প্রভাত রিপোর্ট: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে দক্ষতা অর্জনের সুযোগ পেতে তরুণদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। সরকারের এআই প্রশিক্ষণ কর্মসূচির তৃতীয় ব্যাচে মাত্র ১ হাজার ৬০০ আসনের বিপরীতে আবেদন করেছেন প্রায় ৫৭ হাজার তরুণ-তরুণী। শনিবার (২৮ নভেম্বর) দেশের ৬৪ জেলায় একযোগে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে, সারা দেশে প্রতি আসনের বিপরীতে গড়ে প্রায় ৩৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে ঢাকায় প্রতিযোগিতা আরও বেশি। রাজধানীতে ২৫টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে প্রায় ৮ হাজার ৫০০টি।
অর্থাৎ ঢাকায় প্রতি আসনের জন্য লড়ছেন প্রায় ৩৪০ জন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তর ‘তথ্যপ্রযুক্তি জ্ঞানসম্পন্ন যুবদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে দক্ষতা উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করছে। প্রশিক্ষণ কার্যক্রমের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে রয়েছে ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড।
প্রকল্পের তৃতীয় ব্যাচে দেশের ৬৪ জেলা থেকে ২৫ জন করে মোট ১ হাজার ৬০০ প্রশিক্ষণার্থী নির্বাচন করা হবে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, আধুনিক প্রযুক্তিতে দক্ষতা অর্জন, প্রযুক্তিনির্ভর কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে আয় করার আগ্রহ থেকেই তরুণদের মধ্যে এ প্রশিক্ষণ নিয়ে এতে সাড়া পড়েছে।
পরীক্ষা চলাকালে রাজধানীর কল্যাণপুরে ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. মাহফুজুল আলম খান। এ সময় যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালকসহ প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা পরীক্ষার পরিবেশ, আসনবিন্যাস ও পরীক্ষা পরিচালনার সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
প্রকাশিত সময়সূচি অনুযায়ী, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে রোববার। একই দিন চূড়ান্ত ফলাফল ও নির্বাচিত প্রশিক্ষণার্থীদের তালিকা প্রকাশের কথা রয়েছে। পরীক্ষার স্থান ও সময় প্রার্থীদের মোবাইলফোনে খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে জানানো হবে। চূড়ান্তভাবে নির্বাচিত ১ হাজার ৬০০ প্রশিক্ষণার্থীকে নিয়ে আগামী ১ ডিসেম্বর থেকে তৃতীয় ব্যাচের প্রশিক্ষণ শুরু হওয়ার কথা রয়েছে।
প্রশিক্ষণ পাবেন ১১ হাজার ২০০ তরুণ
দুই বছর মেয়াদি এ প্রকল্পের আওতায় পর্যায়ক্রমে দেশের মোট ১১ হাজার ২০০ তরুণ-তরুণীকে এআই প্রযুক্তিতে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ৯ হাজার ৬০০ জনকে বেসিক এবং ১ হাজার ৬০০ জনকে অ্যাডভান্সড পর্যায়ের প্রশিক্ষণ দেওয়া হবে।
প্রতিটি প্রশিক্ষণ কোর্সের মেয়াদ দুই মাস। এ সময়ে ৫০টি ক্লাসে মোট ৩০০ ঘণ্টার তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হবে।
প্রশিক্ষণ কর্মসূচির পাঠ্যক্রমে চ্যাটজিপিটি, মাইক্রোসফট কোপাইলট, ডিপসিক, জেমিনি, মিডজার্নি, রানওয়ে, সিন্থেশিয়া, ট্যাবলো, ক্লিকআপ ও অ্যাডোবি সেনসেইয়ের মতো আধুনিক এআই টুল ও প্ল্যাটফর্ম ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হবে। এর মাধ্যমে প্রশিক্ষণার্থীরা এআই ব্যবহার করে কনটেন্ট তৈরি, তথ্য বিশ্লেষণ, ডিজিটাল উৎপাদনশীলতা বৃদ্ধি ও বিভিন্ন কাজ স্বয়ংক্রিয় করার ব্যবহারিক দক্ষতা অর্জন করবেন। পাশাপাশি প্রযুক্তিনির্ভর পেশা ও কর্মসংস্থানের সুযোগ কাজে লাগানোর সক্ষমতা তৈরির লক্ষ্য রয়েছে এ কর্মসূচির।