খান সুমন, কচুয়া: বাগেরহাটের কচুয়ায় সড়কে দৃশ্যমানতা বাড়াতে এবং মর্মান্তিক সড়ক দুর্ঘটনা এড়াতে এক অনন্য মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন স্থানীয় এক সমাজসেবক মো: বেলায়েত। রাস্তার বাঁকে ও দুই পাশে বেড়ে ওঠা বিপজ্জনক ঝোপঝাড় ও অপ্রয়োজনীয় গাছপালা নিজ দায়িত্বে কেটে পরিষ্কার করছেন তিনি, যেন চালকরা দূর থেকেই রাস্তা পরিষ্কার দেখতে পান।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাস্তার মোড়গুলোতে ঝোপঝাড় জমে থাকায় চালকরা বিপরীত দিক থেকে আসা যানবাহন দেখতে পেতেন না। ফলে নিয়মিত দুর্ঘটনা ঘটত। এই ঝুঁকি কমাতে বেলায়েত কিছু তরুন নিয়ে নেমে পড়েছেন ঝোপঝাড় পরিষ্কারের কাজে। তার এই উদ্যোগের কারণে ওই রুটে দুর্ঘটনা ও প্রাণহানি অনেকাংশে কমে আসতে পারে।
তবে শুধু রাস্তা পরিষ্কারই নয়, পরিবেশ রক্ষায় তিনি প্রতি সপ্তাহে নিয়মিত বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনা করে আসছেন। শৈশব থেকেই তিনি অসহায় ও দুস্থ মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়িয়েছেন। তার এমন নিঃস্বার্থ ও মানবিক কর্মকাণ্ডে পুরো এলাকায় ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে। স্থানীয় বাসিন্দাদের মতে, সমাজের স্বার্থে ও পরিবেশ রক্ষায় তার এই মহতী কাজ অন্যদের জন্যও এক অনুপ্রেরণা।