প্রভাত ডেস্ক: ইয়েমেনের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের জ্যেষ্ঠ সদস্য মোহাম্মদ আলী আল-হুতি মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের সদস্যদের সেখান থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন। একইসাথে মিসরীয় বাহিনীকে একটি নতুন যুদ্ধে প্রলুব্ধ করার বিরুদ্ধে সতর্ক করে দিয়ে তাদের সামর্থ্য ক্ষয় না করার পরামর্শ দিয়েছেন। তিনি সৌদি আরবকে তাদের আগ্রাসন বন্ধ, অবরোধ প্রত্যাহার এবং ইয়েমেনের ওপর দখলদারিত্ব অবসানের দাবি জানান।
আল-হুতি বলেন, সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় উত্তেজনা হ্রাস করতে এবং সংকট কাটিয়ে অঞ্চলে ও বিশ্বে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে তাদের প্রতিরক্ষামন্ত্রীর তেহরান সফর এবং মধ্যস্থতার উদ্যোগ নিয়ে যে বক্তব্য দিয়েছে, তা ২০১৫ সাল থেকে ইয়েমেনের বিরুদ্ধে তাদের ক্রমাগত হামলা ও অবরোধের সাথে সাংঘর্ষিক। তিনি আরও বলেন, আঞ্চলিক নিরাপত্তা বজায় রাখতে নিজেদের গুরুত্বপূর্ণ ভূমিকার বিষয়ে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি ইয়েমেনে তাদের হত্যা, অবরোধ, টার্গেটিং এবং দখলের সাথে মিলে না। তিনি আরও বলেন, রিয়াদের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ হলো আগ্রাসন বন্ধ করা, অবরোধ তুলে নেওয়া, দেশ ত্যাগ করা এবং বছরের পর বছর ধরে চলা আগ্রাসনে যা ধ্বংস হয়েছে তার জন্য ইয়েমেন প্রজাতন্ত্রকে ক্ষতিপূরণ দেয়া। তিনি উল্লেখ করেন, সৌদি আরব এর আগেও সফল না হয়ে বিভিন্ন জোট গঠনের চেষ্টা করেছিল এবং যারা তাদের সাথে জোট বেঁধেছিল তাদের বিরুদ্ধেই পরবর্তীতে অবস্থান নিয়েছিল।
সূত্র: আল মায়াদিন