প্রভাত সংবাদদাতা,ফেনী: ফেনীর পরশুরামের বিলোনিয়া সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে টহল ও নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলার ১০টি বিজিবি ক্যাম্পে বাড়ানো হয়েছে অতিরিক্ত জনবল। একইসঙ্গে বাংলাদেশ-ভারত সীমান্তের দীর্ঘদিনের অমীমাংসিত এলাকা মুহুরীর চরেও স্থাপন করা হয়েছে সিসি ক্যামেরা। এ ছাড়া সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে জোরদার করা হয়েছে নিয়মিত টহল কার্যক্রম।
বিজিবি সূত্রে জানা গেছে, ইইই6 সময়ে পরশুরাম সীমান্তে নিরাপত্তা টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। আগে যেখানে একটি টহলদল দায়িত্ব পালন করত, সেখানে এখন তিনটি টহলদল সীমান্ত এলাকায় নজরদারি করছে। ক্যাম্পে সদস্য সংখ্যা বাড়িয়ে বর্তমানে ১০ থেকে ১২ জন সদস্য নিয়মিত টহল দিচ্ছেন। এছাড়া সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় কিছু নাগরিককেও নজরদারি কার্যক্রমে সম্পৃক্ত করা হয়েছে।
সূত্র আরও জানায়, পরশুরাম উপজেলার বিভিন্ন এলাকায় থাকা বিজিবির ১০টি ক্যাম্পে জনবল বাড়ানো হয়েছে। প্রতিটি ক্যাম্পে নতুন করে ৮ থেকে ১০ জন সদস্য যুক্ত করা হয়েছে। এতে সীমান্তের বিভিন্ন পয়েন্টে বিজিবির উপস্থিতি ও টহল কার্যক্রম আগের তুলনায় বেড়েছে।
এদিকে, বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধপূর্ণ হিসেবে পরিচিত মুহুরীর চরে অবৈধ অনুপ্রবেশ ও সীমান্তের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিশেষ নজরদারি চালাচ্ছে বিজিবি। এর অংশ হিসেবে সেখানে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। চর এলাকায় নিয়মিত টহলও বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন বিজিবি।
অন্যদিকে সীমান্তে অবৈধ ও সন্দেহজনক অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশও। বিলোনিয়া ইমিগ্রেশন চেকপোস্টে যাত্রীদের যাতায়াতের ক্ষেত্রে সন্দেহজনক কোনো তথ্য পাওয়া গেলে তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার নির্দেশনা রয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে বিলোনিয়া স্থলবন্দরের ইমিগ্রেশন কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আলমগীর খান বলেন, বৈধ পথে আসা-যাওয়ার ক্ষেত্রে কোনো ব্যক্তির বিষয়ে সন্দেহজনক তথ্য পাওয়া গেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করতে বলা হয়েছে। পাশাপাশি সন্দেহজনক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়েও নির্দেশনা রয়েছে।
এর আগে, রবিবার (২২ নভেম্বর) বিলোনিয়া ইমিগ্রেশন চেকপোস্ট (আইসিপি) ও সীমান্তের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। এ সময় তিনি সীমান্ত নিরাপত্তা জোরদার, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং ভারত থেকে কোনো বিতর্কিত বা সন্দেহভাজন ব্যক্তি যাতে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে বিজিবি সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। পরে তিনি বিলোনিয়ার মজুমদার হাট সীমান্ত ফাঁড়িও পরিদর্শন করেন। এ সময় বিজিবির অতিরিক্ত মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসিবুল ইসলাম বলেন, বাংলাদেশের সীমান্ত দিয়ে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে অবৈধভাবে প্রবেশ কিংবা দেশত্যাগ করতে না পারে, সেই বিষয়ে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। দেশের সার্বভৌমত্ব, সীমান্তের নিরাপত্তা এবং মানুষের জানমাল রক্ষায় বিজিবি পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছে। সীমান্তে যে-কোনো ধরনের অবৈধ তৎপরতা প্রতিরোধে নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।
প্রসঙ্গত, সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের আশঙ্কায় দেশের বিভিন্ন সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ পরিস্থিতিতে ফেনীর সীমান্ত এলাকাতেও বাড়তি সতর্কতা অবলম্বন করছে বিজিবি।