মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি: নেত্রকোণার দূর্গাপুরের সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যার বিচার, জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ময়মনসিংহের মুক্তাগাছায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল সাড়ে ১০টায় মুক্তাগাছা প্রেসক্লাবের সামনে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে মুক্তাগাছা প্রেসক্লাবের সাংবাদিকেরা অংশ নিয়ে সাংবাদিক হত্যার ঘটনায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানান। তাঁরা বলেন, সাংবাদিকেরা সমাজের দর্পণ হিসেবে কাজ করেন। তাঁদের ওপর হামলা ও হত্যার ঘটনা শুধু একটি পরিবারকে বিপর্যস্ত করে না, বরং স্বাধীন সাংবাদিকতা, মতপ্রকাশের স্বাধীনতা এবং ন্যায়বিচারের পথকেও বাধাগ্রস্ত করে। মানববন্ধনে বক্তব্য দেন মুক্তাগাছা প্রেসক্লাবের আহ্বায়ক ইমাম উদ্দিন মুক্তা, সদস্য সচিব ফেরদৌস আলম, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শফিক সরকার ও এম ইদ্রিস আলীসহ অন্যরা। এ সময় উপস্থিত ছিলেন মুক্তাগাছা প্রেসক্লাবের সদস্য বজরং আগরওয়ালা, মাজহারুল আজাদ বুলবুল, মোফাজ্জল হোসেন, দরাজ আলী, তাজুল ইসলাম, সারওয়ার ইকরাম রিপন, ফেরদৌস তাজ, সুলভ হুসাইন, বাবলু, হযরত আলী ও সবুরসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্য। বক্তারা বলেন, একজন সাংবাদিককে হত্যা করার মধ্য দিয়ে অন্যায়কে স্বাভাবিক করে তোলার অপচেষ্টা করা হয়। সাংবাদিকদের কণ্ঠরোধ করে সত্য প্রকাশের পথ বন্ধ করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ সাংবাদিকদের ওপর হামলা চালানোর সাহস না পায়। তাঁরা আরও বলেন, সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরের হত্যার ঘটনায় ন্যায়বিচার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিচারের মুখোমুখি করার পাশাপাশি নিহত সাংবাদিকের পরিবারের পাশে দাঁড়াতে হবে সরকারকে। আলিফের পরিবারের দায়িত্ব নেওয়ার দাবিও জানান তাঁরা। বক্তাদের ভাষ্য, এ ঘটনায় সরকারের দায় এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। মানববন্ধন থেকে বক্তারা সাংবাদিক আলিফ হত্যার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার, নিরপেক্ষ বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান। একই সঙ্গে নিহত সাংবাদিকের পরিবারের নিরাপত্তা ও আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে সরকারের কার্যকর উদ্যোগ কামনা করেন তাঁরা।