মো. রেজাউল করিম, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ বিভাগের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম রব্বানী সরদার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য মো. জাহিদুর রহমান জাহিদের। তবে তিনি উপস্থিত না থাকায় তাঁর প্রতিনিধি হিসেবে বক্তব্য দেন পীরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জিয়াউল ইসলাম জিয়া।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. জাহাঙ্গীর আলম। তিনি প্রাণিসম্পদ খাতের উন্নয়নে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উৎপাদন বৃদ্ধি এবং খামারিদের উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের মাংস, ডিম ও দুধের চাহিদা পূরণে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ খাতের সঙ্গে দেশের বিপুলসংখ্যক প্রান্তিক কৃষক, খামারি ও নারী উদ্যোক্তা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। বিশেষ করে গ্রামীণ নারীদের স্বাবলম্বী করে তুলতে গবাদিপশু ও হাঁস-মুরগি পালন গুরুত্বপূর্ণ অবদান রাখছে। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জুয়েল, সাংগঠনিক সম্পাদক মো. জিল্লুর রহমান চৌধুরী, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. মোকাদ্দেস হায়াত মিলন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম রাজা, পৌর বিএনপির সভাপতি মো. রুহুল আমিন, উপজেলা যুবদলের সভাপতি মো. নজমুল হুদা মিঠু, পীরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মো. জয়নাল আবেদীন বাবুল, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা. আয়েশা আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. নজরুল হাসান এবং পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইকবাল হোসেন প্রামাণিক প্রমুখ।
বক্তারা প্রাণিসম্পদ খাতকে আরও আধুনিক, গতিশীল ও জনবান্ধব করতে সরকার, খামারি, গবেষক ও বেসরকারি উদ্যোক্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, স্থানীয় খামারি, উদ্যোক্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।