবারের জন্য উপহার হিসেবে দেওয়া হচ্ছে বিভিন্ন জাতে গাছের চারা, পাশাপাশি নবজাতক ও তার পরিবারের উদ্দেশ্যে দেওয়া হচ্ছে শুভেচ্ছা ও অভিনন্দন বার্তা। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে জানানো হয়, সময়মতো জন্মনিবন্ধন নিশ্চিত করা এবং এ বিষয়ে সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধি করতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এতে অভিভাবকদের মধ্যে ইতিবাচক সাড়া মিলছে এবং নির্ধারিত সময়ের মধ্যেই সন্তানদের জন্ম নিবন্ধন করতে আগ্রহ বাড়ছে। এ ব্যতিক্রমি উদ্যোগ বাস্তবায়নে নেতৃত্ব দিচ্ছেন ৮নং দাওগাঁও ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংক এর শাখা ব্যবস্থাপক মোঃ হুমায়ুন কবির। তিনি অত্র ইউনিয়ন পরিষদের দায়িত্ব পাওয়ার পর থেকে ইউনিয়নের সার্বিক কাজ কর্মের প্রতি গুরুত্বের সহিত নিরলস ভাবে কাজ করে আসছেন।
পুরষ্কার বিতরনে উপস্থিত ছিলেন, ৮নং দাওগাঁও ইউনিয়ন বি.এন.পি‘র সভাপতি মাওলানা মোঃ আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ইয়াহিয়া, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান সরকার, ৮নং দাওগাঁও ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ ফজলুল হক, হিসাব সহকারী মোঃ জিয়াউল ইসলাম, ইউ.পি সদস্য শাহাব উদ্দিন, বিরাজ আলী, আব্দুল ভাসানী আকন্দ, নেওয়াজ আলী মন্ডল, শহীদুল ইসলাম সরকার, সিরাজুল ইসলাম তুহু, ফরিদা আক্তার, ও গ্রাম পুলিশ।