মো. কামাল পারভেজ, শ্রীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের পোসাইদ এলাকায় আদিবাসী পল্লীর গহিন জঙ্গলে অভিযান চালিয়ে ৬ ড্রাম দেশীয় চোলাই মদ জব্দ ও ৩ মাদক কারবারিকে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ। বুধবার (১৯ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার বরমী ইউনিয়নের পোসাইদ এলাকায় স্থানিয়দের কে সাথে নিয়ে এ অভিযান পরিচালনা করে শ্রীপুর থানা পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, পোসাইদ এলাকার জঙ্গলঘেরা স্থানে আদিবাসী পরিচয়ের আড়ালে একটি চক্র দীর্ঘদিন ধরে চোলাই মদ তৈরি ও বিক্রি করে আসছিল। মাদক সেবনে এলাকার যুবসমাজ ধ্বংসের মুখে পড়ায় অতিষ্ঠ হয়ে এলাকাবাসী শ্রীপুর থানাকে অবহিত করে।
অভিযোগের ভিত্তিতে শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল বাশারের নেতৃত্বে পুলিশ ও স্থানীয় জনতা যৌথভাবে ওই আস্তানায় অভিযান চালায়। সেখান থেকে ৯ ড্রাম মদ উদ্ধার করা হয়, যার মধ্যে পরিপূর্ণ ৬ ড্রাম মদ জব্দ করে থানায় নিয়ে যায় পুলিশ। এ সময় জড়িত ৩ জনকে হাতেনাতে আটক করা হয়।
অভিযানের বিষয়ে এসআই আবুল বাশার জানান, গোপন সংবাদের ভিত্তিতে এলাকাবাসীকে সাথে নিয়ে অভিযানটি চালানো হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়াধীন।