রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে প্রকাশ্যে দিবালোকে ইসলামী ব্যাংক এজেন্ট শাখার দুই কর্মকর্তাকে বেধরক মারপিট করে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে ৩৪ লাখ টাকা ছিনতাই করে মোটরসাইকেল যোগে পালিয়ে যায়। মঙ্গলবার দুপুরে উপজেলার আবাদপুকুর-আদমদীঘি সড়কের পারইল ব্রীজ নামক স্থানে এঘটনা ঘটে। খবর পেয়ে রাণীনগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও ছিনতাইয়ের সাথে জড়িতদের সনাক্ত কিম্বা টাকা উদ্ধার করতে পারেনি পুলিশ।
উপজেলার আবাদপুকুর ইসলামী ব্যাংক এজেন্ট শাখার এজেন্ট ফিরোজ হোসেন জানান, মঙ্গলবার দুপুরে ব্যাংকের ক্যাশিয়ার নাজমুল হোসেন (৩২) এবং অফিস সহকারী রাসেল বাবু (২৮) প্রায় প্রতিদিনের মতো চাহিদা মোতাবেক বগুড়ার সান্তাহার ইসলামী ব্যাংক শাখা থেকে টাকা উত্তোলন করে আবাদপুকুর শাখায় মোটরসাইকেল যোগে আসছিলেন। পথিমধ্যে আবাদপুকুর-আদমদীঘি সড়কের পারইল ব্রীজের দক্ষিনে মোবাইল টাওয়ারের নিকট পৌঁছে। এসময় সামনে এবং পিছন দিক থেকে এক সাথে দুইটি মোটরসাইকেল যোগে আসা হেলমেট পরিহিত ৪জন ছিনতাইকারী টাকা বহনকারী কর্মকর্তাদের পথরোধ করে। এরপর তারা লোহার রড দিয়ে এ্যালোপাতারি ভাবে পিটিয়ে গুরুতর জখম করে রাস্তার পাশে ফেলে রেখে ৩৪ লাখ টাকা ছিনতাই করে মোটরসাইকেল যোগে চলে যায়। পরে স্থানীয় পথচারীরা দেখতে পেয়ে ওই দুই ব্যাংক কর্মকর্তাকে আহত অবস্থায় উদ্ধার করে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করায়।
পারইল ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম জানান, আমাদের এই সড়কে সন্ধ্যা নামলেই এলাকাবাসি আতংক নিয়ে চলাচল করে। মাঝে মধ্যে রাতে ছিনতাই হলেও এবার প্রকাশ্যে দিবালোকে ব্যাংক প্রতিষ্ঠানের ৩৪ লক্ষ টাকা ছিনতাই করে নিয়ে গেল। আমি খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহত দুই কর্মকর্তাদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে উপজেলা নির্বাহী অফিসার ও ওসি সাহেবকে বিষয়টি জানাই।
রাণীনগর থানার অফিসার ইনচার্জ জাকারিয়া মন্ডল বলেন, খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠাই। এই ঘটনার সাথে জড়িত এখনো কাউকে সনাক্ত করতে পারিনি। তবে আমরা আশেপাশের সিসি ক্যামেরাগুলো নিবিড় ভাবে পর্যবেক্ষষ করছি। আশাকরি জড়িতদের সনাক্ত করতে পারবো। ইতিমধ্যে আমার বেশ কয়েকটি টিম মাঠ পর্যায়ে কাজ করছে। এজেন্ট ব্যাংকের পক্ষ থেকে এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ করেনি।