• বুধবার, ২০ মে ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন

হাসপাতালে ভর্তি অমিতাভ খবরটি ছিল গুজব

Reporter Name / ৩ Time View
Update : বুধবার, ২০ মে, ২০২৬

প্রভাত বিনোদন: বলিউডের ‘শাহেনশাহ’ অমিতাভ বচ্চনকে নিয়ে ভক্তদের কৌতূহল যেন কখনো কমে না । বয়স ৮৩ পেরোলেও তাঁর প্রতিটি উপস্থিতি, প্রতিটি পোস্ট কিংবা স্বাস্থ্যসংক্রান্ত ছোট খবরও মুহূর্তে আলোচনার জন্ম দেয়। মঙ্গলবার রাতেও তেমনটাই ঘটল। সামাজিক যোগাযোগমাধ্যমে হঠাৎ ছড়িয়ে পড়ে, অমিতাভ বচ্চন নাকি হাসপাতালে ভর্তি। খবরটি ছড়িয়ে পড়তেই উদ্বেগে পড়েন তাঁর কোটি ভক্ত। অনেকের প্রশ্ন, খবরটা কি আসলেই সত্যি! কতটা অসুস্থ অমিতাভ? কী হয়েছে তাঁর? তবে গতকাল সকাল গড়াতেই সামনে আসে আসল তথ্য—অভিনেতা হাসপাতালে ভর্তি হননি, বরং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করিয়ে বাড়ি ফিরে গেছেন। ভারতের একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, গত শনিবার মুম্বাইয়ের নানাবতি হাসপাতালে গিয়েছিলেন অমিতাভ। এটি ছিল তাঁর নিয়মিত মাসিক স্বাস্থ্য পরীক্ষা। প্রয়োজনীয় কিছু পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা তাঁকে বাড়ি ফিরে যাওয়ার অনুমতি দেন। তাঁকে হাসপাতালে ভর্তি রাখা হয়নি।
একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বচ্চন পরিবারের ঘনিষ্ঠ সূত্রের বরাতে বলা হয়েছে, ‘অমিতাভ বচ্চন হাসপাতালে ভর্তি হননি । তিনি শুধু রুটিন চেকআপ করাতে গিয়েছিলেন। সব পরীক্ষা শেষে তিনি বাড়ি ফিরে আসেন।’
গুজবটা প্রথমে ছড়ায় বলিউডের আলোচিত বিনোদন সাংবাদিক ভিকি লালওয়ানি। শুরুতে সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেছিলেন তিনি, ১৬ মে থেকে অমিতাভ হাসপাতালে ভর্তি আছেন। এমনকি নানাবতি হাসপাতালের ভিআইপি উইংয়ে তাঁকে রাখা হয়েছে বলেও দাবি করা হয়। প্রতিবেদনে আরও বলা হয়েছিল, অভিনেতার পেটে সমস্যা দেখা দিয়েছে এবং ছেলে অভিষেক বচ্চন তাঁকে দেখতে হাসপাতালে গেছেন। এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্বেগ ছড়িয়ে পড়ে।
কিন্তু খুব দ্রুতই সেই দাবির সত্যতা নিয়ে প্রশ্ন ওঠে। কেননা সর্বশেষ, রোববারও অমিতাভকে তাঁর মুম্বাইয়ের বাসভবন ‘জলসা’র বাইরে ভক্তদের শুভেচ্ছা জানাতে দেখা যায়। পরে তাঁকে নিজেই গাড়ি চালিয়ে এক স্থান থেকে অন্য স্থানে যেতে দেখেছেন অনেকে। ফলে হাসপাতালে ভর্তি থাকার খবরটি যে ভিত্তিহীন, সেটি স্পষ্ট হয়ে যায়। বুধবার ভোরে নিজের ব্লগ পোস্টেও ভক্তদের আশ্বস্ত করেন অমিতাভ। বরাবরের মতো রসিক ভঙ্গিতেই তিনি লেখেন, ‘যখন ঈগল চুপ থাকে, তখন টিয়াপাখিরা বেশি কথা বলতে শুরু করে। আমি তো শান্তিতে বাজরার রুটি আর ভাজা সবজি খেয়ে নিলাম, আর এদিকে কাকের দল নানা কথা বলেই যাচ্ছে।’ অনেকে অমিতাভের মন্তব্যটিকে এভাবে বর্ণনা করেছেন, ‘যখন আসল শক্তিমান মানুষ চুপ থাকে, তখন নানা মানুষ নানা কথা বলতে শুরু করে…আমি তো স্বাভাবিকভাবেই খাওয়াদাওয়া করে আছি, অথচ গুজব ছড়ানো মানুষজন কথা বলেই যাচ্ছে!’ তাঁর এই পোস্ট দেখেই অনেক ভক্ত স্বস্তি প্রকাশ করেন। অনেকেই মন্তব্য করেন, ‘অমিতাভ আগের মতোই প্রাণবন্ত আছেন।’ সম্প্রতি নিজের স্বাস্থ্য নিয়েও খোলামেলা কথা বলেছেন অভিনেতা। ব্যক্তিগত ব্লগে তিনি জানান, দীর্ঘদিন ধরেই অনিদ্রাজনিত সমস্যায় ভুগছেন। গভীর রাত পর্যন্ত কাজ করলেও অনেক সময় তাঁর ঘুম আসে না।
অমিতাভ লিখেছেন, ‘রাত শেষ হয়ে যায়, কিন্তু ঘুম আসে না। চিকিৎসাবিজ্ঞান বলে একজন মানুষের অন্তত সাত ঘণ্টা ঘুমানো উচিত। কিন্তু কাজের ব্যস্ততায় সেটি সব সময় সম্ভব হয় না।’ ঘুম না এলে কী করেন, সেটিও জানিয়েছেন এই অভিনেতা। তাঁর ভাষ্যে, গভীর রাতে সেতার ও স্লাইড গিটারের ধীরলয়ের সংগীত তাঁকে শান্তি দেয়। সংগীত শুনেই অনেকটা সময় কাটান তিনি।
কাজের দিক থেকেও ব্যস্ত সময় পার করছেন অমিতাভ বচ্চন। সর্বশেষ তাঁকে দেখা গেছে ‘ভেত্তাইয়া’এবং ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমায়। বিশেষ করে ‘কল্কি ২৮৯৮ এডি’-তে তাঁর অশ্বত্থামা চরিত্রটি দর্শকদের মধ্যে ব্যাপক আলোচনায় আসে। বর্তমানে তিনি ছবিটির সিক্যুয়েলের কাজ নিয়ে ব্যস্ত। এতে তাঁর সঙ্গে রয়েছেন কমল হাসান ও প্রভাস। শোনা যাচ্ছে, ছবিটি ২০২৭ সালের ডিসেম্বরে মুক্তি পেতে পারে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category