• রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
Headline
এআই প্রশিক্ষণে ১৬০০ আসনে লড়ছেন ৫৭ হাজার তরুণ-তরুণী রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শন করলেন বিএনপির সিনিয়র নেতাদের একটি দল মিরপুরে নিষিদ্ধ আওয়ামী লীগ-যুবলীগের পাঁচ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৬০ অবসরে যাচ্ছেন মুশফিকুর রহিম সমুদ্রের তলদেশে ফ্রিজ, ডিপ ফ্রিজার এবং ওয়াশিং মেশিনের এক বিশাল ভাণ্ডার সুইজারল্যান্ডের উপত্যকায় বিশাল পাথরের নিচে লুকিয়ে আছে প্রাচীন আশ্রয়স্থল ছুটি কাটাতে ভারতের সবচেয়ে জনপ্রিয় অভ্যন্তরীণ বিমান গন্তব্য হয়ে উঠেছে বেঙ্গালুরু ‘মহাকাশ থেকে তাকালে মনে হয়, পৃথিবীর বুকে যেন বিশাল এক চোখ’ ছয় মাসে এলএনজিতে ভর্তুকি ৩৪ হাজার কোটি টাকা এলএনজি আমদানিতে বছরে ২৬ বিলিয়ন ডলার ব্যয়ের ঝুঁকিতে বাংলাদেশ

সমুদ্রের তলদেশে ফ্রিজ, ডিপ ফ্রিজার এবং ওয়াশিং মেশিনের এক বিশাল ভাণ্ডার

Reporter Name / ৫৯ Time View
Update : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

রকমারি ডেস্ক: মেক্সিকো উপসাগরে একটি রহস্যময় জাহাজের ধ্বংসাবশেষের সন্ধান করতে গিয়ে সমুদ্রের তলদেশে ফ্রিজ, ডিপ ফ্রিজার এবং ওয়াশিং মেশিনের এক বিশাল ভাণ্ডার খুঁজে পেয়ে রীতিমতো বিস্মিত হয়েছিলেন মার্কিন বিজ্ঞানীরা। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১ দশমিক ৫ কিলোমিটার (৫ হাজার ফুট) গভীরে ছড়িয়ে-ছিটিয়ে থাকা এসব গৃহস্থালি সামগ্রী মূলত সমুদ্রে হারিয়ে যাওয়া একটি পণ্যবাহী কনটেইনারের অংশ ছিল।
২০১৭ সালে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোস্ফেরিক অ্যাডমিনিস্ট্রেশনের (নোয়া) ‘ওকিয়ানোস এক্সপ্লোরার’ জাহাজের এক অভিযানে এই অদ্ভুত দৃশ্য আবিষ্কৃত হয়, যা সম্প্রতি আন্তর্জাতিক বিজ্ঞানবিষয়ক সংবাদমাধ্যম ‘সায়েন্সঅ্যালার্ট’-এর প্রতিবেদনের মাধ্যমে নতুন করে আলোচনায় এসেছে।
সামুদ্রিক জীববিজ্ঞানী ডিভা আমন এবং চার্লস মেসিংয়ের নেতৃত্বাধীন গবেষক দলটি এই স্থানের নাম দিয়েছে ‘ডিপ ক্লিন’। অভিযানের সময় তাদের সোনার যন্ত্রে সমুদ্রের তলদেশে ছোট ছোট বস্তুবেষ্টিত একটি বড় কাঠামোর সংকেত ধরা পড়ে। প্রাথমিকভাবে বিজ্ঞানীরা ধারণা করেছিলেন, এটি কোনও ডুবে যাওয়া জাহাজের ধ্বংসাবশেষ।
তবে ডিভা আমন ও তার দল দূরনিয়ন্ত্রিত রোবট যান (আরওভি) নামানোর পর ভিন্ন চিত্র দেখতে পান। সেখানে কোনও জাহাজের বদলে সাদা রঙের অসংখ্য গৃহস্থালি যন্ত্রপাতি (যার কিছু ফেটে খোলা অবস্থায় ছিল) এবং একপাশ ক্ষতিগ্রস্ত একটি লাল রঙের শিপিং কনটেইনার পড়ে থাকতে দেখা যায়, যেখান থেকে আরও যন্ত্রপাতি বেরিয়ে আসছিল।
অভিযানের আনুষ্ঠানিক নথিপত্র অনুযায়ী, কনটেইনারটির শনাক্তকরণ নম্বর ছিল ‘আইটিএলইউ৭৩৩০১৬০’। এতে জিই এবং আরসিএ-এর মতো ব্র্যান্ডের যন্ত্রপাতি ছিল। সেগুলোর গায়ে কোনও প্যাকেজিং না থাকায় ধারণা করা হচ্ছে, যন্ত্রগুলো রিসাইক্লিং বা পুনর্ব্যবহারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। একটি যন্ত্রের গায়ে লাগানো স্টিকার থেকে জানা যায়, সেটি যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যের লুইসভিলে অবস্থিত জেনারেল ইলেকট্রিকের অ্যাপ্লায়েন্স পার্কে তৈরি হয়েছিল।
আরওভি দিয়ে সমুদ্রের তলদেশের এই আবর্জনার স্তূপ পর্যবেক্ষণের সময় দলের এক সদস্য বিস্ময় প্রকাশ করে বলেন, আমরা গভীর সমুদ্রের ১ দশমিক ৫ কিলোমিটার নিচে আছি। আর এখানে আমরা কেবল ফ্রিজার, ফ্রিজ এবং ওয়াশিং মেশিনের একটি মাঠের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছি। আমরা গভীর সমুদ্রকে মানুষ্যসৃষ্ট প্রভাবমুক্ত একটি অক্ষত জায়গা হিসেবে ভাবি, কিন্তু এই দৃশ্য মনে করিয়ে দেয় যে তা মোটেও সত্য নয়। এই ভিন্নধর্মী বাস্তুতন্ত্রেও আমরা আমাদের প্রভাব ফেলছি।
নোয়া-র গবেষক দলের ধারণা, ঝোড়ো আবহাওয়ার কবলে পড়ে কোনও জাহাজ থেকে কনটেইনারটি সমুদ্রে পড়ে গিয়েছিল। ওয়ার্ল্ড শিপিং কাউন্সিলের তথ্যমতে, বিশ্বজুড়ে প্রতি বছর পরিবাহিত প্রায় ২৮ কোটি কনটেইনারের মধ্যে কয়েকশ থেকে এক হাজারেরও বেশি কনটেইনার সমুদ্রে হারিয়ে যায়।
কাউন্সিলের ২০২৫ সালের পরিসংখ্যানবিষয়ক সাম্প্রতিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বৈরী আবহাওয়া এ ধরনের ক্ষতির ঝুঁকি বাড়িয়ে দেয়। এমনকি ঝড় না থাকলেও স্বাভাবিকের চেয়ে উষ্ণ সমুদ্রের তাপমাত্রা ঢেউয়ের শক্তি বাড়িয়ে কনটেইনার পড়ে যাওয়ার ঝুঁকি তৈরি করে।
বিজ্ঞানীরা সতর্ক করে বলেছেন, গভীর সমুদ্রের খাতেও মানুষের কর্মকাণ্ডের ছাপ স্পষ্ট হয়ে উঠছে। সমুদ্রের তলদেশে পড়ে থাকা এসব কনটেইনার ও যন্ত্রপাতি সম্পূর্ণরূপে ক্ষয় হতে কয়েকশ বছর বা তারও বেশি সময় লেগে যেতে পারে।

সূত্র: এনডিটিভি


আপনার মতামত লিখুন :
More News Of This Category