• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
Headline
গোপালগঞ্জে মুঠোফোনে টাকা লেনদেন করতে পারছেন না অনেক গ্রাহক আল্পস পর্বতের নীচে তৈরি হচ্ছে বিশাল রেল প্রকল্প, কমবে যাত্রার সময় অনেকটাই কমতে চলেছে দিল্লি থেকে হরিয়ানার পানিপথ ও কর্নাল যাওয়ার সময় দীর্ঘ আট বছরের পথ পাড়ি দিয়ে অবশেষে বুধ গ্রহে পৌঁছাল বেপিকলম্বো মালয়েশিয়াগামী ১২২ জন কর্মীকে বিদায় জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, লাগেনি পাসপোর্টের টাকাও পীরগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন ফটিকছড়িতে অস্ত্র তৈরির সরঞ্জাম, দুটি আগ্নেয়াস্ত্র ও ৩৪ রাউন্ড গুলি জব্দ,৬জন গ্রেপ্তার ১০ হাজার চিকিৎসক নিয়োগ ও সুরক্ষা আইন হচ্ছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীদের হাতে শতভাগ নতুন পাঠ্যবই তুলে দেয়ার পরিকল্পনা সরকারের শনিবার থেকে সব কলকারখানা চালুর প্রত্যাশা শ্রমমন্ত্রীর

আকাশ থেকে ঝাঁপ দেয়ার পর সমুদ্রের গভীরে, অ্যাডভেঞ্চারার মিমির গল্প

Reporter Name / ১২ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

প্রভাত বিনোদন : অভিনয়, রাজনীতি, ব্যক্তিগত জীবন—নানা কারণে আলোচনায় থাকেন কলকাতার অভিনেত্রী মিমি চক্রবর্তী। সম্প্রতি বিয়েকে কেন্দ্র করেও তাঁকে নিয়ে আলোচনা চলছে। তবে এসবের বাইরে মিমির জীবনে এমন একটি ভালোবাসার জায়গা আছে—ভ্রমণ। সুযোগ পেলেই ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়েন তিনি। কখনো একা, কখনো পরিবার–বন্ধুদের সঙ্গে। কখনো সমুদ্রের গভীরে, কখনো কয়েক হাজার ফুট ওপর থেকে আকাশে ঝাঁপ। আবার কখনো বরফে ঢাকা অচেনা কোনো দেশে হারিয়ে যাওয়া।
মিমির ভ্রমণপ্রীতির একটি বিশেষ দিক হলো, তিনি শুধু বেড়াতে যান না, প্রতিটি অভিজ্ঞতা ধরে রাখতেও ভালোবাসেন। কোথায় গেলেন, কী দেখলেন, কী খেলেন, নতুন জায়গার পরিবেশ কেমন—সবকিছুই তুলে ধরেন নিজের ইউটিউব চ্যানেলের ভ্লগে। ২০২১ সালে ‘দ্য টেলিগ্রাফ’–কে দেওয়া এক সাক্ষাৎকারে ভ্রমণ ও ভ্লগ তৈরির সম্পর্ক নিয়ে কথা বলেছিলেন অভিনেত্রী। মিমির ভাষায়, ‘আমি যখন ভ্রমণ করি, তখন ভ্লগ তৈরির চেষ্টা করি। এগুলো আসলে দৃশ্যের মাধ্যমে তৈরি একেকটি দিনলিপি। স্মৃতি তৈরি করতে, মুহূর্তগুলো ধরে রাখতে ভালো লাগে আমার। সেগুলো সবার সঙ্গে ভাগ করে নিতে চাই, যাতে চিরকাল থেকে যায়।’
ভ্রমণপিপাসু অনেকেই নতুন জায়গায় গিয়ে ছবি তোলেন, দর্শনীয় স্থান ঘুরে দেখেন, স্থানীয় খাবার চেখে দেখেন। মিমির আগ্রহ একটু অন্য রকম। নতুন জায়গার পাশাপাশি নতুন অভিজ্ঞতার খোঁজও করেন তিনি। সেই আগ্রহ থেকেই স্কাইডাইভিং, রিভার রাফটিং, জিপলাইনিং, প্যারাসেইলিংয়ের মতো রোমাঞ্চকর অভিজ্ঞতা নিয়েছেন।
২০২৩ সালের নভেম্বরে দুবাইয়ে গিয়ে প্রথমবার স্কাইডাইভিং করেন মিমি। দীর্ঘদিনের ইচ্ছা ছিল আকাশ থেকে ঝাঁপ দেওয়ার। এর আগে লস অ্যাঞ্জেলেসে গিয়ে চেষ্টা করেও সুযোগ পাননি। পরে দুবাইয়ে আগেভাগেই সময় ঠিক করে রাখেন। অবশেষে পূরণ হয় বহুদিনের স্বপ্ন।
২০২৩ সালের ১৪ নভেম্বর ‘টাইমস অব ইন্ডিয়া’কে দেওয়া সাক্ষাৎকারে স্কাইডাইভিংয়ের অভিজ্ঞতা জানাতে গিয়ে মিমি বলেছিলেন, এটি ছিল তাঁর কাছে মুক্তির অনুভূতি, জীবনের উদ্‌যাপন। অভিজ্ঞতাটি এতটাই ভালো লেগেছিল যে আবারও স্কাইডাইভিং করতে চেয়েছিলেন তিনি।
অভিনেত্রীর মা–বাবা অবশ্য মেয়ের এমন দুঃসাহসিক কাণ্ডে কিছুটা উদ্বিগ্ন ছিলেন। কিন্তু মিমি নিজে ভয়কে জয় করে উপভোগ করেছেন প্রতিটি মুহূর্ত। তাঁর কাছে এ ধরনের অভিজ্ঞতা জীবনের একঘেয়েমি ভাঙারও উপায়।
আকাশ থেকে ঝাঁপ দেওয়ার পর মিমির পরবর্তী লক্ষ্য ছিল সমুদ্রের গভীরে যাওয়া। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে স্কুবা ডাইভিংয়ের অভিজ্ঞতা অর্জন করেন তিনি। পানির নিচের জগৎ দেখার ইচ্ছা আগে থেকেই ছিল। অবশেষে সেই ইচ্ছাও পূরণ করেন।
স্কুবা ডাইভিংয়ের আগে অবশ্য কিছুটা দ্বিধায় ছিলেন মিমি। পানির গভীরে চারপাশ থেকে জল শরীরকে চেপে ধরবে—এমন ভাবনা তাঁকে খানিকটা অস্বস্তিতে ফেলেছিল। অক্সিজেন সিলিন্ডার ঠিকমতো কাজ করবে কি না, চশমার ভেতর পানি ঢুকে যাবে কি না—এমন নানা চিন্তাও এসেছিল মাথায়। তবে পানির নিচে যাওয়ার পর অভিজ্ঞতাটি মিমির ভাবনা বদলে দেয়। সামুদ্রিক প্রাণীদের কাছাকাছি যাওয়ার অনুভূতি তাঁকে মুগ্ধ করে। ২০২৪ সালের ৮ ফেব্রুয়ারি টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে মিমি বলেছিলেন, পানির নিচের পৃথিবী ঘুরে দেখার সময় তাঁর মনে হয়েছিল, তিনিও যেন সামুদ্রিক জীবনের অংশ হয়ে গেছেন। অভিজ্ঞতাটি ছিল দারুণ রোমাঞ্চকর। সেই সাক্ষাৎকারেই নিজের অ্যাডভেঞ্চারের তালিকা জানিয়ে মিমি বলেছিলেন, রিভার রাফটিং, স্কাইডাইভিং, জিপলাইনিং, প্যারাসেইলিং, গ্লাইডিংয়ের পর এবার স্কুবা ডাইভিংও হলো। পরবর্তী ইচ্ছা বাঞ্জি জাম্পিং। অর্থাৎ ভ্রমণের ক্ষেত্রে নিজের জন্য নতুন নতুন চ্যালেঞ্জ তৈরি করতেই ভালোবাসেন তিনি।
দুঃসাহসিক অভিজ্ঞতার পাশাপাশি নির্জন প্রকৃতির প্রতিও মিমির রয়েছে গভীর আকর্ষণ। এর বড় উদাহরণ তাঁর নরওয়ে ও ফিনল্যান্ডে ভ্রমণ। ২০২৫ সালের মার্চে একা ইউরোপের উত্তরাঞ্চলে ঘুরতে যাওয়ার খবর প্রকাশিত হয়। ফিনল্যান্ডের ল্যাপল্যান্ডে বরফে ঢাকা প্রকৃতি, জমে যাওয়া হ্রদ, তুষারাবৃত বন—সবকিছুই উপভোগ করেছেন নিজের মতো করে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভ্রমণের ছবি প্রকাশ করে মিমি লিখেছিলেন, নিজের ইচ্ছার তালিকার আরেকটি স্বপ্ন পূরণ করতে পেরে তিনি ভীষণ আনন্দিত।
ল্যাপল্যান্ডে মিমির ভ্রমণের ছবিতে দেখা যায় বরফে ঢাকা বিস্তীর্ণ প্রান্তর, বরফের ঘর বা ইগলু, রোপওয়ে ভ্রমণ, ক্যাফেতে অবসর কাটানো। কোথাও তুষারপাত উপভোগ করছেন, কোথাও আবার জানালা দিয়ে তাকিয়ে দেখছেন সাদা হয়ে থাকা প্রকৃতি। পরে নরওয়ে ভ্রমণের অভিজ্ঞতাও নিজের ইউটিউব চ্যানেলে তুলে ধরেন মিমি।
‘নরওয়ে–চ্যাপ্টার ১ | সোলো ট্রাভেল টু দ্য ফারদেস্ট কর্নার অব দ্য গ্লোব’ শিরোনামের ভিডিওতে দেখা যায় তাঁর একাকী ভ্রমণের নানা মুহূর্ত। ২০২৫ সালের অক্টোবরে প্রকাশিত ভিডিওটি তাঁর ভ্রমণপ্রীতির আরেকটি দিক সামনে নিয়ে আসে। একাকী ভ্রমণের মধ্যে যে একধরনের স্বাধীনতা আছে, মিমির এই সফরগুলো যেন সেটিই মনে করিয়ে দেয়। নিজের সময়, নিজের পরিকল্পনা, নিজের পছন্দের জায়গায় থেমে যাওয়ার সুযোগ—কোনো তাড়া নেই, কারও সঙ্গে তাল মেলানোর বাধ্যবাধকতাও নেই।
মিমির ভ্রমণের তালিকা শুধু ইউরোপের বরফে ঢাকা অঞ্চল কিংবা অ্যাডভেঞ্চারনির্ভর গন্তব্যে সীমাবদ্ধ নয়। ভারতের রাজস্থান, হিমাচল প্রদেশ, উত্তরাখন্ড থেকে শুরু করে ইংল্যান্ড, দুবাই, ইস্তাম্বুল, থাইল্যান্ড—বিভিন্ন জায়গায় ঘুরেছেন তিনি।
রাজস্থান ভ্রমণের ভিডিওতে যেমন দেখা যায় স্থানীয় খাবার, পোশাক ও সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়ার আগ্রহ। আবার হিমাচল কিংবা উত্তরাখন্ডের ভ্লগে রয়েছে পাহাড়ি প্রকৃতির সৌন্দর্য। ইংল্যান্ড ভ্রমণের ভিডিওতেও দর্শকদের সঙ্গে ভাগ করে নিয়েছেন নিজের ঘোরাঘুরির নানা মুহূর্ত।
বাংলাদেশ সফর নিয়েও ভ্লগ করেছেন মিমি। তাঁর ইউটিউব চ্যানেলে প্রকাশিত বাংলাদেশ ভ্রমণের ভিডিওটি দর্শকদের কাছেও বেশ জনপ্রিয় হয়েছিল। এ ছাড়া নিজের ছোটবেলার বাড়ি জলপাইগুড়িতে যাওয়ার স্মৃতিও ধারণ করেছেন ভিডিওতে। ফলে তাঁর ভ্রমণ শুধু বিদেশের ঝলমলে গন্তব্যে সীমাবদ্ধ নয়; শিকড়ের কাছেও ফিরে যেতে ভালোবাসেন তিনি।
২০২৪ সালের আগস্টে থাইল্যান্ডে ছুটি কাটানোর ছবি প্রকাশ করেছিলেন মিমি। সমুদ্রসৈকতে সময় কাটানো, রোদ পোহানো, স্থানীয় খাবার উপভোগ করা—সব মিলিয়ে ছিল নির্ভার অবসর। ‘দ্য টেলিগ্রাফ’–এর এক প্রতিবেদনে তাঁর থাইল্যান্ড সফরের ছবি নিয়ে ভ্রমণপিপাসুদের আগ্রহের কথাও উঠে আসে।
মিমির ভ্রমণের ছবিগুলোয় প্রায়ই দেখা যায়, প্রকৃতির সঙ্গে সময় কাটানোর মুহূর্তগুলোই তাঁর কাছে বেশি গুরুত্বপূর্ণ। কখনো সৈকতে বসে সূর্যাস্ত দেখছেন, কখনো পাহাড়ের সামনে দাঁড়িয়ে ছবি তুলছেন, কখনো আবার অচেনা শহরের রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন। ভ্রমণের আনন্দ যে শুধু বিলাসবহুল হোটেল কিংবা দামি রিসোর্টে থাকার মধ্যে নেই, তাঁর ভ্রমণের দিনলিপি থেকে সেটিও বোঝা যায়।
মিমির আরেকটি ভালোবাসার জায়গা তাঁর পোষ্য প্রাণীরা। সুযোগ পেলে তাদেরও নিয়ে যান ছুটি কাটাতে। আন্দামান সফরের ছবিতে যেমন পোষ্যদের সঙ্গে সময় কাটানোর মুহূর্ত দেখা গেছে। তাঁর কাছে ভ্রমণ মানে শুধু নতুন জায়গায় যাওয়া নয়, প্রিয় সঙ্গীদের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়াও।
মিমির ভ্রমণপ্রীতি নিয়ে কথা বলতে গেলে তাঁর ইউটিউব চ্যানেলের প্রসঙ্গ আসবেই। অভিনয়ের ব্যস্ততার মধ্যেও নিয়মিত ভ্রমণভিত্তিক ভিডিও তৈরি করেন তিনি। ২০২১ সালের সাক্ষাৎকারে বলেছিলেন, কাজের চাপের কারণে সব সময় ইউটিউবের জন্য সময় বের করতে পারেন না। তবে ভ্রমণে গেলে ভ্লগ তৈরির চেষ্টা করেন। কারণ, সেই মুহূর্তগুলো ভবিষ্যতের জন্য স্মৃতি হয়ে থাকে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category