নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে পূর্বশত্রুতার জেরে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের চেষ্টার অভিযোগ উঠেছে। এতে প্রায় ৩০ থেকে ৩৫ লাখ টাকার মাছ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন মাছচাষি বাবলু প্রামাণিক (বাবু)। শনিবার (১০ অক্টোবর) ভোরে উপজেলার ৬ নম্বর কালিগ্রাম ইউনিয়নের জয়সাড় গ্রামে এ ঘটনা ঘটে। পুকুরের মাছ অস্বাভাবিকভাবে ছটফট করতে দেখে কান্নায় ভেঙে পড়েন তিনি।
ক্ষতিগ্রস্ত মাছচাষি বাবলু প্রামাণিক জানান, প্রায় তিন বছর ধরে দুই বিঘা জমির একটি পুকুরে মাছ চাষ করে আসছেন তিনি। এবার ওই পুকুরে শিং মাছ চাষ করেছিলেন। শুক্রবার রাতে পুকুর পাহারা দিয়ে রাত প্রায় ২টার দিকে বাড়িতে চলে যান তিনি। শনিবার ভোরে পুকুরে গিয়ে দেখেন, মাছগুলো পানির মধ্যে অস্বাভাবিকভাবে ছটফট করছে। এমন পরিস্থিতি দেখে দ্রুত একজন মৎস্য চিকিৎসককে খবর দেন। পরে পুকুরের পানি ও মাছের অবস্থা পর্যবেক্ষণ করে বিষ প্রয়োগের সন্দেহের কথা জানান ওই মৎস্য চিকিৎসক।
বাবলু প্রামাণিকের দাবি, পুকুরে বিষ প্রয়োগের কারণে তাঁর কয়েক বছরের পরিশ্রম ও বিনিয়োগ মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। এতে ৩০ থেকে ৩৫ লাখ টাকার মাছ ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করছেন তিনি। তবে পুকুরের মাছের প্রকৃত অবস্থা যাচাই এবং ক্ষয়ক্ষতি নিরূপণ না করা পর্যন্ত সঠিক পরিমাণ জানা সম্ভব নয়।
এ ঘটনায় দুঃখ প্রকাশ করে স্থানীয় বাসিন্দা জামাত হোসেন বলেন, “বাবলু অত্যন্ত ভালো একজন মানুষ। দীর্ঘদিন ধরে তিনি মাছের ব্যবসা করে আসছেন। প্রতিবার পুকুর থেকে মাছ তুলে বিক্রি করার সময় গ্রামের মানুষকেও মাছ দিতেন। এমন ঘটনা শত্রুতার কারণে ঘটে থাকতে পারে বলে আমার ধারণা। এতে তাঁর অনেক বড় ক্ষতি হয়ে গেল।”
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বাবলু প্রামাণিকের মামাতো ভাই সাংবাদিক জুনায়েদ রহমান চন্দন। তিনি জানান, পুকুরের মাছ অস্বাভাবিকভাবে ছটফট করতে দেখে দ্রুত মাছগুলো তুলে ফেলার পরামর্শ দেন এবং বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানান।
এদিকে, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে রাণীনগর থানা-পুলিশ। রাণীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকারিয়া মন্ডল জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আলামত সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তবে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগের সত্যতা, ঘটনার পেছনের কারণ এবং কারা এর সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।