প্রভাত সংবাদদাতা, গাজীপুর : ভারতে দিল্লিতে তাজমহল দেখতে গিয়ে একটি হত্যা মামলায় ভুলভাবে দণ্ডিত হওয়ার দেড় যুগ (১৮ বছর) কারাবাসের পর প্যারোলে মুক্তি পেয়েছেন বাদল ফরাজী। তিনি বাগেরহাটের মোংলা উপজেলা এলাকার বাসিন্দা। তাকে বাগেরহাট পুলিশ প্যারোলের মাধ্যমে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হবে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল সোয়া ৮টার দিকে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়েছে। ওই কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রায় ১০ বছর ভারতের তিহার কারাগারে বন্দি ছিলেন বাদল। সেখানে কারাগারে থেকেই মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও স্নাতক পর্যায়ের পড়াশোনা শেষ করেন তিনি। তিনি কারাগারে থাকতেই তার বাবা মারা যান। তার বৃদ্ধ মা এখন একেবারেই চলাফেরা করতে পারেন না। পরে ২০১৮ সালের ৬ জুলাই ভারত-বাংলাদেশ বন্দি স্থানান্তর চুক্তির আওতায় তাকে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়। এরপর তাকে প্রথমে ঢাকা কেন্দ্রীয় কারাগার এবং পরে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে রাখা হয়। দেশে ফেরার পরও তার মুক্তির বিষয়ে বিভিন্ন পর্যায়ে উদ্যোগ নেওয়া হলেও তা বাস্তবায়িত হয়নি।
খোঁজ নিয়ে জানা যায়, ২০০৮ সালে পর্যটক ভিসায় ভারতে তাজমহল দেখতে গিয়ে তিনি গ্রেফতার হন। পরে দিল্লির লাজপত নগরে ৭১ বছর বয়সী নির্মলা মাদান হত্যা মামলার আসামি ‘বাদল সিং’ হিসেবে তাকে শনাক্ত করে গ্রেফতার দেখানো হয়। নামের মিল থাকা কারণে দিল্লির ওই ব্যাক্তি হত্যা মামলায় ভুলভাবে দণ্ডিত হওয়ার অভিযোগ নিয়ে প্রায় ১৮ বছর ধরে কারাগারে ছিলেন বাংলাদেশের মোংলা উপজেলা এলাকার বাসিন্দা বাদল ফরাজী।
বাদল ফরাজীর দাবি ছিল তিনি সেই ব্যক্তি নন। ২০১৫ সালের ২১ জুলাই দিল্লির একটি আদালত তাকে দোষী সাব্যস্ত করেন। পরের মাসে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। পরবর্তী সময়ে দিল্লির উচ্চ আদালতও (হাইকোর্ট) সেই সাজা বহাল রাখেন।
গাজীপুর জেলা প্রশাসক সূত্রে জানা যায়, গত ২৯ সেপ্টেম্বর দিল্লির উচ্চ আদালত (হাইকোর্ট) বাদল ফরাজীর প্যারোলে মুক্তির বিষয়ে আবেদন মঞ্জুর করেন। আদালত সংশ্লিষ্ট দেশের প্রচলিত আইন অনুসরণ করে প্যারোল বা ফালো কার্যকরের নির্দেশনা দেন। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকারের বিভিন্ন দফতরে আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া শুরু হয়। সবশেষ গত ১৬ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা-২ শাখা থেকে তাকে চার সপ্তাহের প্যারোলে মুক্তি দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গাজীপুরের জেলা প্রশাসককে (ডিসি) অনুরোধ জানানো হয়।
কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেন, সকাল সোয়া ৮টার দিকে বাদল ফরাজীকে মুক্তি দেওয়া হয়েছে। পুলিশ তাকে বাগেরহাটের উদ্দেশে নিয়ে গেছে। সেখানে বাগেরহাট পুলিশ প্যারোলে পরিবারের কাছে তাকে হস্তান্তর করবে।
গাজীপুরের ডিসি নুরুল করিম ভূঁইয়া বলেন, মানবিক দৃষ্টিকোন থেকে থেকে বাদল ফরাজিকে ১২ ঘণ্টার পরিবর্তে ৪ সপ্তাহের প্যারোলে মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রসঙ্গত, বাদলের মুক্তির দাবিতে মানবাধিকারকর্মী, আইনজীবী ও সাংবাদিকেরা দীর্ঘদিন ধরে কাজ করেছেন। পরে লেখক রাহিতুল ইসলাম তাকে নিয়ে ‘বাদলের কারাবাস’ নামে একটি উপন্যাস লেখেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রথমা প্রকাশন থেকে বইটি প্রকাশের ঘোষণা আসে। উপন্যাসটি প্রকাশের পর তার মুক্তির দাবি আরও জোরালো হয়।