প্রভাত রিপোর্ট: পূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, গত ১৮ অক্টোবর মন্ত্রিসভা আগারগাঁওয়ে সচিবালয় স্থান্তরের নীতিগত অনুমোদন দেয়ার পর পূর্ত মন্ত্রণালয় প্রকল্পের ডিপিপি প্রণয়নের বৈঠক করেছে। তাতে প্রাথমিক পরিকল্পনায় প্রকল্প ব্যয় ৪,২০০ কোটি টাকা প্রাক্কলনের প্রস্তাব নিয়ে আলোচনা হয়। তবে গণপূর্ত মন্ত্রী প্রকল্প ব্যয় ৪,০০০ কোটি টাকার মধ্যে সীমিত রাখার নির্দেশনা দিয়েছেন। তার প্রেক্ষিতে সংশোধিত ডিপিপি প্রণয়নের কাজ শুরু হয়েছে। সচিবালয়ের এই ঐতিহাসিক স্থানান্তরের ফলে রাজধানী ঢাকার অন্যান্য সরকারি ভবনের ব্যবহারেও দেখা দেবে বড় পরিবর্তন। যেমন সচিবালয় আগারগাঁওয়ে স্থানান্তর হলে, সদরঘাট এলাকা থেকে জজ কোর্ট সরিয়ে এনে আব্দুল গণি রোডের বর্তমান সচিবালয়ের ভবনগুলোতে স্থানান্তর করা হবে। এছাড়া, কয়েকটি কর অঞ্চল ও বিভিন্ন মন্ত্রণালয়ের আওতাধীন অধিদপ্তরের স্থান হবে বর্তমান সচিবালয়ে।
স্থাপত্য অধিদপ্তরের এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘’সাম্প্রতিক সময়ে শেরেবাংলা নগর কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই জায়গাটিকে অনুমতি ব্যাতিরেকে ধান গবেষণা মাঠ হিসেবে ব্যবহারের জন্য সাইনবোর্ড ও দড়ি দিয়ে দখল করেছে, যা অনৈতিক ও শৃঙ্খলা বহির্ভূত কর্মকান্ড। এছাড়া, কোনও প্রতিষ্ঠান বিনা অনুমতিতে এভাবে কোনো সরকারি জমি দখল করার এখতিয়ার রাখে না।’’
‘’শেরেবাংলা নগর প্রশাসনিক এলাকার জমির ব্যবহারভিত্তিক দৃষ্টিকোণ থেকে কৃষি বিশ্ববিদ্যালয়ের মতো একক একটি বিশেষায়িত বিষয়ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার জন্য উক্ত জমি অপ্রতুল। সুতরাং উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের জন্য অধিকতর উপযোগী গাজিপুরের সালনাতে বরাদ্দকৃত জমিতে স্থানান্তর এবং বিদ্যমান জমিতে লাইন আই কানের মূল নকশা অনুসারে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড সিভিক ফিজিক্যাল সেন্টার নির্মাণ অধিকতর উপযোগী এবং যৌক্তিক সিদ্ধান্ত বলে স্থাপত্য অধিদপ্তর মনে করে’’- উল্লেখ করেছে স্থাপত্য অধিদপ্তর। তারা বলেছে, ‘’জোনাল প্লানিং অক্ষুন্ন রেখে শেরেবাংলা নগরে কৃষি বিশ্ববিদ্যালয়কে স্থানান্তর করা যেতে পারে এবং সচিবালয়ের জন্য নির্ধারিত জমি সংরক্ষণ আবশ্যিক, নতুবা প্রশাসনিক এলাকার নিরাপত্তা এবং ভূমির ব্যবহার জোনাল প্ল্যান অনুসারে নগরায়ন বিঘ্নিত হবার সম্ভাবনা রয়েছে।’’
প্রস্তাবিত নতুন সচিবালয় কমপ্লেক্সটি পুরোনো বাণিজ্য মেলার মাঠের প্রায় ৩১.৫৮ একর জায়গাজুড়ে নির্মাণ করা হবে। এতে মোট ৩৩.১৬ লাখ বর্গফুটের বিশাল অফিস স্পেস বা ফ্লোর স্পেস থাকবে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের চূড়ান্ত করা স্থাপত্য নকশা অনুযায়ী, কমপ্লেক্সটিতে ১২ তলা বিশিষ্ট মোট ১৪টি পৃথক প্রশাসনিক ভবন থাকবে—যা ৩টি সুবিশাল আন্ডারগ্রাউন্ড বেসমেন্ট লেভেলের ওপর দাঁড়িয়ে থাকবে। ২০০টি ভূ-উপরিস্থ পার্কিংসহ মোট ৩,৮০০ গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা থাকবে বেজমেন্টগুলোতে। প্রস্তাবিত সচিবালয় কমপ্লেক্সে মসজিদ, ৩৫০ জন ধারণ ক্ষমতার ২টি মাল্টিপারপাস হল, একটি ক্যাফেটেরিয়া ও একটি ডাকঘর নির্মাণ করা হবে। প্রকল্প এলাকায় প্রায় ৩০ শতাংশ জায়গায় সবুজায়ন ও জলাধারের সংস্থান রাখা হয়েছে। গত ১৮ অক্টোবর অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে স্থাপত্য অধিদপ্তরের তৈরি তিনটি নকশা পর্যালোচনা করে এই স্থানান্তর প্রস্তাবে নীতিগত অনুমোদন দেওয়া হয়। এর আগে ৭ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে এই নকশাগুলো উপস্থাপন করা হয়েছিল। সরকারপ্রধান একটি নির্দিষ্ট নকশা বেছে নিয়ে, তাতে কিছু পর্যবেক্ষণসহ পরবর্তী কার্যক্রম গ্রহণের নির্দেশনা দেন। পূর্ত মন্ত্রণালয়ের প্রস্তাবিত নকশায় বিভিন্ন মানের ক্যাফেটেরিয়া, হেলথ ক্লাব, ডে-কেয়ার সেন্টার, জরুরি স্বাস্থ্যসেবার পূর্ণাঙ্গ অবকাঠামো, পার্কিং স্পেস, পর্যাপ্ত লিফট ও সিড়িসহ অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার পরামর্শ দেয় মন্ত্রিসভা।
আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের পাশাপাশি— লুই আইন কানের অনবদ্য স্থাপত্যশৈলীতে নির্মিত জাতীয় সংসদ ভবনকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্ত করানোর উদ্যোগও রয়েছে সরকারের। তবে এই প্রকল্পের জন্য আগারগাঁওকে বেছে নেয়ার সিদ্ধান্তের সমালোচনা করছেন নগর পরিকল্পনাবিদরা। আগারগাঁও এলাকার ক্রমবর্ধমান যানজট, শহরের গুরুত্বপূর্ণ একটি খোলামেলা জায়গা বিলুপ্ত হওয়া এবং সীমিত সড়ক নেটওয়ার্কের কথা উল্লেখ করে তারা এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন। বিকল্প স্থান হিসেবে পূর্বাচল নিউ টাউনকে বেছে নেয়ার পরামর্শ দিয়েছেন তারা।
এ ছাড়া, সচিবালয় স্থানান্তরের পর আগারগাঁও এলাকায় ট্রাফিক জ্যাম এড়াতে সংযোগসড়ক প্রশস্তকরণসহ প্রয়োজনীয় আন্ডারপাস নির্মাণের বিষয়টি প্রস্তাবিত ডিজাইনে অন্তর্ভুক্ত করার পক্ষে মত দেয় মন্ত্রিসভা। একইসঙ্গে পাশ্বর্বর্তী চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রকে প্রস্তাবিত সচিবালয় কমপ্লেক্সের সঙ্গে আন্ডারপাস বা সুবিধাজনক উপায়ে যুক্ত করার পরামর্শ দেয় মন্ত্রিসভা। পূর্ণাঙ্গ নকশায় সচিবালয়ের সম্মেলন কক্ষ বা গুরুত্বপূর্ণ স্থান হতে যাতে সংসদ ভবন দেখা যায়, তা নিশ্চিত করতে বলেছে মন্ত্রিসভা। ১৭.৫৭ একর জমির ওপর নির্মিত বর্তমান সচিবালয়ে মোট ১৩টি ভবন রয়েছে, যার মধ্যে ৮টি ভবন স্বাধীনতার আগে নির্মিত। সচিবালয়ের পুরাতন ১, ২ ৩ এবং ৮ নম্বর ভবন ১৯৩৭ থেকে ১৯৩৯ সালে, ৫ নম্বর ভবন ১৯৪৭ সালে নির্মিত হওয়ায় ভূমিকম্প সহনীয় হিসেবে নির্মিত হয়নি। ১৯৮০ সাল থেকে ২০তলা বিশিষ্ট আরও ৩টি ভবন নির্মাণ করা হয়েছে।
পূর্ত মন্ত্রণালয় বলেছে, বর্তমান সচিবালয়ের অফিস স্পেস প্রায় ১৮.৭৬ লাখ বর্গফুট। বিভিন্ন মন্ত্রণালয়ের আরও প্রায় ১০ লাখ বর্গফুট অফিসে স্পেসের চাহিদা রয়েছে। বিদ্যমান সচিবালয় প্রাঙ্গণে একটি নতুন ২১ তলা টাওয়ার নির্মাণের প্রস্তাব সরকার আনুষ্ঠানিকভাবে বাতিল করার পর, নতুন জায়গায় স্থানান্তরের এই উদ্যোগটি গতি পায়। এর আগে বর্তমান সচিবালয়ের ১ নম্বর ভবনটি ভেঙে, সেখানে ৬৪৯ কোটি টাকা ব্যয়ে ২১তলা সুউচ্চ ভবন নির্মাণের জন্য একটি প্রকল্প প্রস্তাব গত ২৬ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় অনুমোদনের জন্য উত্থাপন করে পূর্ত মন্ত্রণালয়।
তবে সভায় প্রকল্পটি উত্থাপিত হওয়ার পর, আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের পুরনো পরিকল্পনার বিষয়টি সামনে চলে আসে। তখন প্রকল্পটি বাতিল করে একনেক সভায় সিদ্ধান্ত হয় যে, ‘’শেরেবাংলা নগরে সচিবালয়ের পূর্ণাঙ্গ স্থানান্তরের জন্য জমির পরিমাণ ও ভবনের সংখ্যা জানতে হবে, এক্ষেত্রে সময় ও অর্থের হিসাব জানতে এবং ভবিষ্যতে সচিবালয় শেরেবাংলা নগরে স্থানান্তরিত হলে যানবাহন বৃদ্ধির সংখ্যা ইত্যাদি বিষয় বিবেচনায় নিয়ে একটি সিমুলেশন তৈরি করে পূর্ণাঙ্গ প্রস্তাব উপস্থাপন করতে হবে।’
আগারগাঁওয়ে প্রায় ৪,০০০ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে আধুনিক নতুন সচিবালয় কমপ্লেক্স নির্মাণের পথ সুগম করতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়কে গাজীপুরের সালনায় স্থানান্তরিত করার মাস্টারপ্ল্যান নিয়ে অগ্রসর হচ্ছে সরকার। এর মাধ্যমে মূলত ১৯৬৫ সালে গৃহীত একটি পরিকল্পনা ধরেই এগোনো হচ্ছে। গাজীপুরের সালনায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের জন্য ইতিমধ্যে জমি বরাদ্দ দিয়েছে সরকার। কিন্তু, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অধ্যাবধি স্থানান্তরের কোনও উদ্যোগ নেয়নি। এদিকে বাণিজ্য মেলার মাঠে নতুন সচিবালয় নির্মাণে প্রায় ৪,০০০ কোটি টাকার প্রকল্প প্রস্তাব তৈরির কাজ শুরু করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। যেখানে নির্মাণ শেষ করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে ২০২৯ সালের জুনে।
নতুন এই পরিকল্পনায় ইতিমধ্যে নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। যেখানে আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে প্রস্তাবিত স্থানে আনুষ্ঠানিকভাবে ভিত্তিপ্রস্তর স্থাপনের বিষয়টি নিয়েও আলোচনা হয়েছে। যদিও প্রকল্পের ব্যয়সংক্রান্ত চূড়ান্ত প্রস্তাব এখনও চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
১৯৬৫ সালে আইয়ুব খানের সরকারের সময় শেরেবাংলা নগরে জাতীয় সংসদ ভবন নির্মাণ কাজ শুরুর সময় পুরাতন বাণিজ্য মেলার এই মাঠটিতে তৎকালীন পূর্ব পাকিস্তান সচিবালয় নির্মাণের পরিকল্পনা করা হয়। কিন্তু, পরবর্তীতে স্বাধীনতা যুদ্ধ ও তৎপরবর্তী পরিস্থিতিতে ১৯৮২ সালে জাতীয় সংসদ ভবন নির্মাণ কাজ সম্পন্ন হলেও—সচিবালয় স্থানান্তরের কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। বিগত আওয়ামী লীগ সরকারের সময় এখানে সচিবালয় স্থানান্তর করার পরিকল্পনা থেকে বাণিজ্যমেলা পূর্বাচলে আয়োজন শুরু হয়। তবে সচিবালয় স্থানান্তরে দৃশ্যত কোন পদক্ষেপ নেয়নি হাসিনা সরকার।
ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তবর্তীকালীন সরকারের সময় পুরাতন বাণিজ্য মেলা মাঠের ২৯.৭৯ একর জমিতে উন্মুক্ত পার্ক নির্মাণের জন্য ৮২ কোটি টাকার একটি প্রকল্প হাতে নেয় পূর্ত মন্ত্রণালয়। তবে সরকারের সর্বশেষ সিদ্ধান্তের ফলে পাবলিক পার্ক গড়ে তোলার পরিকল্পনা পুরোপুরি বাতিল করে, সেখানে আধুনিক প্রশাসনিক সচিবালয় কমপ্লেক্স নির্মাণের দিকেই সরকার মনোযোগ দিচ্ছে।
সরকারের এই মেগা উদ্যোগের স্থান নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন দেশের খ্যাতিমান নগর পরিকল্পনাবিদরা। ইনস্টাটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের (আইপিডি) নির্বাহী পরিচালক ও বিশিষ্ট নগর পরিকল্পনাবিদ ড. আদিল মোহাম্মদ খান গণমাধ্যমকে বলেন, বর্তমান আব্দুল গণি রোডের সচিবালয়টি মেট্রোরেল সংযোগের কারণে অত্যন্ত সুগম এবং সাধারণ নাগরিকদের জন্য সেখানে যাতায়াত করাও বেশ সুবিধাজনক। “কিন্তু এর বিপরীতে আগারগাঁও এলাকাটি ইতোমধ্যেই চরম ঘনবসতি ও যানজটে জর্জরিত। তদুপরি, প্রস্তাবিত প্রকল্পটি ঢাকার এমন একটি গুরুত্বপূর্ণ উন্মুক্ত স্থানে হতে যাচ্ছে—যেখানে এমনিতেই এ ধরনের খোলামেলা জায়গার চরম ঘাটতি রয়েছে,” তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন। সেখানে এ ধরনের বিশাল কংক্রিটের অবকাঠামো নির্মাণ করা হলে তা মারাত্মক পরিবেশগত ও পরিকল্পনাগত ক্ষতি ডেকে আনবে, এবং শহরের প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার সুযোগ চিরতরে কেড়ে নেবে বলে তিনি মনে করেন। “সরকার যদি প্রকৃত অর্থেই প্রশাসনিক বিকেন্দ্রীকরণ কৌশলের অংশ হিসেবে সচিবালয় সরিয়ে নিতে চায়, তাহলে আগারগাঁওয়ের চেয়ে পূর্বাচল নতুন শহর প্রকল্প অনেক বেশি বাস্তবসম্মত ও যুক্তিযুক্ত পছন্দ হতো,” যোগ করেন ড. আদিল।
সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার গণমাধ্যমকে জানান, নতুন করে অতিরিক্ত জমি অধিগ্রহণ বা সরকারি ভবন নির্মাণের আগে বিদ্যমান সরকারি অবকাঠামো ও ভবনগুলো পূর্ণ দক্ষতায় ব্যবহৃত হচ্ছে কি না—তা কর্তৃপক্ষের গভীরভাবে খতিয়ে দেখা উচিত। “ইতিমধ্যেই বেশ কিছু মন্ত্রণালয় ও অধিদপ্তর সচিবালয়ের মূল সীমানার বাইরে সফলভাবে পরিচালিত হচ্ছে। ফলে বিদ্যমান বিভিন্ন সরকারি ভবনেই অনেক দপ্তরকে নতুন করে সমন্বয় করার সুযোগ এখনও বহাল রয়েছে,” মন্তব্য করেন তিনি।