রকমারি ডেস্ক: সুইজারল্যান্ডের আল্পস পর্বতমালার দুর্গম এক উপত্যকা বাভোনা ভ্যালি। চারদিকে খাড়া পাহাড়, বিশাল বিশাল পাথর আর ঘন সবুজ প্রকৃতি। উপত্যকাটির বুকজুড়ে ছড়িয়ে রয়েছে শত শত প্রাচীন পাথরের আশ্রয়স্থল। স্থানীয় ভাষায় এগুলোর নাম ‘স্প্লুই’। বিশাল প্রাকৃতিক পাথরের নিচে তৈরি এসব আশ্রয়স্থল একসময় মানুষ ও পশুপাখিকে ঝড়বৃষ্টি থেকে রক্ষা করত। সুইজারল্যান্ডের অন্য কোথাও এ ধরনের স্থাপনা দেখা যায় না।
তিচিনো ক্যান্টনের প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত বাভোনা উপত্যকাটি দৈর্ঘ্যে মাত্র ১২.১ কিলোমিটার। সবচেয়ে সরু অংশে এর প্রস্থ কয়েকশ’ মিটারেরও কম। এখানে রয়েছে পাথরের তৈরি ১২টি ছোট বসতি, স্থানীয়ভাবে যেগুলো ‘তেরে’ নামে পরিচিত। এর মধ্যে ১১টি বসতি এখনো জাতীয় বিদ্যুৎ গ্রিডের সঙ্গে যুক্ত নয়। সারা বছর উপত্যকাটিতে বসবাস করেন মাত্র ১১ জন মানুষ।
বাভোনা উপত্যকায় মানুষের বসবাসের প্রাচীনতম চিহ্ন পাওয়া যায় নব্যপ্রস্তর যুগের। ধারণা করা হয়, সে সময় শিকারিরা ঝড়বৃষ্টি থেকে বাঁচতে প্রাকৃতিকভাবে তৈরি বিশাল পাথরের ফাঁকা অংশগুলো ব্যবহার করতেন। পরে স্থানীয় বাসিন্দারা এসব পাথরের সঙ্গে দেয়াল, দরজা ও অন্যান্য কাঠামো যুক্ত করে তৈরি করেন নিরাপদ আশ্রয়স্থল।
উপত্যকাজুড়ে ছড়িয়ে থাকা বিশাল পাথরের কারণে এখানে চাষাবাদের উপযোগী জমি মাত্র ১ দশমিক ৫ শতাংশ। এমন প্রতিকূল পরিবেশে টিকে থাকার জন্য মানুষ পাথরের নিচের ফাঁকা জায়গাগুলোকে কাজে লাগায়। কোনোটি হয়ে ওঠে মানুষের আশ্রয়, কোনোটি পশুর আস্তাবল, আবার কোনোটি ব্যবহৃত হতো খাবার ও প্রয়োজনীয় জিনিসপত্র রাখার জায়গা হিসেবে।
মাগিয়া উপত্যকার বিস্তৃত অঞ্চলজুড়ে এ ধরনের প্রায় ৪০৫টি পাথরের স্থাপনার সন্ধান পাওয়া গেছে। সবচেয়ে পুরোনো টিকে থাকা নিদর্শনগুলোর বয়স মধ্যযুগের। প্রকৃতির সঙ্গে মানুষের মানিয়ে নেওয়ার অসাধারণ কৌশল ও জীবনসংগ্রামের সাক্ষী হয়ে রয়েছে এসব স্থাপনা।
জুরিখ থেকে বাভোনা উপত্যকায় পৌঁছাতে তিনটি ট্রেন ও একটি বাস বদলাতে হয়। প্রতিটি সংযোগের সময় মেলানো জরুরি। অথচ উপত্যকা থেকে মাত্র ৩৫ কিলোমিটার দূরে ম্যাগিওরে হ্রদে পর্যটকদের ভিড়। কিন্তু বাভোনায় পৌঁছালে মনে হয়, ব্যস্ত পৃথিবী থেকে বিচ্ছিন্ন কোনো এক নির্জন ভূখণ্ডে চলে এসেছেন।
পর্যটন মৌসুমের বাইরে এখানে খাবারদাবারের ব্যবস্থাও আগে থেকে করে নিতে হয়। কারণ এ সময় উপত্যকার রেস্তোরাঁ ও খাবারের দোকান বন্ধ থাকে। অক্টোবরের মাঝামাঝি সময়ে এখানে গেলে দেখা যায়, মৌসুমের শেষ পর্যায়ের কয়েকজন পর্যটকই শুধু রয়েছেন।
প্রজন্মের পর প্রজন্ম ধরে বসবাস করা অনেক পরিবার এখন শুধু গ্রীষ্মকালেই উপত্যকায় আসে। আবহাওয়া খারাপ হতে শুরু করলে প্রয়োজনীয় জিনিসপত্র প্রাচীন ‘স্প্লুই’ আশ্রয়স্থলে রেখে অন্যত্র চলে যায় তারা। শত শত বছর ধরে তাঁদের পূর্বপুরুষেরাও একই রীতি মেনে চলেছেন।
বাভোনা উপত্যকার পাথরের আশ্রয়স্থলগুলোর বিশেষত্ব হলো, এগুলো প্রকৃতির তৈরি বিশাল পাথরকে ব্যবহার করেই গড়ে তোলা হয়েছে। কোনও কোনও পাথর দেখতে মাশরুমের মতো। তার নিচে ছাদের মতো ছড়িয়ে থাকা অংশের তলায় তৈরি হয়েছে ছোট্ট ঘর। শুকনো পাথরের দেয়াল ও কাঠের দরজা দিয়ে সেগুলোকে আরও ব্যবহারযোগ্য করা হয়েছে।
একটি আশ্রয়স্থলের ভেতরে ঢুকলে দেখা যায়, অন্ধকার গুহার মতো পরিবেশ। ছাদে মাকড়সার জাল, পাথরের স্তর বেয়ে চুঁইয়ে পড়ে পানি। মাটিতে শুকনো খড়ের চিহ্ন বলে দেয়, একসময় এখানে পশু রাখা হতো। পাথরের ফাটল দিয়ে বাতাস ঢোকে, বাইরে ঝড়বৃষ্টি শুরু হলে এই আশ্রয়ই হয়ে উঠত নিরাপদ জায়গা।
স্থানীয় গাইড তানিয়া হার্ভে চিয়াম্পির মতে, আল্পস অঞ্চলের বিভিন্ন জায়গায় ঐতিহ্যবাহী পাথরের শস্যাগার ও গোয়ালঘর দেখা গেলেও প্রাচীন ‘স্প্লুই’ আশ্রয়স্থলগুলোর দেখা মেলে শুধু বাভোনা উপত্যকায়। তাই প্রকৃতির অপার সৌন্দর্যের পাশাপাশি মানুষের টিকে থাকার ইতিহাস জানতে চাইলে সুইজারল্যান্ডের এই নির্জন উপত্যকা হতে পারে এক ব্যতিক্রমী ভ্রমণগন্তব্য।