প্রভাত ডেস্ক: বিভিন্ন ধরনের সামরিক মিশনের জন্য ‘বহুমুখী ক্ষেত্রে’ কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েনের ওপর জোর দিতে দেশের প্রতি আহ্বান জানিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ জানিয়েছে, উত্তর কোরিয়ার পারমাণবিক উপাদান উৎপাদন সক্ষমতা পরিকল্পিতভাবে বাড়ানো হচ্ছে বলেও উল্লেখ করেছেন তিনি। পারমাণবিক উপাদান উৎপাদন কেন্দ্র এবং অস্ত্র গবেষণাগার পরিদর্শনকালে কিম বলেন, পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র হিসেবে উত্তর কোরিয়ার অবস্থান সম্পূর্ণ অলঙ্ঘনীয়। তবে কেসিএনএ ওই স্থাপনাগুলোর নাম বা অবস্থান প্রকাশ করেনি।
কিম স্পষ্ট জানিয়ে দেন, যারা বাস্তবতাকে উপেক্ষা করে এবং পরিবর্তিত পরিস্থিতি বুঝতে ব্যর্থ হয়, সেইসব শক্তির পারমাণবিক নিরস্ত্রীকরণের বুলির কারণে উত্তর কোরিয়ার অবস্থানের কোনও পরিবর্তন হবে না। পারমাণবিক অস্ত্র উৎপাদনে সাম্প্রতিক অর্জনগুলোকে দেশের পারমাণবিক নীতি বাস্তবায়নের বড় সাফল্য হিসেবে অভিহিত করে তিনি বলেন, আমাদের পারমাণবিক সক্ষমতা এখন একটি বাস্তবতা। ২০২৩ সালে সংবিধানে অন্তর্ভুক্ত করা উত্তর কোরিয়ার পারমাণবিক রাষ্ট্রের মর্যাদা অস্বীকার করার যেকোনও চেষ্টাকে সরাসরি যুদ্ধের ঘোষণা হিসেবে বিবেচনা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
কিম আরও বলেন, আধুনিক যুদ্ধে কৌশলগত পারমাণবিক অস্ত্রের সামরিক গুরুত্ব এবং সবচেয়ে বিপজ্জনক শত্রু রাষ্ট্রের সঙ্গে সীমান্তে সৃষ্ট অনিবার্য বাস্তবতার কারণেই এই অস্ত্রের বহুমুখী ব্যবহার একটি গুরুত্বপূর্ণ ও জরুরি কাজ হয়ে দাঁড়িয়েছে। গত ২১ সেপ্টেম্বর দুই কোরিয়ার মধ্যবর্তী অত্যন্ত সুরক্ষিত অসামরিক অঞ্চলে (ডিএমজেড) স্থলমাইন বিস্ফোরণে দক্ষিণ কোরিয়ার তিন সেনা আহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে চলমান সীমান্ত বিরোধের মধ্যেই কিমের এই বক্তব্য সামনে এলো।
অক্টোবরে দক্ষিণ কোরিয়া ও জাতিসংঘের একটি যৌথ তদন্তে উঠে আসে যে, এক বছরেরও বেশি সময় আগে উত্তর কোরিয়া ওই স্থলমাইনগুলো পুঁতে রেখেছিল। এরপর সিউল এর জন্য পিয়ংইয়ংয়ের কাছে ক্ষমা প্রার্থনার দাবি জানায়। জবাবে পিয়ংইয়ং জাতিসংঘ নিরাপত্তা পরিষদে চিঠি দিয়ে বিস্ফোরণের ঘটনাটি সিউলের সাজানো বলে পাল্টা অভিযোগ তোলে এবং এর এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে পূর্ব উপকূল থেকে জাপান সাগরে প্রায় ১০টি স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। দক্ষিণ কোরিয়ার হিসাব অনুযায়ী, উত্তর কোরিয়ার কাছে বর্তমানে ৮০ থেকে ১২০টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে।