প্রভাত স্পোর্টস : আফগানিস্তানের বিপক্ষে চলমান টেস্টে একদিনেই জোড়া ইতিহাস গড়েছেন পেসার হাসান মাহমুদ। প্রথম বাংলাদেশি পেসার হিসেবে টেস্টে হ্যাটট্রিকের কীর্তির পর গড়েছেন আরও একটি রেকর্ড। বাংলাদেশের দ্রুততম পেসার হিসেবে টেস্ট ক্রিকেটে ৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। আফগানিস্তানের বিপক্ষে চলমান টেস্টে নিজের ১৭তম ম্যাচেই এই কীর্তি গড়েন হাসান।
এর আগে বাংলাদেশের পেসারদের মধ্যে দ্রুততম ৫০ টেস্ট উইকেট নেয়ার রেকর্ডটি ছিল তাসকিন আহমেদের। ১৮ টেস্টে এই মাইলফলক ছুঁয়েছিলেন তিনি। এবার এক ম্যাচ কম খেলেই তাকে ছাড়িয়ে গেছেন ডানহাতি হাসান।
৫০ উইকেট পেতে বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার লেগেছিল ১৯ টেস্ট। আর শাহাদাত হোসেন রাজীব ৫০ উইকেটের দেখা পেয়েছিলেন ২১তম টেস্টে।
বাংলাদেশি পেসারদের মধ্যে টেস্টে প্রথম ৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন মাশরাফি। ২০০৬ সালে ফতুল্লায় অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে এই কীর্তি গড়েন তিনি। এরপর ২০০৯ সালে চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে ৫০ উইকেট পূরণ করেন শাহাদাত। চলতি বছরের মে মাসে পাকিস্তানের বিপক্ষে টেস্টে ৫০ উইকেট নেন তাসকিনও। এবার তার রেকর্ড ভেঙে বাংলাদেশের দ্রুততম পেসার হিসেবে সেই মাইলফলকে পৌঁছালেন হাসান।
টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পেসারদের মধ্যে এখনও সর্বোচ্চ উইকেটের মালিক মাশরাফি। তার শিকার ৭৮ উইকেট। ৭২ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে শাহাদাত। তাসকিনের উইকেট ৫৯টি। আর হাসান পূরণ করলেন ৫০ উইকেট।
বাংলাদেশি পেসারদের মধ্যে টেস্টে দ্রুততম ৫০ উইকেট:
১. হাসান মাহমুদ- ১৭ টেস্ট
২. তাসকিন আহমেদ – ১৮ টেস্ট
৩. মাশরাফি বিন মুর্তজা – ১৯ টেস্ট
৪. শাহাদাত হোসেন- ২১ টেস্ট।