• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
Headline
গোপালগঞ্জে মুঠোফোনে টাকা লেনদেন করতে পারছেন না অনেক গ্রাহক আল্পস পর্বতের নীচে তৈরি হচ্ছে বিশাল রেল প্রকল্প, কমবে যাত্রার সময় অনেকটাই কমতে চলেছে দিল্লি থেকে হরিয়ানার পানিপথ ও কর্নাল যাওয়ার সময় দীর্ঘ আট বছরের পথ পাড়ি দিয়ে অবশেষে বুধ গ্রহে পৌঁছাল বেপিকলম্বো মালয়েশিয়াগামী ১২২ জন কর্মীকে বিদায় জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, লাগেনি পাসপোর্টের টাকাও পীরগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন ফটিকছড়িতে অস্ত্র তৈরির সরঞ্জাম, দুটি আগ্নেয়াস্ত্র ও ৩৪ রাউন্ড গুলি জব্দ,৬জন গ্রেপ্তার ১০ হাজার চিকিৎসক নিয়োগ ও সুরক্ষা আইন হচ্ছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীদের হাতে শতভাগ নতুন পাঠ্যবই তুলে দেয়ার পরিকল্পনা সরকারের শনিবার থেকে সব কলকারখানা চালুর প্রত্যাশা শ্রমমন্ত্রীর

আল্পস পর্বতের নীচে তৈরি হচ্ছে বিশাল রেল প্রকল্প, কমবে যাত্রার সময়

Reporter Name / ৩ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

রকমারি ডেস্ক: আল্পস পর্বতের নীচে তৈরি হচ্ছে বিশাল রেল প্রকল্প। ফ্রান্স ও ইতালির যৌথ উদ্যোগে নির্মিত হচ্ছে ৫৭ দশমিক ৫ কিলোমিটার দীর্ঘ মন্ট সেনিস বেস টানেল। এই সুড়ঙ্গ চালু হলে পাহাড়ের ভেতর দিয়ে দ্রুতগতির যাত্রীবাহী ট্রেনের পাশাপাশি পণ্যবাহী ট্রেনও চলাচল করতে পারবে। প্রকল্পটি সম্পূর্ণ হলে এটিই হতে চলেছে বিশ্বের দীর্ঘতম রেল সুড়ঙ্গ।
বর্তমানে বিশ্বের দীর্ঘতম রেল সুড়ঙ্গের রেকর্ড রয়েছে সুইৎজারল্যান্ডের গথার্ড বেস টানেলের দখলে। ৫৭ কিলোমিটার দীর্ঘ এই সুড়ঙ্গের রেকর্ড ভাঙতে চলেছে নতুন মন্ট সেনিস টানেল। এর দৈর্ঘ্য হবে ৫৭ দশমিক ৫ কিলোমিটার। প্রকল্পে পাশাপাশি দুটি সুড়ঙ্গ তৈরি করা হচ্ছে। প্রতিটিতে থাকবে একটি করে রেললাইন। ফলে দুই দিকেই ট্রেন চলাচল করতে পারবে।
মন্ট সেনিস বেস টানেল বৃহত্তর লিয়ঁ-তুরিন রেল প্রকল্পের গুরুত্বপূর্ণ অংশ। প্রস্তাবিত এই রেল করিডরের দৈর্ঘ্য প্রায় ২৭০ কিলোমিটার। এর ৭০ শতাংশ অংশ পড়ছে ফ্রান্সে এবং বাকি ৩০ শতাংশ ইতালিতে। একই সঙ্গে এটি ইউরোপের মেডিটেরেনিয়ান করিডরেরও গুরুত্বপূর্ণ সংযোগস্থল। প্রায় ৩ হাজার কিলোমিটার দীর্ঘ এই করিডর ইউরোপের পূর্ব ও পশ্চিম প্রান্তের একাধিক গুরুত্বপূর্ণ পরিবহণ পথকে যুক্ত করবে।
এই আন্তর্দেশীয় প্রকল্পে সব মিলিয়ে প্রায় ১৬৪ কিলোমিটার ভূগর্ভস্থ সুড়ঙ্গ তৈরি করা হচ্ছে। এর মধ্যে রয়েছে দুটি প্রধান রেল সুড়ঙ্গ, চারটি প্রবেশপথের সুড়ঙ্গ এবং ২০৪টি জরুরি সংযোগপথ। নিরাপত্তার কথা মাথায় রেখে দুটি মূল সুড়ঙ্গের মধ্যে প্রতি ৩৩৩ মিটার অন্তর এই সংযোগপথ তৈরি করা হচ্ছে। কোনও দুর্ঘটনা বা জরুরি পরিস্থিতিতে যাত্রীরা যাতে এক সুড়ঙ্গ থেকে অন্য সুড়ঙ্গে নিরাপদে যেতে পারেন, সেই ব্যবস্থাই রাখা হয়েছে।
মন্ট সেনিস বেস টানেলের নির্মাণকাজ একাধিক অংশে এগিয়ে চলেছে। মোট ১৪টি জায়গায় চলছে সুড়ঙ্গ খননের কাজ। ২০২৬ সালের অক্টোবরের মাঝামাঝি সময় পর্যন্ত প্রকল্পের মোট ১৬৪ কিলোমিটার ভূগর্ভস্থ সুড়ঙ্গের মধ্যে ৫০ কিলোমিটারেরও বেশি অংশ খনন করা হয়ে গিয়েছে।
নতুন এই রেল করিডর চালু হলে যাত্রী ও পণ্য পরিবহণ- দুই ক্ষেত্রেই সময় অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে। একটি পণ্যবাহী ট্রেনে প্রায় ৬০টি ভারী ট্রাকের সমপরিমাণ পণ্য পরিবহণ করা সম্ভব হবে।
যাত্রীদের ক্ষেত্রেও যাত্রার সময় উল্লেখযোগ্য ভাবে কমবে। টুরিন থেকে লিয়ঁ পর্যন্ত নন-স্টপ ট্রেনে যেতে বর্তমানে যেখানে প্রায় ৩ ঘণ্টা ৪৭ মিনিট সময় লাগে, নতুন রেলপথ চালু হলে তা কমে দাঁড়াবে মাত্র ১ ঘণ্টা ৪৭ মিনিটে।
একই ভাবে, মিলান থেকে প্যারিসের যাত্রাপথেও সময় কমবে। বর্তমানে এই পথ পাড়ি দিতে প্রায় ৭ ঘণ্টা লাগে। নতুন সুড়ঙ্গ চালু হলে সময় কমে হবে প্রায় ৪ ঘণ্টা ৩০ মিনিট। অন্য দিকে, টুরিন থেকে প্যারিস যেতে সময় লাগবে আনুমানিক ৪ ঘণ্টা। ফলে এই পথে প্রায় দেড় ঘণ্টা সময় বাঁচবে যাত্রীদের।
২০১৫ সালে এই প্রকল্পের নকশা তৈরি করা হয়েছিল। ২০১৮ সালে নির্মাণের অনুমতিও মেলে। ২০৩৩ সালের মধ্যে সুড়ঙ্গ নির্মাণ ও রেল সংযোগের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। তার পরই এই পথে ট্রেন চলাচল শুরু হওয়ার কথা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category