• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন

আপত্তিকর ভিডিও প্রকাশ: শিবচরে সেই জামায়াত নেতার বাড়ি ভাঙচুর

Reporter Name / ১৬ Time View
Update : রবিবার, ১ নভেম্বর, ২০২৬

প্রভাত সংবাদদাতা, মাদারীপুর: মাদারীপুরের শিবচরে তাইজুল ইসলাম নামে জামায়াতে ইসলামীর এক নেতার বসতঘর ভাঙচুর করে গুঁড়িয়ে দিয়েছেন বিক্ষুব্ধ স্থানীয় লোকজন। রবিবার (১ নভেম্বর) সকালে উপজেলার নিলখী ইউনিয়নের পশ্চিম চরকামারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় কয়েক শ নারী-পুরুষ একত্র হয়ে তার বসতঘরটি ভেঙে ফেলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, তাইজুল ইসলাম জামায়াতে ইসলামীর নিলখী ইউনিয়ন শাখার নেতা ছিলেন। সম্প্রতি তাকে ঘিরে একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় আলোচনা-সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে অসন্তোষ দেখা দেয়। তাদের অভিযোগ, এ ধরনের ঘটনায় গ্রামের সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয় সূত্র জানায়, রবিবার সকাল ১০টার দিকে কয়েকশ’ নারী-পুরুষ একত্র হয়ে তাইজুল ইসলামের বসতঘরে হামলা চালান। তারা ঘরটি ভাঙচুর করেন এবং একপর্যায়ে গুঁড়িয়ে দেন। তবে এ ঘটনায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এর আগে গত ২৭ অক্টোবর বাংলাদেশ জামায়াতে ইসলামী শিবচর উপজেলা শাখার এক প্রেস বিজ্ঞপ্তিতে তাইজুল ইসলামকে নিলখী ইউনিয়ন শাখার সব ধরনের সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেয়ার কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, তার বিরুদ্ধে নৈতিকতাবিরোধী কর্মকাণ্ড সংক্রান্ত অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে সাংগঠনিক নিয়ম অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলেও জানানো হয়।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে থাকা নারী তার স্ত্রী বলে দাবি করেছিলেন তাইজুল ইসলাম। নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন।
এ বিষয়ে শিবচর থানার ওসি কামাল হোসেনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, বসতঘর ভাঙচুরের বিষয়ে তিনি এখনও অবগত নন। বিষয়টি জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category