প্রভাত সংবাদদাতা, চট্টগ্রাম: চট্টগ্রামের লোহাগাড়ায় বাজার কমিটির নির্বাচনে পছন্দের প্রার্থী পরাজিত হওয়ায় জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাদের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন ফারুক (৪৮) নামের এক ব্যক্তি। দলটির নেতাদের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে দুধ দিয়ে গোসল করে জামায়াতের সমর্থন ছাড়ার ঘোষণা দিয়েছেন তিনি।
গত সোমবার (২৬ অক্টোবর) রাতে উপজেলার আধুনগর বাজারে এ ঘটনা ঘটে। পরদিন মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় তার গোসল করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ফারুক উপজেলার আধুনগর ইউনিয়নের গাটিয়াপাড়া এলাকার বাসিন্দা। নিজের ফেসবুক আইডিতে জামায়াতের পক্ষে নিয়মিত ভিডিও বক্তব্য দেওয়ার কারণে এলাকায় পরিচিত তিনি।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত সোমবার আধুনগর বাজার কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে বিএনপি ও জামায়াত-সমর্থকেরা পৃথক প্রার্থীর পক্ষে অবস্থান নেন। সন্ধ্যায় ফলাফল ঘোষণার পর বিএনপি-সমর্থিত প্রার্থী বিজয়ী হন। এরপরই জামায়াতের স্থানীয় নেতাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে ফেসবুকে ভিডিও বক্তব্য দেন ফারুক। তার অভিযোগ, ইউনিয়ন জামায়াতের নেতারা প্রতিশ্রুতি দিয়েও তাদের সমর্থিত প্রার্থীর পক্ষে কাজ করেননি।
এ ঘটনার পর সোমবার রাতেই আধুনগর বাজারে দুধ দিয়ে গোসল করে জামায়াতের সমর্থন ছাড়ার ঘোষণা দেন ফারুক। এ সময় আশপাশে থাকা কয়েকজনকে হাততালি দিতে দেখা যায়। পরে গোসলের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এর কয়েক ঘণ্টা আগে নিজের ফেসবুক আইডিতে প্রকাশিত একটি ভিডিওতে ফারুক বলেন, আজ থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে মন থেকে ঘৃণা করি। কারণ, আধুনগর ইউনিয়নের মধ্যে দলটির যারা দায়িত্বশীল আছেন, তারা চোর, ডাকাত, ভোট চোর।’
ফারুক বলেন, আমি জামায়াতের নেতা বা কর্মী নই। তবে দলটিকে সমর্থন করতাম। বর্তমানে আধুনগর ইউনিয়নে দলটির হয়ে যারা দায়িত্ব পালন করছেন, তাদের কার্যকলাপ আমার ভালো লাগছে না। তাই দুধ দিয়ে গোসল করে দল ত্যাগ করেছি।
এ বিষয়ে আধুনগর ইউনিয়ন জামায়াতের আমির আবদুল কাদের বলেন, ফারুক আমাদের একজন সমর্থক হিসেবে দলীয় প্রোগ্রামে অংশ নিতেন। বাজার কমিটির নির্বাচনে বিএনপি বা জামায়াত কাউকে সমর্থন দেয়নি। তবে সভাপতি পদে ফারুকের ব্যক্তিগত পছন্দের একজন প্রার্থী ছিলেন। তিনি পরাজিত হয়েছেন। হয়তো সেই কারণে ফারুক ক্ষুব্ধ হয়ে আবেগে এমন কাজ করেছেন।