মো. বাবুল শেখ, পিরোজপুর : পিরোজপুরের নাজিরপুর উপজেলায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে খালে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার (১৩ মে) দুপুর ১ টার দিকে উপজেলার ৬ নং নাজিরপুর ইউনিয়নের ছোট আমতলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম আব্দুর রহমান (৬) ও আবু বক্কর (৪)। তারা পার্শ্ববর্তী নেছারাবাদ উপজেলার দৈহারি ইউনিয়নের ভরতকাঠী গ্রামের মোঃ মিরাজ শেখের দুই ছেলে।
পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, নিহত দুই ভাই মায়ের সঙ্গে দুই দিন আগে নেছারাবাদ উপজেলার দৈহারী ইউনিয়নের ভরতকাঠী গ্রাম থেকে নাজিরপুর উপজেলার নাজিরপুর সদর ইউনিয়নের আমতলা গ্রামে নানার বাড়িতে বেড়াতে আসে। আজ সকাল থেকেই তারা তার মায়ের সাথেই খেলা করছিল। তার নানার বাড়িতে বড় ভাই আব্দুর রহমান ( ৬) টিউবলের পানি চেপে তার মাকে সাহায্য ও করেছিল।
জানা যায় পাশেই পুরাতন খাল ছিল কয়েকদিন আগে সেটি সরকারিভাবে খনন হয়েছিল। খালটি অনেক গভীর ছিল। সেইখানেই নাকি গতকালকে তার মায়ের সাথে গোসল করতে গিয়ে তারা শরাৎ খেয়েছিল। সেই লোভে তার মাকে ফাঁকি দিয়ে তারা দুই ভাই পাশেই থাকা সেই খালে দুপুর ১টার দিকে গিয়ে নিখোঁজ ছিল। বাড়ির লোকজন তাদের খোঁজাখুঁজি করেও পাননি। একপর্যায়ে বাড়ির সামনের সরকারি ভাবে কাটা খালেই তাঁদের লাশ ভেসে ওঠে।
নাজিরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোঃ রাসেল সিকদার বলেন, ধারণা করা হচ্ছে, একজন অসাবধানতা বশত নতুন কাটা খালের পানিতে পড়ে গেলে আরেকজন তাকে উদ্ধার করতে গিয়ে পানিতে ডুবে যায়।
নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডাক্তার স্নিগ্ধা মিত্র জানান, আমাদের হাসপাতালে পানিতে পড়া দুইজন শিশুকে যখন নিয়ে আসে তখন তারা মৃত অবস্থায় ছিল।
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মোঃ তরিকুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়া দাফনের অনুমতি দেওয়া হয়েছে।